রাজপথে নাশকতা, গণপরিবহনে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ—এসব ঘটনার পেছনে কারা অর্থের জোগান দিচ্ছেন? কারা পরিকল্পনা করছেন, আর কারাই বা মাঠপর্যায়ে সহিংসতা বাস্তবায়নে ব্যবহার করছেন সংঘবদ্ধ অপরাধীদের? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আর্থিক গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সামনে এসেছে ১২৭ জন রাজনীতিকের একটি তালিকা তৈরির তথ্য। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে তাদের কেউ কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করছেন। এমনকি এসব কর্মকাণ্ডে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদেরও ব্যবহার করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নাশকতার অর্থের উৎস অনুসন্ধান করতে গিয়ে শুধু রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক হিসাব নয়, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, সম্পদের মালিকানা এবং বিদেশের সঙ্গে আর্থিক যোগাযোগও খতিয়ে দেখা হচ্ছে।
- শতাধিক ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ
- ১২৫ প্রতিষ্ঠানের লেনদেন অনুসন্ধানে এনবিআর
- নাশকতায় আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহারের অভিযোগ
হুন্ডি, বেনামি ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবা এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ স্থানান্তরের অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে এনবিআরের আর্থিক অনুসন্ধানেও শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের লেনদেন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের কেন্দ্রে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—১২৭ জনের তালিকায় কারা রয়েছেন, নাশকতার অর্থ আসছে কোথা থেকে, কারা সেই অর্থ গ্রহণ করছেন এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধী নেটওয়ার্ক পরিচালনায় কারা ভূমিকা রাখছেন?
তালিকার ১২৭ জনের বিরুদ্ধে কী অভিযোগ?
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, তালিকাভুক্তদের মধ্যে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতায় অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী এবং সহযোগীদের শনাক্ত করতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, তালিকাভুক্তদের অধিকাংশই দেশে অবস্থান করছেন। তবে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করে এবং বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে নজরদারি এড়িয়ে চলছেন। সীমান্ত দিয়ে দেশত্যাগের বিষয়ে নিশ্চিত তথ্য না থাকলেও দেশের ভেতরে থেকেই বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে তৎপরতা চালানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এক গণমাধ্যমকে জানিয়েছেন, নাশকতাকারীদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একাধিক রাজনৈতিক নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিদেশে অবস্থান করেও কেউ কেউ দেশে কলকাঠি নাড়ছেন বলে তথ্য রয়েছে।
১২৫ প্রতিষ্ঠানের লেনদেনে কী খুঁজছে এনবিআর?
নাশকতার অর্থায়নের অভিযোগের পাশাপাশি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আর্থিক অনুসন্ধান নতুন মাত্রা পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে কাজ করছে। অনুসন্ধানের অংশ হিসেবে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের আওতায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এসেছে।
এখন তদন্তকারীদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসব প্রতিষ্ঠানের প্রকৃত মালিক কারা, তাদের অর্থের উৎস কী এবং সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের সম্পর্ক কতটা গভীর। কোনো প্রতিষ্ঠানের নিয়মিত ব্যবসায়িক লেনদেনের আড়ালে সন্দেহজনক অর্থ স্থানান্তর হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
হুন্ডি ও বেনামি হিসাবে অর্থের লেনদেন
অর্থের উৎস অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) বিভিন্ন হিসাব ব্যবহার করে অর্থ লেনদেন হয়েছে।
সন্দেহজনক ব্যাংক হিসাবে অস্বাভাবিক নগদ অর্থ উত্তোলন, একাধিক হিসাবে অর্থ স্থানান্তর এবং লেনদেনের ধরন বিশ্লেষণ করা হচ্ছে। অন্যের পরিচয় ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।
আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে বিদেশ থেকে অর্থ আনার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এসব লেনদেনের প্রকৃত সুবিধাভোগী কারা, অর্থ কোথা থেকে এসেছে এবং শেষ পর্যন্ত কোথায় গেছে—তা শনাক্ত করাই এখন অনুসন্ধানের অন্যতম লক্ষ্য।
আয়ের সঙ্গে সম্পদের হিসাব মিলছে না
তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সন্দেহভাজনদের সম্পদের উৎস। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তালিকাভুক্তদের একটি অংশের ঘোষিত আয় ও অর্জিত সম্পদের মধ্যে বড় ধরনের অসংগতি রয়েছে। গত কয়েক বছরে দৃশ্যমান বৈধ ব্যবসা বা আয়ের উৎস ছাড়াই বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে।
রাজধানীসহ বিভিন্ন শহরে ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন, জমি, ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) এবং বিলাসবহুল গাড়ির মালিকানার তথ্য যাচাই করা হচ্ছে। সম্পদের প্রকৃত মালিকানা আড়াল করতে আত্মীয়স্বজন, গাড়িচালক, গৃহকর্মী ও বিশ্বস্ত অনুসারীদের নামে জমি ও কোম্পানির শেয়ার নিবন্ধনের অভিযোগও অনুসন্ধানে এসেছে।
