ইন্টারনেট প্রটোকলের (আইপি) সর্বশেষ সংস্করণ আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশে আইপিভি৬ বাস্তবায়নের হার মাত্র ১৮ শতাংশ। অথচ দক্ষিণ এশিয়ায় এ হার ৬৬ শতাংশ। এ অবস্থাকে ইন্টারনেট নিরাপত্তার জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন না সংশ্লিষ্ট প্রযুক্তিবিশেষজ্ঞরা।
শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো। তিনি বলেন, আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। দক্ষিণ এশিয়ার গড় বাস্তবায়নের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে।
নিরাপত্তার জন্য আইপিভি৬ বাস্তবায়ন জরুরি
ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে আইপি ঠিকানার চাহিদাও বাড়ছে। এ ক্ষেত্রে আইপিভি৪-এর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আইপিভি৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্টারনেট অবকাঠামোর আধুনিকায়ন, নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেও এর ব্যবহার গুরুত্বপূর্ণ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ বলেন, আইপিভি৬-এর কোনো বিকল্প নেই। দেশের ইন্টারনেট ব্যবস্থায় এ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মাধ্যমে সারা দেশে আইপিভি৬ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
একসঙ্গে কাজ করার আহ্বান
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক একসঙ্গে কাজ করতে পারলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) খাতকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তাঁর মতে, দেশের ইন্টারনেট অবকাঠামোর উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
কর্মশালায় অংশ নিয়েছেন ১০৫ প্রকৌশলী
বিডিনগের মহাসচিব বরকতুল আলম জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১০৫ জন প্রকৌশলী অংশ নিয়েছেন। কর্মশালায় অ্যাডভান্স রাউটিং এবং এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটি—এই দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান, আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা এবং বিডিনগ ট্রাস্টি চেয়ার রাশেদ আমিন বিদ্যুৎ।
এতে দেশের বিভিন্ন পর্যায়ের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রযুক্তিবিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। সম্মেলনে দেশের ইন্টারনেট অবকাঠামোর উন্নয়ন, নেটওয়ার্ক নিরাপত্তা এবং আইপিভি৬ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
কালের আলো/এসএ/জেএন
