বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি এবং মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের সেই চেষ্টা সফল হবে না।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটির লেখক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান।
এআই ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ
রুহুল কবির রিজভী বলেন, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে অবস্থানকারীরা এআই প্রযুক্তির মাধ্যমে ছবি ও নানা ধরনের অসত্য তথ্য তৈরি করে প্রচারণা চালাচ্ছেন। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, অতীতে গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।
অপরাধীদের আইনের আওতায় আনার দাবি
বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, নানা ঘটনার পরও সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। বিগত শাসনামলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আগে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাত ঘটানো হতো। কিন্তু বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনার এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ওই সময়ে রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন রিজভী।
নতুন প্রজন্মকে ইতিহাস জানাবে বইটি
প্রকাশিত গ্রন্থ সম্পর্কে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব থেকে শাহাদাত বরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী হিসেবে অধ্যাপক হীরা সোবাহান পুরোনো পত্রিকার কাটিং, তথ্য ও পরিসংখ্যান যুক্ত করে গবেষণাধর্মী কাজ করেছেন। বইটি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিগত সংকটময় সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ঢাকায় এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় অধ্যাপক হীরা সোবাহানের সাহসের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
কালের আলো/এএইচ/এমএসআইপি














-20261121140412.jpg)
-20261119145050.jpg)



