অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি দেশ ছাড়েন।
২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাত দিনের এ সফরে দুই দেশে অবস্থান করবেন তিনি। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি দুই দেশে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বিরোধীদলীয় নেতা।
অস্ট্রেলিয়ায় সরকারি পর্যায়ে বৈঠক
সফরের প্রথম অংশে অস্ট্রেলিয়ায় অবস্থানকালে দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
পরে মালয়েশিয়ায় গিয়েও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন যারা
এ সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান এবং তাঁর এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
বিমানবন্দরে বিদায় জানান জামায়াত নেতারা
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে।
কালের আলো/এএএন/এমএসআইপি










-20261119145050.jpg)








