Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

কক্সবাজার সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:৫১ এএম

গণহত্যার স্বীকৃতিতে স্বস্তি, তবু ঘরে ফেরার অপেক্ষা

কক্সবাজার সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:৫১ এএম

গণহত্যার স্বীকৃতিতে স্বস্তি, তবু ঘরে ফেরার অপেক্ষা

কক্সবাজারের শরণার্থীশিবিরে বসে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় শুনেছেন রোহিঙ্গারা। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আদালতের সিদ্ধান্ত আসার পর ক্যাম্পজুড়ে ছড়িয়ে পড়ে স্বস্তি, আবেগ ও দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশা। অনেকের চোখে পানি। তাঁদের কাছে এই রায় শুধু একটি আদালতের সিদ্ধান্ত নয়, বরং বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো নির্যাতন ও স্বজন হারানোর বেদনার আন্তর্জাতিক স্বীকৃতি।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্মৃতিতে এখনো গুলির শব্দ, জ্বলন্ত ঘরবাড়ি, স্বজনের লাশ আর পালিয়ে বাঁচার বিভীষিকাময় রাত। কেউ হারিয়েছেন মা-বাবা, কেউ সন্তান, কেউ স্বামী কিংবা ভাই। সেই ক্ষত নিয়েই কক্সবাজারের শরণার্থীশিবিরে দিন কাটছে অন্তত ১৫ লাখ রোহিঙ্গার।

২০১৭ সালের সেই ভয়াবহ রাত ভুলতে পারেননি তাঁরা
টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা মাস্টার আব্দুল জব্বারের কাছে ২০১৭ সালের সেই রাত আজও শেষ হয়নি। গভীর রাতে গুলির শব্দে ঘুম ভেঙে যাওয়া, চারদিকে মানুষের চিৎকার আর আগুনের লেলিহান শিখা—সবই তাঁর স্মৃতিতে স্পষ্ট।

তাঁর ভাষ্য, মিয়ানমারের সেনাসদস্যরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পালানোর চেষ্টা করেও অনেকে বাঁচতে পারেননি। কারও চোখের সামনে স্বজনকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে ধরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। নারীদের ওপর চালানো হয়েছে যৌন সহিংসতা।

কেউ সন্তানকে বুকে জড়িয়ে পালিয়েছেন, কেউ বৃদ্ধ মা-বাবাকে ফেলে যেতে বাধ্য হয়েছেন। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে গেছে হাজারো পরিবার।

রোহিঙ্গা ছৈয়দ আলমও সেই ভয়াবহতার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। তাঁর ভাষ্য, প্রাণে বেঁচে যাঁরা ছিলেন, তাঁদের সামনে দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। পাহাড়, জঙ্গল ও নদী পেরিয়ে দিনের পর দিন হেঁটে বাংলাদেশে আসতে হয়েছে। পথে কেউ স্বজন হারিয়েছেন, কেউ ক্ষুধা-তৃষ্ণায় অসুস্থ হয়েছেন, আবার কেউ নিরাপদ আশ্রয়ে পৌঁছাতেও পারেননি।

নির্যাতনের স্মৃতি মনে করে কাঁদলেন আমিন খাতুন
লেদা ক্যাম্পের রোহিঙ্গা নারী আমিন খাতুনের চোখে এখনো ২০১৭ সালের সেই দিনগুলোর স্মৃতি দগদগে। মিয়ানমারের মংডুতে থাকার সময় স্বজনদের ওপর নির্যাতনের ঘটনা নিজের চোখে দেখেছেন বলে জানান তিনি। তাঁর অভিযোগ, সেনাসদস্যরা তরুণীদের ধরে নিয়ে হাত-পা বেঁধে যৌন নির্যাতন চালিয়েছে। পরে তাঁদের পুড়িয়ে হত্যাও করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে আমিন খাতুন বলেন, তাঁর সামনে আত্মীয়স্বজনের অনেক তরুণীকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এসব মনে পড়লে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রায় এক বছর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও জানান তিনি। তাঁর মতো হাজারো নারী একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন আমিন খাতুন। এসব নির্যাতন ও হত্যার সুষ্ঠু বিচার চান তিনি।

রায়কে দেখছেন দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি হিসেবে
ক্যাম্পের আরেক বাসিন্দা ছৈয়দুল আমিন বলেন, আইসিজের রায়ে তাঁদের জীবনে এখনই বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। তবে দীর্ঘদিনের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াটাও তাঁদের জন্য বড় বিষয়।

