Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৪:২৩ পিএম

আসল ইন্টারনেটের আদলে কৃত্রিম জগৎ বানাল গুগল, কিন্তু কেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৪:২৩ পিএম

আসল ইন্টারনেটের আদলে কৃত্রিম জগৎ বানাল গুগল, কিন্তু কেন?

বাস্তব ইন্টারনেটের মতোই সেখানে রয়েছে অনলাইন শপ, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং সেবার ড্যাশবোর্ড, এমনকি নানা ধরনের কনটেন্ট প্ল্যাটফর্ম। ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়, লিংকে ক্লিক করা যায়, ফরম পূরণ করা যায়, কেনাকাটাও করা যায়। তবে সবই কৃত্রিম। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্রাউজিং এজেন্টকে নিরাপদে প্রশিক্ষণ ও পরীক্ষা করতে এমনই একটি ভার্চ্যুয়াল ইন্টারনেট তৈরি করেছে গুগল। এর নাম দেওয়া হয়েছে ‘মিরর ডাইমেনশন’।

গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার এআই এজেন্টকে প্রশিক্ষণ দিতে এই নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে এআই নিজে থেকেই ওয়েবসাইটে প্রবেশ, বিভিন্ন লিংকে ক্লিক, অনলাইন ফরম পূরণ, পডকাস্ট ডাউনলোড এবং কেনাকাটার মতো কাজ করতে পারে। তবে এসবের জন্য তাকে প্রকৃত কোনো ওয়েবসাইট বা ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করতে হয় না।

কেন তৈরি হলো কৃত্রিম ইন্টারনেট?
দৈনন্দিন জীবনের বিভিন্ন অনলাইন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম এআই এজেন্ট তৈরির জন্য বিপুলসংখ্যক পরীক্ষা প্রয়োজন। শত শত ওয়েবসাইটে হাজার হাজার পরীক্ষার মাধ্যমে এআইয়ের দক্ষতা ও সীমাবদ্ধতা যাচাই করতে হয়। কিন্তু বাস্তব ইন্টারনেটে এ ধরনের পরীক্ষা চালানো কঠিন। কারণ, ওয়েবসাইটের নকশা ও কার্যক্রম নিয়মিত পরিবর্তিত হয়। ফলে একই পরিবেশে বারবার পরীক্ষা চালিয়ে নির্ভরযোগ্য ফল পাওয়া যায় না।

এ ছাড়া রয়েছে নিরাপত্তাঝুঁকি। পুরোপুরি প্রস্তুত নয়, এমন কোনো এআই এজেন্টকে সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিলে তার ভুল সিদ্ধান্তে ব্যবহারকারীর প্রকৃত অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে। এমনকি আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কাও থাকে।

এআইকে পরীক্ষা করার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যার নাম ‘ইভাল্যুশন অ্যাওয়ারনেস’। অর্থাৎ, এআই অনেক সময় বুঝতে পারে যে তাকে পরীক্ষা করা হচ্ছে। তখন সে স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যায়। ফলে বাস্তব পরিস্থিতিতে তার আচরণ কেমন হবে, তা পরীক্ষার ফল থেকে যথাযথভাবে বোঝা কঠিন হয়ে পড়ে। এসব সমস্যা এড়াতেই মিরর ডাইমেনশন তৈরি করেছে গুগল।

যেভাবে কাজ করে মিরর ডাইমেনশন
গুগলের এই ব্যবস্থায় ‘জিভাইজর’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ তৈরি করা হয়েছে। এআই কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ওই ওয়েবসাইটের কৃত্রিম সংস্করণে পাঠানো হয়। তবে ক্রোম ব্রাউজারের ঠিকানার ঘরে ওয়েবসাইটের আসল ঠিকানাই দেখা যায়। ফলে এআইয়ের কাছে পুরো বিষয়টি বাস্তব ইন্টারনেট ব্যবহারের মতো মনে হয়।

