কৃষিনির্ভর অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে যশোরের সবজি খাত। সারা বছরজুড়ে নানা ধরনের সবজি উৎপাদনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদন অঞ্চলে পরিণত হয়েছে জেলাটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, গত এক বছরে যশোরে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে। প্রতি কেজি সবজির গড় মূল্য ৩০ টাকা হিসাবে যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।
জেলায় সবজি চাষের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক। গত এক বছরে ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত বিপুল পরিমাণ সবজি সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
তিন মৌসুমেই সবজির বিপুল উৎপাদন
যশোরে শুধু শীতকালেই নয়, আধুনিক চাষাবাদ পদ্ধতি কাজে লাগিয়ে সারা বছর সবজি উৎপাদন করছেন কৃষকেরা। গত এক বছরে রবি মৌসুমে ১৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে। খরিপ-১ মৌসুমে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৮২৫ মেট্রিক টন। আর খরিপ-২ মৌসুমে ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১ লাখ ৫১ হাজার ৫০ মেট্রিক টন সবজি।
জেলার সবজি উৎপাদনের বড় অঞ্চল হিসেবে পরিচিত সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর ও বাগাডাঙ্গা। এ ছাড়া বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজির চাষ হচ্ছে।
চাষ হচ্ছে ৩৯ ধরনের সবজি
যশোরের মাঠে এখন প্রায় ৩৯ ধরনের সবজি উৎপাদিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লালশাক, লাউ, মিষ্টিকুমড়া, বেগুন, টমেটো, মূলা, বরবটি, পুঁইশাক, ঢ্যাঁড়স, শিম, চিচিঙ্গা, ঝিঙা, করলা, গাজর, শালগম, শসা, পেঁপে, কাঁচকলা, কচু, ক্যাপসিকাম, সজিনা, মটরশুঁটি ও ধনিয়াপাতাসহ বিভিন্ন ধরনের সবজি।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, যশোরের প্রায় ৩০ লাখ মানুষের বছরে সবজির চাহিদা ৪ লাখ মেট্রিক টন। উৎপাদিত সবজির মধ্যে প্রায় ৫ লাখ মেট্রিক টন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ফলে স্থানীয় বাজারের পাশাপাশি জাতীয় সবজি সরবরাহ ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেলাটি।
সাতমাইলের হাটে প্রতিদিন জমে কোটি টাকার বেচাকেনা
যশোরের সবজি বাণিজ্যের অন্যতম কেন্দ্র সদর উপজেলার সাতমাইল-বারিনগর পাইকারি হাট। প্রতিদিন ভোর থেকেই এ বাজারে কৃষক, ব্যবসায়ী, ব্যাপারী ও শ্রমিকদের ব্যস্ততা শুরু হয়। মাঠ থেকে সংগ্রহ করা সবজি নিয়ে আসেন চাষিরা। এরপর বাছাই ও দরদাম শেষে ট্রাকে করে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছে যশোরের সবজির চালান। এই বাজারকে কেন্দ্র করে কৃষকদের পাশাপাশি পাইকার, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের কর্মসংস্থান তৈরি হয়েছে।
সবজির চারায়ও বড় বাজার
শুধু সবজি উৎপাদন নয়, চারা উৎপাদনেও এগিয়ে রয়েছে যশোর। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদর উপজেলার আব্দুলপুর ও আশপাশের এলাকায় চলতি মৌসুমে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদিত হচ্ছে। এসব চারার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
এ কাজে যুক্ত রয়েছেন তিন শতাধিক কৃষক। প্রায় আট হেক্টর জমিতে তাঁরা বিভিন্ন ধরনের সবজির চারা তৈরি করছেন। এসব চারা স্থানীয় কৃষকদের চাহিদা পূরণের পাশাপাশি অন্য এলাকাতেও সরবরাহ করা হচ্ছে।
সবজি চাষেই বদলেছে কৃষকের জীবন
হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের কৃষক শ্যামল বিশ্বাসের জীবনও সবজি চাষের সঙ্গে জড়িয়ে গেছে। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৭ সালে দুই বিঘা জমিতে কালো বেগুন চাষের মধ্য দিয়ে নিজের উদ্যোগে সবজি উৎপাদন শুরু করেন। ভালো ফলন পাওয়ার পর ধীরে ধীরে বিভিন্ন ধরনের সবজি চাষে যুক্ত হন।
একপর্যায়ে সবজি চাষের পাশাপাশি চারা উৎপাদনের জন্য নার্সারি গড়ে তোলেন তিনি। তিন শতক জমির ওই নার্সারিতে উৎপাদিত চারা নিজের জমিতে ব্যবহারের পাশাপাশি অন্য কৃষকদের কাছেও বিক্রি করেন। একই সঙ্গে নিজেই তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। প্রতি মাসে দুই থেকে তিন টন জৈব সার বিক্রি করছেন তিনি।
চূড়ামনকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলামও বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। এবার এক বিঘা জমিতে পটল, চার বিঘায় আলু, দুই বিঘায় পেঁয়াজ এবং পাঁচ বিঘা জমিতে মূলার চাষ করেছেন তিনি। তাঁর ভাষ্য, সবজি চাষের আয়েই পরিবারের ভরণপোষণ ভালোভাবে চলছে।
দৌলতদীহী গ্রামের কৃষক বারেক হোসেন এক বিঘা জমিতে শিম, পাঁচ কাঠায় পুঁইশাক এবং ১০ কাঠা জমিতে পটল চাষ করেছেন। তাঁর মতে, অন্যান্য ফসলের তুলনায় সবজি চাষে লাভের সম্ভাবনা বেশি।
সবজিভিত্তিক শিল্প গড়ে তোলার দাবি
যশোরে বিপুল পরিমাণ সবজি উৎপাদিত হলেও এই খাতের সম্ভাবনাকে আরও কাজে লাগাতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান বলেন, জেলায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়। তাই এখানে সবজিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয় কৃষকেরা আরও বেশি লাভবান হবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, সবজি চাষে দীর্ঘদিন ধরেই দেশের শীর্ষ অবস্থানে রয়েছে যশোর। কৃষকদের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী, প্রশিক্ষণ ও মাঠ দিবস আয়োজন করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কৃষকদের সংযুক্ত করার পাশাপাশি নতুন জাত, আধুনিক সেচপ্রযুক্তি ও চাষাবাদের পদ্ধতি সম্পর্কেও পরামর্শ দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে যশোরের সবজি খাত এখন শুধু কৃষকদের আয়ের উৎস নয়, বরং জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তবে উৎপাদিত সবজির বড় অংশ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার ব্যবস্থা গড়ে উঠলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারেন। একই সঙ্গে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
কালের আলো/এএএন/এমএসআইপি
