Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ঝিনাইদহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:১৪ এএম

বাম্পার ফলনেও শৈলকুপার কৃষকের লোকসানের শঙ্কা

ঝিনাইদহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:১৪ এএম

বাম্পার ফলনেও শৈলকুপার কৃষকের লোকসানের শঙ্কা

ঝিনাইদহের শৈলকুপায় হাটবাজারে উঠতে শুরু করেছে নতুন আমন ধান। মাঠে ভালো ফলন হলেও বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হওয়ায় ধান বিক্রি করেও লাভের মুখ দেখা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি মণ নতুন আমন ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৬০ টাকা দরে। রয়ড়া, ভাটই, গাড়াগঞ্জ, খুলুমবাড়িয়া, কাতলাগাড়ি, শিতালি, ধাওড়া, হাট ফাজিলপুর ও লাঙ্গলবাঁধসহ বিভিন্ন বাজারে নতুন ধান নিয়ে আসছেন কৃষকেরা। তবে দাম কম থাকায় তাঁদের মধ্যে স্বস্তি নেই।

উৎপাদন খরচ তুলতেই হিমশিম
হাট ফাজিলপুরের কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে এবার ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হচ্ছে। কিন্তু জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ প্রতি বিঘায় ১০ থেকে ১২ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদ দেওয়ার পর তেমন লাভ থাকছে না।

লাঙ্গলবাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ বলেন, তিনি প্রতি মণ ধান ১ হাজার ১৩০ টাকা দরে বিক্রি করেছেন। তাঁর মতে, সরকার সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনলে তাঁরা কিছুটা হলেও লাভবান হতে পারবেন।

মৌসুমের শুরুতেই দাম কম
কৃষকদের অভিযোগ, ধান উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়লেও বাজারে সেই অনুপাতে দাম বাড়ছে না। মৌসুমের শুরুতেই কম দামে ধান বিক্রি করতে হওয়ায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে উৎপাদন খরচ বেশি হওয়ায় বর্তমান বাজারদরে ধান বিক্রি করে সংসারের খরচ ও পরবর্তী মৌসুমের চাষাবাদের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন তাঁরা। কৃষকদের মতে, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত চাষিদের অগ্রাধিকার দেওয়া হলে তাঁরা ন্যায্যমূল্য পাবেন এবং লোকসানের ঝুঁকিও কমবে।

ব্যবসায়ীরাও কিনছেন কম দামে
লাঙ্গলবাঁধ বাজারের ধান ব্যবসায়ী রিপন হোসেন জানান, তিনি বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকা দরে কিনছেন। বাজারে ধানের এই দরই কৃষকদের হতাশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

২৫ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে ধান চাষ করেছেন কৃষকেরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে বলেও জানান তিনি।

তবে ভালো ফলন হলেও বাজারে ধানের দাম কম থাকায় কৃষকেরা কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। তাঁদের প্রত্যাশা, সরকারি উদ্যোগে সরাসরি ধান সংগ্রহ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে উৎপাদনের সুফল প্রকৃত কৃষকদের ঘরে পৌঁছাবে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!