মুরগির বাচ্চা, খাবার, ওষুধ ও আনুষঙ্গিক উপকরণের দাম বৃদ্ধিতে আগে থেকেই লোকসানে ছিলেন কিশোরগঞ্জের পোলট্রি খামারিরা। বাজারে ডিমের ন্যায্যমূল্য না পাওয়ায় এরই মধ্যে জেলার অনেক খামার বন্ধ হয়ে গেছে। এর মধ্যে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবে নতুন করে বেড়েছে মুরগির খাবারের দাম। গত তিন মাসে ৫০ কেজির প্রতি বস্তা খাবারের দাম বেড়েছে অন্তত ২২৫ টাকা। এতে আরও গভীর সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা।
সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কয়েকটি খামার ঘুরে খামারিদের এমন দুর্দশার চিত্র দেখা গেছে। তাঁদের ভাষ্য, উৎপাদন খরচের তুলনায় ডিম বিক্রি করে আয় কম হওয়ায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে।
৫০ কেজির বস্তায় বেড়েছে ২২৫ টাকা
খামারিদের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জে কোয়ালিটি, প্যারাগন, প্রোভিটাসহ বিভিন্ন কোম্পানির পোলট্রি খাবার ব্যবহার করেন তাঁরা। বর্তমানে কোম্পানিভেদে ৫০ কেজির এক বস্তা খাবার কিনতে হচ্ছে ২ হাজার ৯৮৭ থেকে ৩ হাজার ২১ টাকায়। তিন মাসে প্রতি বস্তায় অন্তত ২২৫ টাকা দাম বেড়েছে।
সদর উপজেলার পশ্চিম মাথিয়া গ্রামের প্রবীণ খামারি সামছু মিয়া জানান, তাঁর খামারে ১০ হাজার লেয়ার মুরগি রয়েছে। এর মধ্যে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মুরগি ডিম দেয়। বাকিগুলোও কিছুদিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে। খাবারের দাম বাড়ায় খামার পরিচালনা করতে গিয়ে তাঁকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।
দানাপাটুলি এলাকার খামারি মোশারফ হোসেনের খামারে ১ হাজার ৬৩০টি মুরগির মধ্যে প্রতিদিন ডিম দেয় ১ হাজার ৩৫০টি। মহিষবেড় গ্রামের সোহেল মিয়ার খামারে এক হাজার মুরগির মধ্যে দৈনিক ডিম পাওয়া যায় ৮১০টি। তাঁদেরও অভিযোগ, উৎপাদন খরচের সঙ্গে তাল মিলিয়ে ডিমের দাম বাড়ছে না।
ডিম বিক্রি করেও উঠছে না উৎপাদন খরচ
খামারিরা জানান, গত রোববার স্থানীয় ব্যাপারীদের কাছে ১০০ ডিম বিক্রি করেছেন ৯৫০ টাকায়। সোমবার সেই দাম বেড়ে হয়েছে ৯৭০ টাকা। তবে এই দামেও উৎপাদন খরচ উঠছে না।
তাঁদের হিসাব অনুযায়ী, ৪০০ মুরগির জন্য প্রতিদিন এক বস্তা খাবার প্রয়োজন হয়, যার দাম প্রায় তিন হাজার টাকা। ওই ৪০০ মুরগির প্রতিটিই যদি প্রতিদিন একটি করে ডিম দেয়, তাহলে ১০০ ডিম ৯৭০ টাকা দরে বিক্রি করে মোট আয় হয় ৩ হাজার ৮৮০ টাকা। কিন্তু বাস্তবে প্রতিদিন সব মুরগি ডিম দেয় না। ফলে খাবারের খরচ বাদ দেওয়ার পর ওষুধ, বিদ্যুৎ বিল, শ্রমিকের মজুরি ও খামার রক্ষণাবেক্ষণের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে।
খামারিরা কম দামে বিক্রি করলেও বাজারে ডিমের দাম বেশি
খামার পর্যায়ে ডিমের দাম কম থাকলেও খুচরা বাজারে চড়া দামেই ডিম কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বিভিন্ন খুচরা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সে হিসাবে ১০০ ডিমের দাম দাঁড়ায় ১ হাজার ১২৫ টাকা।
অর্থাৎ খামার থেকে ১০০ ডিম ৯৭০ টাকায় বিক্রি হওয়ার পর খুচরা বাজারে পৌঁছাতে দাম বেড়ে হচ্ছে ১ হাজার ১২৫ টাকা। দুই পর্যায়ের দামের ব্যবধান ১৫৫ টাকা। এতে উৎপাদক ও ভোক্তা—উভয় পক্ষই ভিন্নভাবে চাপের মুখে পড়ছেন।
জেলায় বন্ধ হয়েছে প্রায় ৫০০ খামার
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল মান্নান জানান, কিশোরগঞ্জে নিবন্ধিত মুরগির খামার রয়েছে প্রায় তিন হাজার। এর বাইরে অনিবন্ধিত কিছু খামারও আছে। খাদ্য ও অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে বলে স্বীকার করেন তিনি। খামারিদের টিকিয়ে রাখতে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
জেলা পোলট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুর রহমান বলেন, মুরগির বাচ্চা, খাবার ও ওষুধসহ সবকিছুর দাম বেড়েছে, কিন্তু ডিমের দাম সেই তুলনায় বাড়েনি। লোকসান গুনতে গুনতে জেলার প্রায় ৫০০ খামার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, পোলট্রি খাতের সঙ্গে অনেক যুবকের কর্মসংস্থান জড়িত। এ খাতের খামারিদের টিকিয়ে রাখতে কাঁচামালের দাম কমানোর বিষয়ে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
