Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০২:২১ পিএম

নদীভাঙনে নিঃস্বদের ঘুরে দাঁড়ানোর নতুন গল্প

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০২:২১ পিএম

নদীভাঙনে নিঃস্বদের ঘুরে দাঁড়ানোর নতুন গল্প

ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙনে প্রতিবছর বসতভিটা, ফসলি জমি ও জীবিকার অবলম্বন হারাচ্ছে গাইবান্ধার অসংখ্য পরিবার। নদীভাঙনে বাস্তুচ্যুত এসব মানুষের অনেকেই জীবিকার সন্ধানে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কিন্তু নিরাপদ অভিবাসন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তাঁদের কেউ কেউ পড়ছেন দালালচক্রের খপ্পরে, হচ্ছেন প্রতারণা ও মানবপাচারের শিকার। এমন পরিস্থিতিতে নদীভাঙনে নিঃস্ব, দরিদ্র ও বেকার মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

জীবিকা সহায়তা, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে গাইবান্ধার প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে জিইউকে, এডব্লিউও ইন্টারন্যাশনাল ও জার্মানির বিএমজেডের অর্থায়নে শুরু হয় ‘প্রসপারিটি’ প্রকল্প। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নে ১ হাজার ৪৭ জনকে বিভিন্ন ধরনের জীবিকা সহায়তা দেওয়া হয়।

কৃষি ও পশুপালনে বদলাচ্ছে জীবন
প্রসপারিটি প্রকল্পের আওতায় কৃষিভিত্তিক সহায়তা পেয়েছেন ৭৬৬ জন। তাঁদের মধ্যে ১৯২ জন পেয়েছেন গরু, ২৬৬ জনকে জনপ্রতি চারটি করে ছাগল দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯০ জন পেয়েছেন সবজি চাষের সহায়তা, ৬০ জন পেয়েছেন ভার্মিকম্পোস্ট উৎপাদনের উপকরণ। অন্যদের উন্নত জাতের ব্রিডিং বাক ও হাইড্রোপনিক কৃষির বিষয়ে সহায়তা দেওয়া হয়েছে।

কৃষিবহির্ভূত খাতেও ২১০ জনকে সেলাই, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মেরামত, ক্ষুদ্র ব্যবসা এবং চাকরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রকল্পটির উল্লেখযোগ্য উদ্যোগ ছিল নদীভাঙনে সর্বস্ব হারানো ১০৪ পরিবারের ৩২৬ জনকে ক্লাস্টার ভিলেজে পুনর্বাসন। সেখানে তাঁদের জন্য নিশ্চিত করা হয়েছে নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, জীবিকা ও সামাজিক নিরাপত্তার সুযোগ।

নিরাপদ অভিবাসন ও পুনর্বাসনে নতুন প্রকল্প
আগের প্রকল্পের অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০২৬ সালে শুরু হয়েছে নতুন প্রকল্প ‘প্রাইম’ (প্রমোটিং সেইফার মাইগ্রেশন অ্যান্ড সোশিও-ইকোনমিক রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্টস)। ২০২৮ সাল পর্যন্ত চলবে প্রকল্পটি। আগের ছয়টি ইউনিয়নের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও দুটি ইউনিয়ন।

বর্তমানে আটটি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে ২ হাজার ৮৪০ পরিবারের ১১ হাজার ৮৭৪ জন সরাসরি এবং ১ লাখ ৭২ হাজার ৮৭৩ জন পরোক্ষভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

প্রকল্পটির অন্যতম লক্ষ্য নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানবপাচার প্রতিরোধ। এ জন্য আটটি ইউনিয়নে কাউন্টার ট্র্যাফিকিং কমিটি সক্রিয় করা হচ্ছে। পাশাপাশি স্থাপন করা হচ্ছে মাইগ্রেশন ইনফরমেশন ডেস্ক। গণশুনানি, লোকসংগীত, সাংবাদিকদের সঙ্গে সংলাপ ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং বৈধ পথে অভিবাসনে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

জীবিকা উন্নয়নে রয়েছে বড় পরিকল্পনা
প্রাইম প্রকল্পের আওতায় ১৪২টি কমিউনিটি সেলফ হেল্প গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১০০ জনকে গরু এবং ৮৮০ জনকে জনপ্রতি চারটি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৪০টি পরিবারকে দুটি নতুন ক্লাস্টার ভিলেজে পুনর্বাসন, ১ হাজার ১০ জনকে প্রাণিসম্পদ ব্যবস্থাপনার প্রশিক্ষণ, ৪২০ জনকে স্মার্ট অ্যাগ্রিকালচার সহায়তা এবং ৪০ জনকে ক্ষুদ্র ব্যবসার স্টার্টআপ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থাপন করা হবে চারটি দুধ সংগ্রহকেন্দ্র এবং চারটি সবজিসহ কৃষিপণ্য সংগ্রহকেন্দ্র। এরই মধ্যে ৫৪ জনকে গরু ও ১২০ জনকে ৪৮০টি ছাগল দেওয়া হয়েছে। পাশাপাশি ৪০ জনকে আদা চাষের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

