Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ফেনী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:৪২ এএম

আমনের মাঠে সোনালি হাসি, কৃষকের চোখে শঙ্কা

ফেনী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:৪২ এএম

আমনের মাঠে সোনালি হাসি, কৃষকের চোখে শঙ্কা

ফেনীর মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি আভা। কোথাও ধান পাকতে শুরু করেছে, কোথাও চলছে কাটার প্রস্তুতি। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার প্রায় সমপরিমাণ জমিতে আমনের আবাদ হওয়ায় ভালো ফলনের প্রত্যাশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ জমির ধান পেকে যাওয়ায় কোনো কোনো এলাকায় শুরু হয়েছে ধান কাটা।

তবে মাঠে বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও কৃষকের মনে স্বস্তি নেই। ধান উৎপাদনের প্রতিটি ধাপে খরচ বেড়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও সেচের ব্যয়ের সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিকের বাড়তি মজুরি। কোথাও পানির সংকট, কোথাও রোগবালাই ও ইঁদুরের আক্রমণে ক্ষতির মুখেও পড়েছেন চাষিরা। সবশেষে ধান ঘরে তোলার পর ন্যায্য দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

শ্রমিকের বাড়তি মজুরিতে বেড়েছে খরচ
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কৃষক দেলোয়ার হোসেন জানান, ধান চাষের শুরুতেই জমি প্রস্তুত, সার, বীজ, কীটনাশক ও সেচের পেছনে বড় অঙ্কের টাকা ব্যয় হয়েছে। এখন ধান কাটার মৌসুমে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় খরচ আরও বাড়ছে। বাজারে ধানের ভালো দাম না পেলে এত পরিশ্রম করেও লাভ করা কঠিন হবে।

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকার কৃষক টিপুরও একই অভিজ্ঞতা। তাঁর ভাষ্য, ধান কাটার সময় শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। যাঁরা কাজ করছেন, তাঁদের মজুরিও আগের তুলনায় বেশি। সময়মতো ধান কাটতে না পারলে জমিতে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বেশি মজুরি দিয়েই শ্রমিক নিতে হচ্ছে।

পানির সংকট ও রোগবালাইয়ে বাড়তি ভোগান্তি
ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকার কৃষক কবির আহম্মদ বলেন, বৃষ্টির অভাবে মৌসুমের বিভিন্ন সময়ে জমিতে পানির সংকট দেখা দিয়েছে। অনেক জমিতে অতিরিক্ত টাকা খরচ করে সেচ দিতে হয়েছে। এতে উৎপাদন ব্যয় বেড়েছে, পাশাপাশি ফসলের পরিচর্যাতেও সমস্যা হয়েছে।

পরশুরাম উপজেলার কৃষক আইয়ুব জানান, এ বছর ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগের সমস্যা দেখা দিয়েছে। কিছু জমিতে ইঁদুরের উপদ্রবেও ধান নষ্ট হয়েছে। ফসল রক্ষায় বাড়তি কীটনাশক প্রয়োগ ও পরিচর্যা করতে হয়েছে। ফলে উৎপাদন খরচ বেড়েছে। ধান কাটার পর ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।

দাগনভূঞা উপজেলার কৃষক আফসার হোসেনও বৃষ্টির অভাবে সেচের পানির সংকটের কথা জানিয়েছেন। কোথাও সেচের পানি সংগ্রহে বাড়তি টাকা খরচ করতে হয়েছে। বিদ্যুৎ ও সেচসুবিধার সীমাবদ্ধতায়ও ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বাড়লেও ধানের বাজারদর নিয়ে এখনো নিশ্চিত নন কৃষকেরা।

ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা
সোনাগাজী উপজেলার নবাবপুর এলাকার কৃষক কেফায়েত বলেন, ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপেই খরচ বেড়েছে। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন ব্যয় অনেক বেশি। ধান কাটার পর মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকেরা ন্যায্য দাম পাবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। তাই ভালো ফলনের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

কৃষকদের আশঙ্কা, উৎপাদন ভালো হলেও বাজারে ধানের দাম সন্তোষজনক না হলে তাঁদের প্রত্যাশিত লাভ হবে না। বিশেষ করে বাড়তি উৎপাদন খরচের চাপ সামাল দিতে ন্যায্য দাম পাওয়া এখন তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

লক্ষ্যমাত্রার কাছাকাছি আমনের আবাদ
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে ফেনীর ছয় উপজেলায় ৬৬ হাজার ৮৩৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবাদ লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ৮৯৪ হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ৫৭ হেক্টর কম জমিতে আমনের আবাদ হয়েছে।

মৌসুমজুড়ে কিছু এলাকায় পানির সংকট, রোগবালাই ও ইঁদুরের আক্রমণে ক্ষয়ক্ষতি হলেও সামগ্রিকভাবে ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। মাঠপর্যায়ে নিয়মিত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন কৃষি কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত জমিতে উৎপাদন পরিস্থিতি বিবেচনায় নিয়েও সামগ্রিক উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তাঁরা।

ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, এ বছর আমনের আবাদ ভালো হয়েছে। মাঠের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ধানের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু এলাকায় রোগবালাই ও পানির সংকটের কারণে ক্ষতি হলেও প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের তা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে ফেনীতে আমন ধানের মাঠে এখন আশার সোনালি আভা। তবে সেই আশার সঙ্গে জড়িয়ে আছে কৃষকের বাড়তি খরচ ও ন্যায্যমূল্য পাওয়ার অনিশ্চয়তা। ভালো ফলন ঘরে তুলতে শ্রমিকের মজুরি সহনীয় পর্যায়ে রাখা, সেচসুবিধা নিশ্চিত করা এবং বাজারে ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকেরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!