রোহিঙ্গা তরুণ আব্দুল হাফিজের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্তের পর অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। রোহিঙ্গা তরুণী সাদিয়া জাহানও চান, বিশ্বের প্রভাবশালী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের বিচার নিশ্চিত করুক।

রোহিঙ্গা নেতারাও আইসিজের রায়কে নিপীড়নের আন্তর্জাতিক স্বীকৃতি এবং জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাকালীন সভাপতি সাঈদ উল্লাহ বলেন, ন্যায়বিচারের আশায় তাঁরা প্রায় এক দশক ধরে অপেক্ষা করছেন। আদালতের সিদ্ধান্ত ইতিবাচক ফল বয়ে আনবে বলে তাঁরা আশাবাদী।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়েরের প্রত্যাশা, আদালতের রায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পথ আরও শক্ত করবে। একই সঙ্গে মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপর নৈতিক চাপ বাড়াবে।

রায়ে উঠে এসেছে হত্যাযজ্ঞ ও আলামত ধ্বংসের বিষয়
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় আইসিজের রায় পড়া শুরু করেন বিচারক ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের আদালতে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। গাম্বিয়ার করা মামলায় সাত বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দায়ী করে।

রায়ে বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। তাঁদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে মিয়ানমারের নিরাপত্তাবাহিনী পরিকল্পিতভাবে সহিংস কর্মকাণ্ড চালায়। আদালতে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে জানান বিচারক ইওয়াসাওয়া।

আদালতের পর্যবেক্ষণে ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার বিষয়টি উঠে এসেছে। নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নৃশংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপর হামলা চালানো হয়েছিল।

গণহত্যার আলামত ধ্বংসের বিষয়টিও গুরুত্ব পেয়েছে রায়ে। বিচারক জানান, অনেক মরদেহ পুড়িয়ে ফেলা বা সরিয়ে দেওয়া হয়েছে। ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো বিভিন্ন এলাকা পরে পুড়িয়ে দেওয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে ২০১৭ সালে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীর কিছু বার্তা অরোহিঙ্গা জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় উৎসাহিত করার চেষ্টা করেছিল বলেও আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে।

মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে রায়ে জানানো হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ধারণ করেনি আদালত। ক্ষতির মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী আইনি প্রক্রিয়ায় এর পরিমাণ ও প্রদানের পদ্ধতি ঠিক করা হবে।

রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে। গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি, গণহত্যার চেষ্টা এবং গণহত্যায় সহযোগিতার মতো অপরাধের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ার বিষয়টিও রায়ে উঠে এসেছে। সামরিক কমান্ডারদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বিচারক।

প্রত্যাবাসন নিয়ে এখনো অনিশ্চয়তা
আইসিজের রায় রোহিঙ্গাদের কাছে বড় স্বীকৃতি হলেও তাঁদের সবচেয়ে বড় প্রত্যাশা জন্মভূমিতে ফিরে যাওয়া। তবে সেই প্রত্যাবাসনের সঙ্গে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার পাওয়ার নিশ্চয়তাও চান তাঁরা।

নিরাপত্তাবিশ্লেষক মেজর (অব.) ইমদাদুল ইসলাম বলেন, গাম্বিয়ার মামলার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সরাসরি সম্পর্ক নেই। মামলায় মূলত গণহত্যা সংঘটিত হয়েছে কি না এবং গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা বিবেচনা করা হয়েছে।

তাঁর মতে, আইসিজের নিজস্বভাবে রায় বাস্তবায়নের শক্তি নেই। এ জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহযোগিতা প্রয়োজন হবে। সেখানে চীন ও রাশিয়ার ভেটোর কারণে রায় বাস্তবায়নে বাধা আসতে পারে। তবে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরিতে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান মনে করেন, রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা তাঁদের দীর্ঘদিনের দাবির বড় অর্জন হবে। এতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপর নৈতিক চাপ তৈরি হবে।

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি রায়ে প্রতিফলিত হলে তাঁদের ‘বহিরাগত’ হিসেবে আখ্যায়িত করার মিয়ানমারের দাবির বিরুদ্ধেও তা গুরুত্বপূর্ণ দলিল হতে পারে বলে মনে করেন তিনি।

 আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশায় নতুন আশার সঞ্চার করেছে। কিন্তু শরণার্থীশিবিরে থাকা মানুষগুলোর সামনে এখনো সেই প্রশ্ন—‘আমরা কবে বাড়ি ফিরব?’

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!