জিইউকের প্রাইম প্রকল্পের সমন্বয়কারী মামুনুর রশিদ বলেন, প্রাইম প্রকল্প শুধু নিরাপদ অভিবাসনেই সীমাবদ্ধ নয়। অভিবাসী, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, আয়বর্ধক কার্যক্রম ও স্টার্টআপ সহায়তার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে, যাতে তাঁরা সমাজ ও অর্থনীতির মূলধারায় ফিরতে পারেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান বলেন, জিইউকের প্রসপারিটি ও প্রাইম প্রকল্প এ অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ এবং প্রবাসে প্রতারণার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি অসহায় মানুষের সহায়তায় পরিণত হয়েছে।

চার ছাগল থেকে স্বাবলম্বী সৈয়দ আলী
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ কাতলামারী গ্রামের বাসিন্দা মোহাম্মদ সৈয়দ আলীর জীবন বদলে যাওয়ার গল্পটি প্রকল্পটির কার্যকারিতার একটি উদাহরণ।

একসময় পরিবারের ভাগ্য বদলাতে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। ভালো বেতনের চাকরির আশায় ২০১১ সালে দালালের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, যে কাজের কথা বলে তাঁকে পাঠানো হয়েছিল, সেই কাজের কোনো অস্তিত্ব নেই। উল্টো এক কোম্পানি থেকে আরেকজনের কাছে বিক্রি হওয়ার মতো পরিস্থিতির মুখে পড়েন। শেষ পর্যন্ত ২০১৪ সালের শেষদিকে নিঃস্ব অবস্থায় দেশে ফিরতে বাধ্য হন।

দেশে ফিরে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে সৈয়দ আলীর। এমন পরিস্থিতিতে ২০২৩ সালে জিইউকের প্রসপারিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হন তিনি। প্রকল্প থেকে পান চারটি ছাগল। যত্ন করে সেগুলো লালন-পালন ও বংশবিস্তার করান। ধীরে ধীরে গড়ে তোলেন নিজের খামার।

বর্তমানে তাঁর খামারে রয়েছে চারটি ছাগল ও দুটি গরু। ছাগল বিক্রির টাকা এবং নিজের সঞ্চয় দিয়ে কেনা একটি গরু থেকে পেয়েছেন বাছুরও। সৈয়দ আলী বলেন, এই সহযোগিতা তাঁর জীবনে অনেক পরিবর্তন এনেছে। আগে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এখন গবাদিপশু পালন করে আয় হচ্ছে, সংসারে ফিরেছে সচ্ছলতা।

একটি বাছুরে বদলে গেল আল-আমিনের পরিবার
সৈয়দ আলীর মতো নদীভাঙনে বাস্তুচ্যুত শিক্ষিত বেকার যুবক আল-আমিনের জীবনেও পরিবর্তন এনেছে জিইউকের সহায়তা। ২০২২ সালে প্রকল্প থেকে পাওয়া একটি বকনা বাছুর লালন-পালন করে তাঁর গোয়ালে এখন ছয়টি গরু ও গাভি। এ ছাড়া দুটি গরু বিক্রি করে পেয়েছেন ৯০ হাজার টাকা।

আল-আমিনের মা আমিনা বেগম বলেন, গরুর দুধ বিক্রির আয় তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে।

সামনে রয়েছে আরও চ্যালেঞ্জ
সৈয়দ আলীর চারটি ছাগল থেকে দুটি গরুর মালিক হওয়া কিংবা আল-আমিনের পরিবারের ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। নদীভাঙন ও অভিবাসন ঝুঁকিতে থাকা মানুষের জন্য এগুলো নতুন করে বাঁচার স্বপ্ন। তাঁদের কাছে এই সহায়তা শুধু কয়েকটি গবাদিপশু পাওয়া নয়; বরং হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া, নিজের পায়ে দাঁড়ানোর সাহস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবনের সম্ভাবনা।

তবে প্রকল্পটির সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। নদীভাঙনে প্রতিবছর নতুন করে বহু মানুষ নিঃস্ব হচ্ছেন। নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতার ঘাটতিও রয়ে গেছে। পাশাপাশি পরিকল্পিত সহায়তার সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে। ২০২৮ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকায় নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের সুযোগ রয়েছে। উপকারভোগীদের প্রত্যাশা, গাইবান্ধার এই মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের অন্যান্য নদীভাঙনকবলিত এলাকাতেও।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!