এই ব্যবস্থা চালু রাখতে ক্রোমের নিরাপত্তাব্যবস্থার সঙ্গেও সামঞ্জস্য তৈরি করতে হয়েছে। এ জন্য পরীক্ষামূলক পরিবেশে বিশেষভাবে তৈরি ভুয়া ওয়েব সার্টিফিকেট ব্যবহার করেছে গুগল। এতে ব্রাউজার নিরাপত্তা সতর্কবার্তা না দেখিয়েই কৃত্রিম ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারে।

গুগলের দাবি, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে হ্যাকারদের পক্ষে এ ধরনের ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। কারণ, মিরর ডাইমেনশন কেবল গুগলের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন ব্যক্তিগত পরীক্ষামূলক নেটওয়ার্কে কাজ করে। প্রতিটি পরীক্ষা শুরুর আগে পরিবেশটিকে নতুন করে প্রস্তুত করা হয়। ফলে আগের পরীক্ষায় এআইয়ের করা কোনো কাজ পরবর্তী পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলে না।

এআই দিয়েই তৈরি হচ্ছে হাজারো ওয়েবসাইট
হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট হাতে তৈরি করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এ সমস্যা সমাধানে একাধিক এআই এজেন্টকে কাজে লাগিয়েছে গুগল। এসব এজেন্টের দায়িত্বও আলাদা।

প্রথমে গবেষণার দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো একটি ওয়েবসাইটের প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও কার্যক্রম নির্ধারণ করে। যেমন, অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে শপিং কার্ট, ছাড়ের কুপন এবং অন্যান্য সুবিধা কীভাবে কাজ করবে, তা তারা পরিকল্পনা করে। এরপর নির্মাণের দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো সেই পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইটের কোড তৈরি করে।

সবশেষে পর্যালোচনার দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো ক্রোমের ডেভেলপার টুল ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন বাটনে ক্লিক, স্ক্রিনশট সংগ্রহ ও ত্রুটি শনাক্ত করে। কোনো সমস্যা পাওয়া গেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট এজেন্টকে জানানো হয়।

এই প্রক্রিয়ায় অনলাইন দোকান, রান্নার রেসিপির ওয়েবসাইট, স্থানীয় কেনাবেচার প্ল্যাটফর্ম এবং ব্যাংকিং সেবার ড্যাশবোর্ডসহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

প্রম্পট ইনজেকশন ঠেকানোও বড় লক্ষ্য
মিরর ডাইমেনশন তৈরির অন্যতম উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখা। এ ধরনের সাইবার আক্রমণে হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির মধ্যে গোপনে ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে। কোনো এআই এজেন্ট ওই ওয়েবপেজে প্রবেশ করলে এসব নির্দেশনা অনুসরণ করে ব্যবহারকারীর অজান্তেই অনাকাঙ্ক্ষিত কাজ করতে পারে।

প্রাথমিক পরীক্ষায় গুগলের এআই এজেন্ট অস্বাভাবিক ওয়েব ঠিকানা দেখেই বুঝতে পারত যে তাকে পরীক্ষা করা হচ্ছে। পরে প্রকৌশলীরা ওয়েবসাইটের অদৃশ্য হেডারের মধ্যে আক্রমণের সংকেত লুকিয়ে রাখার ব্যবস্থা করেন। এতে পরীক্ষার বিষয়টি আগে থেকে শনাক্ত করা এআইয়ের জন্য কঠিন হয়ে পড়ে।

গুগলের তথ্য অনুযায়ী, এই স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে একজন নিরাপত্তা প্রকৌশলী প্রতিদিন এক হাজারের বেশি সম্ভাব্য সাইবার হামলার পরিস্থিতি তৈরি করতে পারেন। মানুষের হাতে একই কাজ করার তুলনায় এই সংখ্যা ৩০ গুণের বেশি। তবে এসব পরীক্ষায় গুগলের এআই এজেন্ট কতবার সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

কালের আলো/এসএআর/জেএন

Link copied!