Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

পঞ্চগড় সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০১:৫৯ পিএম

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি পর্যটনের নতুন আকর্ষণ হচ্ছে তেঁতুলিয়ার গ্রাম

পঞ্চগড় সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০১:৫৯ পিএম

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি পর্যটনের নতুন আকর্ষণ হচ্ছে তেঁতুলিয়ার গ্রাম

হিমালয়ের পাদদেশে বিস্তীর্ণ সবুজ সমতল, চা-বাগান আর দূর আকাশে উঁকি দেওয়া শুভ্র কাঞ্চনজঙ্ঘা—প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আগে থেকেই পর্যটকদের কাছে পরিচিত উত্তরের জনপদ তেঁতুলিয়া। এবার প্রকৃতির এই সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে তেঁতুলিয়ায় শুরু হয়েছে স্মার্ট ইকো-ট্যুরিজম কার্যক্রম।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নাধীন এ প্রকল্পে আর্থিক সহযোগিতা দিচ্ছে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংক। প্রকল্পের আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়াকে প্রধান পর্যটন ক্লাস্টার হিসেবে বিবেচনা করে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সম্ভাবনাময় এলাকায় কমিউনিটিভিত্তিক পর্যটন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটির মূল লক্ষ্য প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে পর্যটনের বিকাশ ঘটানো এবং এর সুফল স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ জন্য পরিবেশবান্ধব আবাসন, খাবার, পরিবহন ও পর্যটনসেবা চালুর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্মার্ট ট্যুরিজম ভিলেজ হচ্ছে শারিয়ালজোত

তেঁতুলিয়া উপজেলা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সীমান্তবর্তী গ্রাম শারিয়ালজোত। একসময় সাধারণ গ্রামীণ জনপদ হিসেবে পরিচিত এই গ্রামকে পর্যটনবান্ধব মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইএসডিও।

বুধবার (১৮ নভেম্বর) গ্রামটি ঘুরে দেখা যায়, স্থানীয় জীবনযাত্রা ও প্রাকৃতিক পরিবেশের স্বকীয়তা বজায় রেখেই চলছে পর্যটন অবকাঠামো উন্নয়নের কাজ। পরিচ্ছন্ন পরিবেশ, ফুলের বাগান, পরিবেশবান্ধব আবাসন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দর্জিপাড়া ও শারিয়ালজোতকে ঘিরে টিউলিপ গ্রাম প্রতিষ্ঠার পাশাপাশি শারিয়ালজোতকে পূর্ণাঙ্গ স্মার্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও দৃশ্যমান হবে।

ইএসডিওর সহযোগিতায় শারিয়ালজোতে ‘ব্রাদার্স হোমস্টে’ নামে আবাসনসেবা চালু করেছেন স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন। তিনি বলেন, ‘ভিলেজ ট্যুরিজমের অংশ হিসেবে ইএসডিওর সহযোগিতায় হোমস্টে সার্ভিস গড়ে তুলেছি। এখানে পর্যটকদের জন্য গ্রামীণ পরিবেশে আবাসন, ঘরোয়া খাবার ও নিরাপদ সবজির ব্যবস্থা রয়েছে। স্থানীয় কৃষিপণ্য এবং সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে বলে বিশ্বাস করি।’

হোমস্টে থেকে পরিবহন, বাড়ছে পর্যটনসেবা

পর্যটনের টেকসই বিকাশে দর্শনীয় স্থানের পাশাপাশি প্রয়োজন মানসম্মত আবাসন, নিরাপদ যাতায়াত ও পর্যটকবান্ধব সেবা। বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব হোমস্টে, কটেজ, চা-পর্যটন ও পরিবহনসুবিধা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে বাস্তবায়ন করা হয়েছে ওয়াশ কার্যক্রম।

ইএসডিওর হেড অব ইনক্লুসিভ ফাইন্যান্স মো. আইনুল হক বলেন, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় উত্তরাঞ্চলে স্মার্ট ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ইএসডিও। প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে পর্যটকদের জন্য বাস ও হোমস্টেসহ বিভিন্ন সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা চাই, তেঁতুলিয়ার পর্যটন শুধু কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে সীমাবদ্ধ না থাকুক। গ্রামীণ পর্যটনকে গুরুত্ব দিয়ে সীমান্তবর্তী দর্জিপাড়া ও শারিয়ালজোতে টিউলিপ চাষের পর এবার স্মার্ট মডেল ভিলেজ গড়ে তোলার কাজ করছি। পর্যটকেরা এখানে এসে গ্রামের নির্মল প্রকৃতি ও সীমান্ত এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।’

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব

পর্যটন সম্প্রসারণের ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বাড়তি চাপ তৈরির আশঙ্কা থাকে। এ বিষয়টি বিবেচনায় রেখে প্রকল্পে পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আওতায় পানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগও রয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্টদের লক্ষ্য, পর্যটনের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে দীর্ঘমেয়াদি টেকসই পর্যটনব্যবস্থা গড়ে তোলা।

অনুসরণযোগ্য মডেল হওয়ার সম্ভাবনা

তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বলেন, কয়েক বছর ধরে ইএসডিও তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা গ্রামে টিউলিপ চাষের মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। টিউলিপের পর এবার একটি গ্রামকে ইকো-ট্যুরিজমের মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।

তিনি বলেন, ‘গ্রামীণ পর্যটনের অংশ হিসেবে ইকো মডেল ভিলেজ গড়ে তোলা হলে পর্যটকেরা স্থানীয় প্রকৃতি ও জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।’

প্রকল্পের লক্ষ্যগুলো বাস্তবায়িত হলে তেঁতুলিয়ার এই অভিজ্ঞতা দেশের অন্যান্য পর্যটনসম্ভাবনাময় এলাকার জন্যও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে। এতে একদিকে যেমন পর্যটনসেবার পরিধি বাড়বে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হবে। প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সফল হলে উত্তরাঞ্চলের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!