বগুড়ার সোনাতলায় যমুনার চরাঞ্চলে আগাম জাতের কাঁচামরিচ উঠতে শুরু করেছে। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে ফলনও হয়েছে আশাব্যঞ্জক। কিন্তু বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। বর্তমানে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকায়। এতে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। ভালো ফলন পেয়েও লোকসানের আশঙ্কায় তাদের মুখে হাসি নেই।
বগুড়ার ঝাল মরিচের সুনাম রয়েছে সারা দেশে। জেলার পূর্বাঞ্চলের বাঙালি ও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল এখন মরিচগাছে সবুজে ছেয়ে গেছে। কোথাও আগাম জাতের মরিচ তোলা হচ্ছে, আবার কোথাও রবি মৌসুমের মরিচগাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
বাজারে মরিচের সরবরাহ বেশি, ক্রেতা কম
সোনাতলার তেকানী ও পাকুল্লা হাট ঘুরে দেখা গেছে, বাজারে মরিচের সরবরাহের তুলনায় পাইকারের সংখ্যা কম। ফলে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। অথচ মরিচ তোলা ও পরিবহনের খরচ বেড়েছে।
বর্তমান দামে মরিচ বিক্রি করে এসব খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। দাম কম হলেও গাছ থেকে মরিচ তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা। কারণ, সময়মতো মরিচ না তুললে গাছের নতুন ফুল নষ্ট হতে পারে। এতে পরবর্তী সময়ে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই লোকসানের ঝুঁকি জেনেও ফসল তুলছেন তারা।
৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সোনাতলায় ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় জাতের বগুড়া মরিচের পাশাপাশি এবার বিজলী প্লাস, নবীন ও ১৭০১ জাতের হাইব্রিড মরিচ চাষ করেছেন কৃষকরা। হাইব্রিড জাতের মরিচে ফলন বেশি হলেও স্থানীয় জাতের মরিচের ঝাল বেশি। স্থানীয় এই জাতের মরিচই বগুড়া মরিচ নামে পরিচিত।
প্রতি মণ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা চান কৃষক
পূর্ব তেকানী গ্রামের মরিচচাষি শাহিন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতে মরিচের ভালো ফলন হয়েছে। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমে গেছে। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার প্রায় চার বিঘা জমিতে মরিচ চাষ করেছেন তিনি।
শাহিনের আশঙ্কা, সার ও বীজের খরচ বিবেচনায় প্রতি মণ মরিচ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানে পড়তে হবে। মরিচ চাষি মাহফুজা বেগম (৬৫) বলেন, এভাবে দাম কম থাকলে তাদের লোকসান গুনতে হবে। শ্রমিকের মজুরি বাঁচাতে নিজেই মরিচ তুলছেন তিনি। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় ধারদেনা করে এবারও মরিচ চাষ করেছিলেন। কিন্তু বর্তমান দাম অব্যাহত থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।
দাম কমার পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে
সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, চলতি মৌসুমে মরিচের ফলন ভালো হয়েছে। সাধারণত ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা আগাম মরিচ চাষ করেন। তবে এবার দাম কম থাকায় তারা হতাশ। অবশ্য বাজারের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে মনে করেন তিনি। ভালো ফলনের পরও ন্যায্য দাম না পাওয়ায় যমুনার চরাঞ্চলের মরিচচাষিদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের ব্যবধান বাড়তে থাকলে মৌসুমের শুরুতেই লোকসানের মুখে পড়তে পারেন অনেক কৃষক।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
