দেড় কোটি মানুষের প্রতিদিনের যাতায়াতের শহর ঢাকা। অথচ এত বিপুলসংখ্যক মানুষের জন্য পুরো নগরীতে স্থায়ী গণশৌচাগার রয়েছে মাত্র ১৯৮টি। হিসাবে গড়ে ৭৫ হাজারের বেশি মানুষের জন্য একটি শৌচাগার। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যেখানে রাজধানীতে অন্তত ১ হাজার ৫০০টি গণশৌচাগার প্রয়োজন, সেখানে রয়েছে প্রয়োজনের তুলনায় মাত্র ১৩ শতাংশের মতো। ফলে জরুরি প্রয়োজনে শৌচাগার না পেয়ে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের অনেকেই বাধ্য হয়ে রাস্তার পাশে, ফুটপাত, দেয়ালের আড়াল কিংবা গাছের নিচে প্রস্রাব করছেন। এতে বাড়ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে নগরীর পরিবেশ, তৈরি হচ্ছে জনস্বাস্থ্যঝুঁকি।
- স্থায়ী গণশৌচাগার মাত্র ১৯৮টি
- প্রয়োজন অন্তত ১ হাজার ৫০০
- যত্রতত্র প্রস্রাবে দূষিত হচ্ছে নগরপরিবে
- রাস্তায় প্রয়োজন সারতে বাধ্য হচ্ছেন শ্রমজীবীরা
রাজধানীর ব্যস্ত সড়ক থেকে শুরু করে অলিগলি—যত্রতত্র প্রস্রাবের দৃশ্য এখন পরিচিত। জীবিকার প্রয়োজনে দিনের বড় একটি সময় রাস্তায় কাটানো রিকশাচালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। প্রয়োজনের সময় আশপাশে গণশৌচাগার পাওয়া যায় না। কোথাও পাওয়া গেলেও ব্যবহার করতে পাঁচ থেকে দশ টাকা দিতে হয়। আবার রিকশা রেখে গেলে সেটি হারানোর আশঙ্কাও থাকে। সব মিলিয়ে অনেকের কাছে রাস্তার পাশেই প্রয়োজন মেটানো সহজ বিকল্প হয়ে উঠেছে।
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সরকারি আবাসিক এলাকার সীমানাপ্রাচীরের পাশে প্রস্রাব করছিলেন রিকশাচালক আব্দুস সবুর। কারণ জানতে চাইলে কিছুটা বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন করেন, আশপাশে কোথায় শৌচাগার আছে? জরুরি প্রয়োজন হলে তিনি যাবেন কোথায়?
রিকশাচালক সুজন মিয়ার কাছে গণশৌচাগার ব্যবহারের খরচও বড় বাধা। তাঁর ভাষ্য, পাঁচ থেকে দশ টাকা দিয়ে প্রতিবার শৌচাগার ব্যবহার করা সম্ভব নয়। তাই টাকা বাঁচাতে অনেক সময় ড্রেন কিংবা গাছপালার আড়ালে প্রয়োজন সারেন। তাঁর মতে, শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে শৌচাগার ব্যবহারের ব্যবস্থা করা উচিত।
রিকশাচালক বাবুল মিয়া (৪৫) বলেন, রিকশা রেখে শৌচাগারে যাওয়ার নিরাপদ ব্যবস্থা নেই। রিকশা হারানোর ভয় থাকে। আবার প্রতিবার শৌচাগার ব্যবহারে টাকা খরচ করাও তাঁদের জন্য বাড়তি চাপ। তাই অনেক সময় রাস্তার পাশেই প্রয়োজন মেটাতে হয়।
শৌচাগারের চেয়ে বেশি রিকশা
ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, রাজধানীতে নিবন্ধিত প্যাডেলচালিত রিকশা রয়েছে প্রায় ২ লাখ ১৩ হাজার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ লাখ ৮২ হাজার এবং উত্তর সিটি করপোরেশনে ৩০ থেকে ৩১ হাজার।
তবে নিবন্ধিত রিকশার বাইরেও বিপুলসংখ্যক রিকশা চলাচল করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের ২০১৯ সালের এক গবেষণায় ঢাকায় রিকশার সংখ্যা প্রায় ১১ লাখ বলা হয়েছিল। বর্তমানে ই-রিকশাসহ সব ধরনের রিকশার প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি সংস্থাগুলোর কাছে নির্ভরযোগ্য তথ্য নেই। ধারণা করা হয়, প্রতিদিন অন্তত ২০ লাখ রিকশা রাজধানীর সড়কে চলাচল করে।
অন্যদিকে, দুই সিটি করপোরেশন এলাকায় গণশৌচাগার রয়েছে মাত্র ১৯৮টি। এর মধ্যে দক্ষিণ সিটিতে ১২০টি এবং উত্তর সিটিতে ৭৮টি। এসব শৌচাগার ব্যবহারে পাঁচ থেকে দশ টাকা খরচ হলেও অধিকাংশের পরিবেশ ও ব্যবস্থাপনা সন্তোষজনক নয়। অনেক জায়গায় সাবান, টিস্যু ও পরিচ্ছন্নতার প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায় না। ফলে অর্থ খরচ করেও স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিত করতে পারছেন না ব্যবহারকারীরা।
প্রয়োজন ১ হাজার ৫০০, আছে ১৯৮টি
