খুলনায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। যথাযথ তদারকি ও পর্যাপ্ত বাজেট না থাকায় বিপজ্জনক মেডিকেল বর্জ্য নিরাপদে অপসারণ ও ধ্বংসের পরিবর্তে খোলাবাজারের ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব ওয়ার্ডের প্রায় ৪৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য অপসারণ করা হয়। তবে এ কাজের জন্য কেসিসির নির্দিষ্ট কোনো তহবিল বা বাজেট বরাদ্দ নেই।
৪৭ প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনায় মাসে মাত্র ৩০০ টাকা
কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সার্ভিস চার্জ অনুযায়ী, প্রতিটি ক্লিনিক থেকে মাসে মাত্র ৩০০ টাকা করে আদায় করা হয়। সংশ্লিষ্টদের মতে, এই সামান্য অর্থে ৪৭টি প্রতিষ্ঠানের মেডিকেল বর্জ্য সংগ্রহ, পরিবহন এবং নিরাপদ উপায়ে ধ্বংস করার ব্যয় মেটানো কঠিন।
পর্যাপ্ত বরাদ্দ না থাকা সত্ত্বেও কীভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কেসিসির যথাযথ নজরদারির অভাবে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একটি চক্র প্রক্রিয়াটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এ কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়োগ ও তদারকির বিষয়টিও স্পষ্ট নয়।
ভাঙারির দোকানে বর্জ্য বিক্রির অভিযোগ
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত গাড়িচালক ফারুকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্লিনিকগুলো থেকে সংগ্রহ করা মেডিকেল বর্জ্য নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করার পরিবর্তে আলাদা করে ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া হচ্ছে।
চিকিৎসা বর্জ্যের মধ্যে থাকা ঝুঁকিপূর্ণ সামগ্রী এভাবে খোলাবাজারে বিক্রি হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপদ তৈরি করতে পারে। কার নির্দেশে এবং কার সহযোগিতায় এসব বর্জ্য বিক্রি হচ্ছে, তা তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার নয়, দায় এড়ানোর বক্তব্য সংস্থার
অভিযোগের বিষয়ে ‘সদিচ্ছা মানব কল্যাণ সংস্থা’র খুলনা প্রধান জীবন রত্ন কর বলেন, সংস্থার পক্ষ থেকে তিনি নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণের কাজ করছেন। তবে গাড়িচালক ফারুক বর্জ্য বা মালামাল বিক্রি করেন কি না, তা তাঁর জানা নেই। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু মালামাল রেখে দেয়। বাকি অংশ থেকে চালক হয়তো কিছু বিক্রি করে থাকতে পারেন। তবে বিষয়টি তাঁর জানা নেই।
তদন্তে সত্যতা পেলে আইনি ব্যবস্থা: কেসিসি
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান বলেন, সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী ‘সদিচ্ছা’ ও ‘প্রদীপন’ মেডিকেল বর্জ্য সংগ্রহের কাজ করছে। তাঁদের রাজবাঁধে বর্জ্য ফেলার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, উৎসে বর্জ্য আলাদা করা বা সোর্স সেপারেশন করা হলে এ ধরনের ঘটনা ঘটত না। কেসিসি একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করেছে। সেটি চালু হলে বর্জ্য শোধন করে ল্যান্ডফিলে পাঠানো সম্ভব হবে। বর্জ্য বিক্রির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বরে নতুন ব্যবস্থাপনা চালুর আশ্বাস
সার্বিক বিষয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীর সবচেয়ে বড় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি শলুয়ায় অবস্থিত। এটি আগামী ডিসেম্বরে চালু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মাথাভাঙায় আরেকটি প্রকল্প ইতোমধ্যে চালু করা হয়েছে।
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এ ব্যবস্থার মেশিনের ট্রায়াল সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা আগামী ডিসেম্বরেই পূর্ণাঙ্গভাবে চালু হবে। মেডিকেল বর্জ্য নিয়ে কাউকে কোনো ধরনের অনৈতিক ব্যবসা করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
কালের আলো/এসকে/এমএসআইপি
