গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শনিবার (২১ নভেম্বর) জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে আরও দুটি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। যাত্রীসাধারণ ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় প্রশাসন এবং রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেলভবনের অনুমোদনক্রমে শনিবার জাহানাবাদ এক্সপ্রেসের খুলনা-ঢাকা-খুলনা রুটের যাত্রা বাতিল করা হয়েছে।
যে সময়ের ট্রেন চলবে না
শনিবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা নির্ধারিত ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে ওই যাত্রা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী ফিরতি ট্রেনটিও চলবে না।
গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মহড়া ও হুমকির পরিপ্রেক্ষিতে জেলার ওপর দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা
রেলওয়ে কর্তৃপক্ষ বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্য ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে। অনলাইনে কেনা টিকিটের টাকা অনলাইনে লগইন করে এবং কাউন্টার থেকে কেনা টিকিট সংশ্লিষ্ট কাউন্টারে জমা দিয়ে সম্পূর্ণ মূল্য ফেরত পাওয়া যাবে।
স্টেশন মাস্টার জানান, এ বিষয়ে যাত্রীদের ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হয়েছে।
আরও দুটি ট্রেনের যাত্রা বাতিল
রেলভবনের শুক্রবারের এক বার্তায় জানানো হয়েছে, জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি শনিবার আরও দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেন দুটি হলো—
রূপসী বাংলা এক্সপ্রেস: ঢাকা-বেনাপোল-ঢাকা রুট।
ভাটিয়াপাড়া এক্সপ্রেস: কালুখালী-ভাটিয়াপাড়া ঘাট-কালুখালী রুট।
রেলওয়ের বার্তায় সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো, টিকিটের মূল্য ফেরত এবং ট্রেনের কোচ ও কর্মীদের ব্যবস্থাপনার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি


















-20261119145050.jpg)