তদন্তকারীরা এসব সম্পদের ক্রয়মূল্য, অর্থের উৎস, মালিকানা পরিবর্তন এবং আয়কর নথির সঙ্গে সামঞ্জস্য পরীক্ষা করছেন। ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসংগতি পাওয়া গেলে তার পেছনে অবৈধ অর্থের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
বিদেশে বসে অর্থ পাঠানোর অভিযোগ
দেশের বাইরে অবস্থানরত কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রবাসীর সঙ্গে সন্দেহভাজনদের আর্থিক যোগাযোগের বিষয়টি তদন্তে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশ থেকে অর্থ পাঠানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিদেশ থেকে পাঠানো অর্থের একটি অংশ হুন্ডি নেটওয়ার্ক ও স্থানীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেশে পৌঁছেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আর্থিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তসংশ্লিষ্টদের মতে, বিদেশি অর্থের উৎস ও দেশে তার চূড়ান্ত গন্তব্য শনাক্ত করা গেলে নাশকতার অর্থায়নে জড়িত ব্যক্তিদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
মোবাইল ফোনে যোগাযোগ, ডিজিটাল আলামত যাচাই
সন্দেহভাজনদের যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ে প্রযুক্তির সহায়তা নিচ্ছে সাইবার অপরাধ ও গোয়েন্দা ইউনিট। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো অ্যাপ ব্যবহার করে যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া কয়েকজনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় কথোপকথন ও আর্থিক লেনদেনসংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। বিভিন্ন নাশকতার সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজনদের ডিজিটাল উপস্থিতি এবং কল ডিটেইল রেকর্ডও বিশ্লেষণ করা হচ্ছে।
টুঙ্গিপাড়া থানায় আগুন, ‘জয় বাংলা’ স্লোগান
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় অংশ নেন। রাত সাড়ে ৭টার দিকে সংঘটিত এ ঘটনায় হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের মুখে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাটি রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
একই রাতে রাজধানীর চার এলাকায় বাসে আগুন
টুঙ্গিপাড়ার ঘটনার পাশাপাশি রাজধানীতেও একই রাতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সোয়া ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এরপর রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্ডারওয়ার্ল্ডের পুরোনো চক্র আবার সক্রিয়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সংঘর্ষের ঘটনায় পুরোনো অপরাধী চক্রের তৎপরতা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকার পরিবর্তনের পর কয়েকজন পরিচিত শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি বিদেশে অবস্থানরত কিছু অপরাধীর দেশে ফেরার বিষয়টিও আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ইমন, খন্দকার নাঈম ওরফে টিটন এবং খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসুসহ কয়েকজনের নাম এসেছে।
এ ছাড়া মোল্লা মাসুদ ও টোকাই সাগরের মতো অপরাধীদের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মোল্লা মাসুদ ও সুব্রত বাইন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা কারাগারে থাকলেও অনুসারীদের মাধ্যমে অপরাধী নেটওয়ার্ক সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।
নাশকতার পর নিরাপত্তা ও আর্থিক সহায়তার অভিযোগ
গ্রেপ্তার হওয়া কয়েকজনের জবানবন্দির বরাত দিয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, নাশকতায় অংশ নেওয়া ভাড়াটে লোকজন ও অপরাধীদের জন্য বিশেষ আর্থিক সুবিধার ব্যবস্থা ছিল। অভিযোগ অনুযায়ী, বড় ধরনের সহিংসতার পর অংশগ্রহণকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, থাকা-খাওয়ার খরচ বহন এবং কেউ গ্রেপ্তার হলে তার পরিবারের জন্য মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হতো। আইনি সহায়তার জন্য আইনজীবীদের সঙ্গে আগাম যোগাযোগ ও অর্থের ব্যবস্থার অভিযোগও রয়েছে।
বস্তির অপরাধীদের ব্যবহার, সিসিটিভি ফুটেজে নজর
রাজধানীর মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও আটক ব্যক্তিদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব ঘটনায় অর্থের বিনিময়ে বস্তি এলাকার কিছু অপরাধীকে ব্যবহার করা হয়েছে। গত ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতার ঘটনাগুলোর মধ্যে পরিকল্পিত যোগসূত্র রয়েছে।
অনলাইনে বাড়ছে প্রচার, তদন্তে নতুন মাত্রা
মাঠপর্যায়ের কর্মকাণ্ডের পাশাপাশি অনলাইনেও রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভের প্রচার বাড়ছে বলে গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে। সূত্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ঝটিকা মিছিল ও বিক্ষোভের ভিডিও প্রচারের সংখ্যা অক্টোবরে সাতটি থাকলেও নভেম্বরে বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া চলতি মাসের প্রথম দুই সপ্তাহে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের তথ্যও পাওয়া গেছে।
নজর অর্থদাতা ও পরিকল্পনাকারীদের দিকে
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে একাধিক বৈঠক হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, বড় পরিসরে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। গোপালগঞ্জসহ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বাড়তি নজরদারির নির্দেশনাও রয়েছে। তদন্তের লক্ষ্য এখন শুধু মাঠপর্যায়ের নাশকতাকারীদের শনাক্ত করা নয়; বরং অর্থদাতা, পরিকল্পনাকারী, আর্থিক মধ্যস্থতাকারী এবং অপরাধী নেটওয়ার্কের পেছনের ব্যক্তিদের চিহ্নিত করা।
কালের আলো/আরআই/এমএসআইপি
