Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:১৯ এএম

নাজিরহাট পৌর ভূমি কার্যালয়

জমি খারিজে ১০ হাজার টাকা দাবি, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:১৯ এএম

জমি খারিজে ১০ হাজার টাকা দাবি, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

জমি খারিজ, নামজারি ও রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমিসেবা নিতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক পৌর ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে। সেবাপ্রার্থীদের অভিযোগ, নির্ধারিত নিয়মে কাজ না করে অর্থের বিনিময়ে ফাইল নিষ্পত্তি করেন তিনি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

দিলীপ ঘোষ নামের এক সেবাপ্রার্থী অভিযোগ করে বলেন, জমি খারিজের জন্য ওই কর্মকর্তা তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে খারিজ হবে না বলেও জানিয়ে দেন। এ সময় খারিজের প্রয়োজনীয় কাগজপত্র নিজের জিম্মায় নিয়ে নেন ওই কর্মকর্তা।

চুরখাঁহাট বাজারের ব্যবসায়ী শফিউল আলমের অভিযোগ, ভূমি কর্মকর্তা নিজের ইচ্ছামতো কার্যালয়ে আসেন। প্রতিটি কাজে ঘুষ ছাড়া ফাইলে সই করেন না। একটি কাজের জন্য তাঁকে কিছু টাকা দিলেও আরও বেশি অর্থ দাবি করায় শেষ পর্যন্ত কাজটি হয়নি।

দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

সেবাপ্রার্থীদের দাবি, একশ্রেণির অসাধু কর্মচারী ও দালাল মিলে কার্যালয়ে একটি অঘোষিত সিন্ডিকেট গড়ে তুলেছে। সেখানে নিয়মকানুনের চেয়ে অর্থ লেনদেনই বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে জমির বৈধ মালিকরাও নিজেদের জমির রেকর্ড, নামজারি ও খাজনা-সংক্রান্ত কাজ করতে গিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়ছেন।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, আরএস, বিএস খতিয়ান, দলিল, নামজারি ও কর রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকার পরও সেগুলোকে অসম্পূর্ণ বা ভুল বলে হয়রানি করা হয়। অন্যদিকে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ তাঁদের।

কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ভূমি প্রশাসন দেশের অন্যতম স্পর্শকাতর খাত। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ভূমি নিয়ে সামাজিক বিরোধ ও মামলার সংখ্যাও বাড়বে।

তাঁদের মতে, ভূমি-সংক্রান্ত মামলা এমনিতেই দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে থাকে। এক প্রজন্ম মামলা চালিয়ে গেলেও অনেক সময় পরবর্তী প্রজন্মকে রায়ের অপেক্ষায় থাকতে হয়। ভূমি জরিপে ভুল ও অনিয়ম হলে এ জটিলতা আরও বাড়তে পারে। তাই অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

ডিজিটাল ভূমিসেবার পাশাপাশি মাঠপর্যায়ে দুর্নীতি দমন, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত কর্মকর্তার

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. ইয়াহিয়া চৌধুরীর কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তা দেখার পর কোনো জবাব দেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!