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিদিন প্রতি ১০ হাজার পথচারীর জন্য ১০টি ইউনিটবিশিষ্ট একটি গণশৌচাগারের সুবিধা থাকা প্রয়োজন। ঢাকায় প্রতিদিন প্রায় দেড় কোটি মানুষের যাতায়াত বিবেচনায় অন্তত ১ হাজার ৫০০টি গণশৌচাগার দরকার। অথচ বর্তমানে রয়েছে মাত্র ১৯৮টি। অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যার তুলনায় ঘাটতি প্রায় ১ হাজার ৩০২টি।
আইপিডির নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে গণশৌচাগার নির্মাণে সরকারের সদিচ্ছা প্রয়োজন। মেট্রোরেল যদি নগরবাসীর জন্য অপরিহার্য হয়, তাহলে গণশৌচাগারও সমান গুরুত্বপূর্ণ নাগরিক সুবিধা। কিন্তু উন্নয়ন পরিকল্পনায় দুটি বিষয় সমান গুরুত্ব পাচ্ছে না।
তাঁর মতে, সরকার ও সিটি করপোরেশন চাইলে গণশৌচাগার বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে। নাগরিকেরা বিভিন্ন ধরনের কর দেন। সেই অর্থে পরিচালিত রাষ্ট্রীয় সেবার অংশ হিসেবে শৌচাগারের মতো মৌলিক সুবিধাও বিনামূল্যে নিশ্চিত করা উচিত।
যত্রতত্র প্রস্রাবে অস্বস্তিতে নারী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সড়ক ও ফুটপাতের পাশে যত্রতত্র প্রস্রাবের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন নারী পথচারীরা। এমন দৃশ্যের পাশাপাশি তীব্র দুর্গন্ধ তাঁদের স্বাভাবিক চলাচলেও অস্বস্তি তৈরি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে স্বল্প খরচে গণশৌচাগার ব্যবহারের সুযোগ থাকলেও অনেকে তা ব্যবহার করেন না।
এমনকি বিভিন্ন মসজিদেও শৌচাগার ব্যবহারের সুযোগ রয়েছে। এরপরও রাস্তাঘাট, দেয়াল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যত্রতত্র মলমূত্র ত্যাগের ঘটনা ঘটছে। তাঁর মতে, নাগরিক দায়িত্ববোধের অভাবও এ সমস্যার অন্যতম কারণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় ঢাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রস্রাবের ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যা বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়ায়। এতে ডায়রিয়া, টাইফয়েডসহ নানা রোগের ঝুঁকি তৈরি হতে পারে।
বিনামূল্যে শৌচাগার ও নিরাপদ পার্কিংয়ের দাবি
নগর পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান মনে করেন, ভাসমান মানুষ ও দিনমজুরদের জন্য বিনামূল্যে অথবা ভর্তুকিতে গণশৌচাগার ব্যবহারের সুযোগ নিশ্চিত করা জরুরি। তাঁর মতে, এ সংকট কেবল অবকাঠামো নির্মাণের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সুশাসন, পরিকল্পনা ও শ্রমজীবী মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার প্রশ্ন।
তিনি কমলাপুর, গুলিস্তান, কারওয়ান বাজার, সদরঘাট ও সায়েদাবাদের মতো জনবহুল এলাকায় সিটি করপোরেশনের তত্ত্বাবধানে বিনামূল্যে অথবা এক থেকে দুই টাকার প্রতীকী মূল্যে ব্যবহারযোগ্য গণশৌচাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি রিকশাচালকদের জন্য ‘পার্কিং-কাম-স্যানিটেশন’ জোন তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। এতে চালকেরা রিকশা নিরাপদে রেখে নিশ্চিন্তে শৌচাগার ব্যবহার করতে পারবেন।
রাজধানীতে বড় বড় অবকাঠামো নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেও গণশৌচাগারের মতো মৌলিক নাগরিক সুবিধায় রয়ে গেছে বিশাল ঘাটতি। ১৯৮টি শৌচাগার দিয়ে দেড় কোটি মানুষের প্রয়োজন মেটানো যে সম্ভব নয়, তা স্পষ্ট। শুধু যত্রতত্র প্রস্রাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিংবা জরিমানা নয়, প্রয়োজন পর্যাপ্ত শৌচাগার নির্মাণ, বিনামূল্যে বা স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। অন্যথায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যাশা বাস্তবে রূপ পাবে না।
কালের আলো/ডিএইচ/এমকে










-20261119145050.jpg)







