Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১২:০৩ পিএম

অবহেলায় হারাতে বসেছে কয়রার ৩০০ বছরের ইতিহাস

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১২:০৩ পিএম

অবহেলায় হারাতে বসেছে কয়রার ৩০০ বছরের ইতিহাস

খুলনার কয়রা উপজেলার শেওড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরোনো কান্তরাম জমিদারবাড়ি। একসময় জমিদারি প্রতিপত্তি ও প্রভাবের প্রতীক হিসেবে পরিচিত এই স্থাপনাটি এখন চরম অবহেলায় ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ভবনের দেয়ালে এখনো দৃশ্যমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের গুলির অসংখ্য চিহ্ন। অন্যদিকে ছাদে জন্মেছে আগাছা, দেয়ালে দেখা দিয়েছে ফাটল, কোথাও খসে পড়ছে পলেস্তারা ও ইট।

সুন্দরবন পরিষ্কার করে জমিদারি প্রতিষ্ঠা
স্থানীয় ইতিহাস ও জমিদার পরিবারের বংশধরদের কাছ থেকে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুর দিকে গহিন সুন্দরবনের একটি অংশ পরিষ্কার করে কান্তরাম মণ্ডল সেখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত ছিল তাঁর জমিদারি। সময়ের সঙ্গে সঙ্গে এলাকায় তাঁর পরিবার ব্যাপক প্রভাব ও প্রতিপত্তি অর্জন করে।

সে সময় কপোতাক্ষ নদে জলদস্যুদের উৎপাত ছিল উল্লেখযোগ্য। কান্তরাম মণ্ডল ও তাঁর বংশধরেরা দস্যুদের দমনে ভূমিকা রাখতেন। নদী ও আশপাশের জনপদে তাঁদের প্রভাব ছিল ব্যাপক। সেই সময়ের জমিদারি শাসন, আঞ্চলিক ক্ষমতা ও জনপদের ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে জরাজীর্ণ এই বাড়ি।

মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে দেয়ালের গুলির চিহ্ন
কান্তরাম জমিদারবাড়ির ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ওই সময় বাড়িটি ব্যাপক লুটপাটের শিকার হয়। ভবনের দেয়ালে ছড়িয়ে থাকা অসংখ্য গুলির চিহ্ন সেই সহিংসতার স্মৃতি বহন করছে। পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেয়ালের ক্ষতগুলো এখনো মুছে যায়নি।

বাগালীর শেওড়া গ্রামের বাসিন্দা আমজেদ হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা কান্তরাম জমিদারবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে। ওই হামলার স্মারক হিসেবে এখনো দেয়ালে গুলির চিহ্ন রয়ে গেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় বাড়িটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ভবনটির কোনো সংস্কার হচ্ছে না, সংরক্ষণের দৃশ্যমান উদ্যোগও নেই। এমনকি প্রত্নতাত্ত্বিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও কার্যকর তৎপরতা চোখে পড়ছে না।

ছাদে ধস, দেয়ালে ফাটল, চারপাশে আগাছা
সরেজমিনে দেখা যায়, বাড়িটির চারপাশ আগাছায় ছেয়ে গেছে। দ্বিতল ভবনটির ১০টি কক্ষের বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দ্বিতীয় তলার ছাদে ভাঙন ধরেছে। দেয়াল ও ছাদের ফাঁকে ফাঁকে জন্মেছে গাছপালা। কোথাও খসে পড়ছে ইট ও সুরকি, আবার কোথাও দেয়ালে তৈরি হয়েছে বড় ধরনের ফাটল।

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভবনটির কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে ছাদ ও দেয়ালের ভাঙন যেভাবে বাড়ছে, তাতে যেকোনো সময় স্থাপনাটির গুরুত্বপূর্ণ অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে শুধু একটি পুরোনো ভবন নয়, হারিয়ে যেতে পারে কয়েক শতাব্দীর ইতিহাস এবং মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ বস্তুগত নিদর্শন।

পরিবারের উত্তরসূরিরও আপত্তি নেই সংরক্ষণে
জমিদার পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি অশ্বিনী মণ্ডলের বয়স এখন প্রায় ৯০ বছর। তিনি কান্তরাম মণ্ডলের একমাত্র জীবিত নাতি বলে জানা গেছে। বার্ধক্যের কারণে তাঁর স্মৃতিশক্তি কিছুটা কমে এলেও পরিবারের অতীত ইতিহাসের নানা তথ্য জানিয়েছেন তিনি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নিয়ে সংরক্ষণের উদ্যোগ নিলে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন অশ্বিনী মণ্ডল। ফলে সরকারি উদ্যোগে বাড়িটি সংরক্ষণের পথ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ইতিহাস হারানোর শঙ্কায় স্থানীয়রা
স্থানীয় বাসিন্দাদের মতে, কান্তরাম জমিদারবাড়ি কেবল একটি পুরোনো স্থাপনা নয়। এটি কয়রা অঞ্চলের আঞ্চলিক ইতিহাস, জমিদারি ব্যবস্থার স্মৃতি এবং মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ যথাযথ প্রচার-প্রচারণা ও সরকারি উদ্যোগের অভাবে বাড়িটি এখনো অনেকটা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে।

তাঁদের আশঙ্কা, দেয়ালে থাকা গুলির চিহ্ন হয়তো একাত্তরের ইতিহাসের সাক্ষ্য বহন করবে, কিন্তু ভবনের ছাদ ও দেয়াল পুরোপুরি ভেঙে গেলে সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ বস্তুগত প্রমাণও হারিয়ে যাবে। তাই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

পরিদর্শনের পর নেওয়া হবে সিদ্ধান্ত
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম বলেন, ভবনটি ইতিহাসসমৃদ্ধ বা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন হলে সংরক্ষণের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অধিদপ্তর প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তবে ভবনটির প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য ও গুরুত্ব সরেজমিনে পরিদর্শন ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

তিনি আরও জানান, খুব শিগগিরই কান্তরাম জমিদারবাড়ি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করা হবে। পরিদর্শনের ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রায় ৩০০ বছরের পুরোনো এই স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের মুখে। সময়মতো সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে কয়রার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়তো চিরতরে হারিয়ে যাবে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!