ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকেরা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। সকাল থেকে নগরের ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। পরে তাঁরা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করেন। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পরে শ্রমিকেরা আবার হারিকেন এলাকায় অবস্থান নেন।
১০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৯টি
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আগের দিনও বিভিন্ন এলাকায় বিক্ষোভ
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। বুধবার কোনাবাড়ী এলাকায়ও দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
কালের আলো/এএইচ/এমএসআইপি
