সিরাজগঞ্জের গ্রামীণ জনপদে সুই-সুতার নিপুণ কারুকাজে তৈরি হচ্ছে বাহারি নকশার টুপি। বাড়ির কাজের ফাঁকে এসব টুপি তৈরি করে সংসারে বাড়তি আয় করছেন জেলার কাজীপুর ও উল্লাপাড়া উপজেলার কয়েকটি গ্রামের নারী। স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে মধ্যবয়সী ও প্রবীণ নারীরাও যুক্ত হয়েছেন এ কাজে। তাঁদের হাতে তৈরি টুপি পাইকারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
স্থানীয়ভাবে গড়ে ওঠা এ কুটিরশিল্প এখন অনেক নারীর স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করেছে। কেউ টুপি বিক্রির অর্থ দিয়ে সংসারের বাজার খরচ মেটাচ্ছেন, কেউ সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করছেন, আবার কেউ নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় ভূমিকা রাখছেন।
ঘরের কাজের ফাঁকে টুপি তৈরি
কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ও চর ভানুডাঙ্গা এবং উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুরি, পুরান ভেড়া ও তেলকুপি গ্রামে টুপি তৈরির কাজ বেশি দেখা যায়। এসব গ্রামের নারীরা ঘরের কাজ শেষ করে অবসর সময়ে সুই-সুতার সাহায্যে নানা নকশার টুপি তৈরি করেন।
কাজীপুরের চর ভানুডাঙ্গা গ্রামের কারিগর মিতু আক্তার প্রায় ১০ থেকে ১২ বছর ধরে এ কাজ করছেন। টুপি তৈরির আয় দিয়ে নিজের ও সন্তানদের পোশাক, হাতখরচ এবং নিত্যপ্রয়োজনীয় বাজারের খরচ মেটান তিনি। তাঁর কাছে এ কাজ শুধু বাড়তি আয়ের উৎস নয়, সংসারের আর্থিক চাপ সামলানোরও একটি মাধ্যম। একই গ্রামের আছমা খাতুন গরু-ছাগল পালনের পাশাপাশি সংসারের কাজ করেন।
এসব কাজ শেষ করে সময় পেলেই বসেন টুপি তৈরিতে। তাঁর ভাষ্য, এ কাজ থেকে পাওয়া অর্থ দিয়ে পরিবারের অনেক খরচ মেটানো সম্ভব হচ্ছে।
পড়াশোনার খরচও আসছে টুপি বিক্রির টাকায়
এ শিল্পে যুক্ত হয়েছেন স্কুল-কলেজপড়ুয়া মেয়েরাও। পরিবারের বড়দের কাছ থেকে কাজ শিখে নিজেরাই তৈরি করছেন নকশার টুপি। শিক্ষার্থী সাইমা জানান, মা ও চাচিদের কাছ থেকে টুপি তৈরির কাজ শিখেছেন তিনি। এখন পড়াশোনার পাশাপাশি নিজেই টুপি তৈরি করেন। এ থেকে পাওয়া অর্থ দিয়ে লেখাপড়ার খরচ ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পারেন।
উল্লাপাড়ার নাইমুরি ও পুরান ভেড়া গ্রামের গৃহবধূ আয়েশা খাতুন ও শাহনাজ পারভীন জানান, টুপি তৈরি করে তাঁরা প্রতি মাসে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা আয় করেন। এ অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনার খরচসহ সংসারের বিভিন্ন প্রয়োজন পূরণ করেন।
নকশাভেদে টুপির দাম ৪৫ থেকে ১২৫ টাকা
সিরাজগঞ্জের এসব গ্রামে বিভিন্ন ধরনের নকশার টুপি তৈরি হয়। নকশা ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি টুপির দামও আলাদা। বর্তমানে চান্দাফুল নকশার টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, ঢেওফুল ৪৫ থেকে ৫০ টাকা, মেহেদিপাতা ১১০ থেকে ১২০ টাকা, করলার চাক ১২০ থেকে ১২৫ টাকা এবং মাকরসা নকশার টুপি ৬৫ থেকে ৭০ টাকায়।
স্থানীয় কারিগরদের দেওয়া তথ্য অনুযায়ী, কাজের পরিমাণ ও দক্ষতাভেদে একজন নারী মাসে এক হাজার টাকা থেকে চার হাজার টাকার বেশি আয় করতে পারেন। তবে কেউ কেউ নিয়মিত ও বেশি পরিমাণে কাজ করলে এর চেয়ে বেশি আয়ও করেন।
পাইকারদের মাধ্যমে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
স্থানীয়ভাবে তৈরি এসব টুপি সংগ্রহ করতে বগুড়া থেকে পাইকাররা আসেন কাজীপুর ও উল্লাপাড়ার বিভিন্ন গ্রামে। পরে সেগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। কারিগরদের দাবি, সিরাজগঞ্জের তৈরি টুপির মান ভালো হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে।
তবে সুতা কেনার খরচ বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন তাঁরা। বর্তমানে চিকন সুতা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা এবং মোটা সুতা ৮০ থেকে ৮৫ টাকায় কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কারিগররা। তাঁদের তৈরি টুপির বেশির ভাগই চিকন সুতা দিয়ে বানানো হয়। ফলে সুতার দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যায়।
প্রশিক্ষণ ও ঋণ দেওয়ার আশ্বাস
উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন জানান, টুপি তৈরি করে এলাকার অনেক নারী স্বাবলম্বী হয়েছেন। এ ব্যবসার পরিসর বাড়াতে কেউ ঋণের আবেদন করলে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারানী সাহা জানান, টুপি তৈরির সঙ্গে যুক্ত নারীদের মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
তিনি আরও জানান, এ শিল্পে নারী ও পুরুষ উভয়ের কর্মসংস্থান তৈরি হয়েছে। স্থানীয়ভাবে তৈরি টুপি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হওয়ায় এ কাজের সঙ্গে যুক্ত মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা গেলে সিরাজগঞ্জের এ কুটিরশিল্প আরও বিস্তৃত হবে। একই সঙ্গে গ্রামীণ নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পথও আরও সুগম হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
