Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

গোপালগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৩৩ পিএম

এমপির বাড়ির পর এবার থানায় আগুন

গোপালগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৩৩ পিএম

এমপির বাড়ির পর এবার থানায় আগুন

গোপালগঞ্জে একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার জেলার মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা। এ সময় থানার কয়েকটি গাড়ি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে দেওয়া হয়। পরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও উপজেলা বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

থানার ফটক ভেঙে আগুন
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মিছিল নিয়ে একদল লোক মুকসুদপুর থানার সামনে গিয়ে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর থানার বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা আশপাশের এলাকায় আশ্রয় নেন বলে জানা গেছে।

থানার কয়েকটি গাড়ি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হামলার পর গ্রামীণ ব্যাংকের একটি শাখা এবং মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে।

সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগ
এর আগে সকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিছিল নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা বাড়িটির সামনে অবস্থান নেন। একপর্যায়ে বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বিএনপি নেতার কার্যালয় ও বাসায় হামলা
এদিন সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু খানের গোপালগঞ্জ শহরের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। তাঁর বাসার সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে উল্লেখ করা হয়েছে। পরে ভাঙচুর করা মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তার আগের দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় গোপালগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের বাড়িতেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

বিজিবির গাড়িতে ইটপাটকেল, সুপারশপে লুটপাট
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ রয়েছে। এ সময় তাঁদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় শোডাউন করতেও দেখা যায়। একাধিক স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গোপালগঞ্জজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!