চট্টগ্রামের ফটিকছড়িতে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর পাহাড়-টিলা কেটে সড়ক নির্মাণ ও প্রশস্ত করার অভিযোগ উঠেছে তারাখোঁ রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নিজেদের খরচে সড়কটি সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানা গেছে। এতে বনভূমি দখল, গাছ চুরি ও বন্যপ্রাণী শিকারের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা বাজারের পশ্চিম দিক দিয়ে সড়কটি প্রবেশ করেছে। শুরুতে কিছু অংশ পিচঢালাই থাকলেও পরের অংশ কাঁচা। দুই পাশে ছোট-বড় গাছ, কোথাও ঘরবাড়ি ও ধানক্ষেত। আবার কোথাও সড়কের পাশেই রয়েছে পাহাড়-টিলা।
বাজার থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে তারাখোঁ রাবার বাগান কার্যালয় পেরিয়ে সামনে এগোলে পাহাড়-টিলা কাটার চিহ্ন চোখে পড়ে। সরেজমিনে দেখা যায়, একটি টিলা কেটে ২০ থেকে ৩০ ফুট নিচের পাদদেশ পর্যন্ত সড়কের সমান করা হয়েছে।
৪০০-৫০০ ফুটজুড়ে কাটা হয়েছে পাহাড়
তারাখোঁ রাবার বাগান কার্যালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যরতলী এলাকায় আরও একটি পাহাড় কাটার চিত্র দেখা গেছে। সেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট দৈর্ঘ্যজুড়ে পাহাড় কেটে সড়ক প্রশস্ত করা হয়েছে। কোথাও ১০ ফুট, কোথাও ২০ ফুট পর্যন্ত প্রস্থে কাটা হয়েছে। উচ্চতার দিক থেকে কোনো কোনো স্থানে ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত পাহাড় কাটা হয়েছে।
দেড়শ বছরের পুরোনো তারাখোঁ রাবার বাগান ও সংরক্ষিত বনের ভেতর দিয়ে গেছে সড়কটি। বাগান কার্যালয় থেকে শুরু হওয়া সরু সড়কটি সম্প্রসারণের মাধ্যমে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কে রূপ নিচ্ছে। বাগান কর্তৃপক্ষ নিজেদের অর্থায়নে এ কাজ করছে। তবে এ জন্য বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ হাজার ৯৪০ একর আয়তনের রাবার বাগান
কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সংরক্ষিত বন এলাকায় অবস্থিত তারাখোঁ রাবার বাগানের কার্যক্রম শুরু হয় ১৯৮২-৮৩ সালে। সে সময় ১১৮ একর জমিতে বাগান গড়ে তোলা হয়। বর্তমানে বাগানটির আয়তন ২ হাজার ৯৪০ একর। এর মধ্যে ২ হাজার ৫০৯ একর উত্তোলিত বাগান এবং অফিস, বাসাবাড়ি ও অন্যান্য স্থাপনার জন্য রয়েছে ৪৩১ একর।
এটি দেশের অন্যতম বড় রাবার বাগান। বাগানটির উৎপাদনক্ষমতা সংশ্লিষ্ট জোনের মোট উৎপাদনক্ষমতার এক-চতুর্থাংশ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, সড়কটি অনেক পুরোনো। দীর্ঘদিন ধরে মানুষের চলাচল ছিল না। এখন বাগান কর্তৃপক্ষ ১০ থেকে ১২ ফুট উঁচু টিলা কেটে সড়কটি নিজেদের ব্যবহারের উপযোগী করেছে। বাগান চালুর পর থেকে সড়কটির ব্যবহার সীমিত ছিল।
অনুমতির প্রয়োজন দেখছেন না বাগান ব্যবস্থাপক
তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন, নিজেদের প্রয়োজনে সড়কটি সংস্কার করা হচ্ছে। আগে যেভাবে সড়কটি ছিল, তার কিছু অংশ সংস্কার করে সেভাবেই করা হচ্ছে। এ ক্ষেত্রে বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিষয়টি আসে না বলে মন্তব্য করেন তিনি।
তবে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, তাঁর জানা মতে, এ কাজের জন্য কেউ অনুমতি নেয়নি। আইন অনুযায়ী, বনের ভেতর সড়ক নির্মাণের সুযোগ নেই। সবার এ আইন মেনে চলা উচিত। তিনি আরও বলেন, বনের ভেতর সড়ক নির্মাণ হলে জবরদখলসহ নানা সমস্যা তৈরি হতে পারে। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দেখা হবে।
বনভূমি দখল ও বন্যপ্রাণী শিকারের শঙ্কা
বন বিভাগের মতে, সড়কটির প্রায় ১০ থেকে ১১ কিলোমিটার অংশ গেজেটভুক্ত সংরক্ষিত বনের মধ্যে পড়েছে। সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সড়ক সংস্কার বা প্রশস্ত করার আগে বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি।
বন বিভাগের আশঙ্কা, সড়কটি প্রশস্ত হলে বনের ভেতরে যানবাহন ও মানুষের প্রবেশ সহজ হবে। এতে গাছ চুরি, বন্যপ্রাণী শিকার এবং নতুন করে বনভূমি দখলের সুযোগ বাড়তে পারে। ফলে বনভূমি কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, বনভূমিতে সড়ক হলে জবরদখল বাড়বে। এতে বনভূমি কমার পাশাপাশি পরিবেশের ওপর প্রভাব পড়বে। বন আইনের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেবে বন বিভাগ।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ইউএনওর
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, আইন না মেনে পাহাড়-টিলা কেটে সড়ক নির্মাণের বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
