গণিতের ইতিহাসে সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অমীমাংসিত সমস্যাগুলোর একটি ‘রিমান হাইপোথিসিস’। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমান তুলে ধরেছিলেন। প্রায় ১৬৭ বছর পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ক্লডের সহায়তায় এর প্রমাণ খুঁজে পাওয়ার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক গণিতবিদ। তবে তাঁর দাবি এখনো স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই হয়নি।
অ্যানথ্রপিকে কর্মরত গণিতবিদ লেভেন্ট আলপোগে নিজের ওয়েবসাইটে প্রকাশিত চার পৃষ্ঠার একটি বিবৃতিতে এ দাবি করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার বিশ্বাস, ক্লডের সঙ্গে কাজ করে আমি রিমান হাইপোথিসিসের একটি প্রমাণ আবিষ্কার করেছি।’
আলপোগের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে সমস্যাটি নিয়ে কাজ করছিলেন তিনি। গত কয়েক মাসে ক্লডের সঙ্গে যৌথভাবে গবেষণা চালান। তাঁর ভাষ্য, গবেষণার শুরুতে তিনি এআইকে সঠিক গাণিতিক পদ্ধতির দিকে পরিচালিত করেন। তবে চূড়ান্ত পর্যায়ে ক্লড নিজস্ব সক্ষমতায় প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি দেখিয়েছে।
কী এই রিমান হাইপোথিসিস?
রিমান হাইপোথিসিস মূলত মৌলিক সংখ্যার বণ্টন নিয়ে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক অনুমান। যেসব সংখ্যা কেবল ১ এবং সেই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।
সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলোর অবস্থান আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও গণিতবিদদের ধারণা, এর পেছনে একটি গভীর গাণিতিক বিন্যাস রয়েছে। রিমান হাইপোথিসিস সেই বিন্যাস বুঝতে সাহায্য করে। এটি প্রমাণিত হলে মৌলিক সংখ্যাগুলোর বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও নির্ভুল হবে। পাশাপাশি এই অনুমানের ওপর নির্ভরশীল বহু গাণিতিক ফলাফলের ভিত্তিও শক্তিশালী হবে।
বিশ্বের গণিতবিদদের কাছে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে, সমস্যাটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’ হিসেবে স্বীকৃত সাতটি অমীমাংসিত সমস্যার একটি। এর সঠিক সমাধানের জন্য ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
কীভাবে সহায়তা করেছে ক্লড?
আলপোগে জানিয়েছেন, গবেষণার বিভিন্ন পর্যায়ে ক্লডের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর ভাষ্য, সমস্যাটির সঠিক দিক নির্ধারণে তিনি ভূমিকা রাখলেও চূড়ান্ত পর্যায়ে এআইয়ের অবদান তাঁকে বিস্মিত করেছে।
নিজের দক্ষতার বাইরে গিয়েও ক্লডের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্লড শেষ সীমানার কাছে গিয়ে রীতিমতো উড়েছে, নেচেছে এবং দ্যুতি ছড়িয়েছে। আমি আমাদের সঠিক পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিলাম, আর এরপর ক্লড আমাকে বিস্মিত করতে শুরু করে।’
দাবির প্রমাণ কতটা নির্ভরযোগ্য?
আলপোগে জানিয়েছেন, গাণিতিক যুক্তিগুলো ধাপে ধাপে যাচাই করার জন্য ‘লিন’ নামের একটি প্রোগ্রামিং ভাষায় প্রমাণটি আনুষ্ঠানিকভাবে সাজানো হয়েছে। এ-সংক্রান্ত কম্পিউটার-যাচাইযোগ্য উপাত্তও প্রকাশ করেছেন তিনি। তবে প্রচলিত গবেষণাপত্রের মতো মানুষের পাঠযোগ্য পূর্ণাঙ্গ প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।
গণিতবিদের স্বীকারোক্তি অনুযায়ী, প্রমাণটি বর্তমানে অত্যন্ত দীর্ঘ। সেটিকে সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা চলছে।
স্বাধীন গবেষকদের প্রাথমিক পর্যালোচনায় প্রকাশিত ফাইলগুলো মূল ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দেখা গেছে। তবে প্রতিটি ধাপের গাণিতিক নির্ভুলতা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ যাচাই এখনো বাকি।
বিশেষজ্ঞদের মতে, এআইয়ের সহায়তায় কোনো গাণিতিক যুক্তি তৈরি হওয়া আর সেটি আন্তর্জাতিক গণিত সম্প্রদায়ের স্বাধীন যাচাইয়ে নির্ভুল প্রমাণিত হওয়া এক বিষয় নয়। ফলে আলপোগের দাবি সত্য প্রমাণিত হলে তা হবে গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাসে বড় ঘটনা। তবে সেই সিদ্ধান্তে পৌঁছাতে আরও যাচাই প্রয়োজন।
কালের আলো/এমএইচ/জেএন















-20261121140412.jpg)
-20261119145050.jpg)



