জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড চেয়ে আবেদন সিআইডির
এদিন বিকেলে মুফতি রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি তাঁর জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুসল্লিকে মারধর ও চোখ নষ্টের অভিযোগ
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৫ মিনিটে এক প্রবাসী ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় যান। পাঁচ মিনিট পর দুপুর ১২টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।
এ সময় মুফতি রুহুল আমিন এজাহারভুক্ত অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। উপস্থিত মুসল্লিরা তাঁকে এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
লোহার রড দিয়ে চোখে আঘাতের অভিযোগ
রিমান্ড আবেদনে বলা হয়, মুফতি রুহুল আমিনের নির্দেশে মামলার দুই নম্বর আসামি হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মামলার অন্য আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করেন। দুই নম্বর আসামির বিরুদ্ধে বাদীর পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। মামলার বিবরণে আরও বলা হয়, এ ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন। আসামিদের হামলায় মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
সাবেক খতিবের পরিচয়
মুফতি রুহুল আমিনের বয়স ৬০ বছর। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার গহরডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম প্রয়াত মুফতি সামছুল হক। তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব। মামলায় আনা অভিযোগগুলো তদন্তের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কালের আলো/এসকে/এমএসআইপি
