ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জগতে প্রতিনিয়ত বাড়ছে ওয়েবসাইটের সংখ্যা। ব্যক্তিগত ব্লগ, ব্যবসাপ্রতিষ্ঠান, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইন সেবা—প্রায় প্রতিটি ক্ষেত্রেই তৈরি হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট। তবে সংখ্যার বিচারে ওয়েবসাইটের এই বিপুল বিস্তারের বিপরীতে সক্রিয় ওয়েবসাইটের হার বেশ কম। বিশ্বজুড়ে থাকা মোট ওয়েবসাইটের মাত্র ১৫ শতাংশ সচল রয়েছে। বাকি ৮৫ শতাংশই নিষ্ক্রিয়।
সাইটফির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বে মোট ওয়েবসাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৫১টি। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৩৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ১৯৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওয়েবসাইটের মোট সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
প্রতিদিন যুক্ত হচ্ছে তিন লাখের বেশি ওয়েবসাইট
ইন্টারনেটে নতুন ওয়েবসাইট যুক্ত হওয়ার গতিও বেশ দ্রুত। সাইটফির তথ্য বলছে, প্রতিদিন বিশ্বজুড়ে গড়ে প্রায় ৩ লাখ ২১ হাজার ৪০৯টি নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। সেই হিসাবে প্রতি ঘণ্টায় ১৩ হাজার ৩৯২টি, প্রতি মিনিটে ২২৩টি এবং প্রতি সেকেন্ডে প্রায় চারটি নতুন ওয়েবসাইট ইন্টারনেটে যুক্ত হচ্ছে।
তবে ওয়েবসাইটের সংখ্যা বাড়লেও এই বৃদ্ধির গতি আগের তুলনায় কমেছে। সাম্প্রতিক হিসাবে নতুন ওয়েবসাইট যুক্ত হওয়ার হার প্রায় ২৩ শতাংশ কমেছে। অন্যদিকে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ। ২০২৪ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৫৮০ কোটি।
সচল ওয়েবসাইট মাত্র ১৫ শতাংশ
বিশ্বে ওয়েবসাইটের সংখ্যা ১৪৭ কোটির বেশি হলেও সব ওয়েবসাইট নিয়মিত ব্যবহারযোগ্য বা সচল নয়। গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ২১ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৩টি। অর্থাৎ মোট ওয়েবসাইটের মাত্র ১৫ শতাংশ সচল রয়েছে।
অন্যদিকে নিষ্ক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ১২৫ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৫৪৮টি, যা মোট ওয়েবসাইটের প্রায় ৮৫ শতাংশ। এসব ওয়েবসাইটের বড় অংশ পার্কড ডোমেইন বা অন্য কোনো সীমিত কাজে ব্যবহৃত হয়। ফলে বর্তমানে প্রতিটি সক্রিয় ওয়েবসাইটের বিপরীতে প্রায় ৫ দশমিক ৮টি নিষ্ক্রিয় ওয়েবসাইট রয়েছে।
ওয়েবসাইট হোস্টিংয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র
বিশ্বে ওয়েবসাইট হোস্টিংয়ের ক্ষেত্রেও কয়েকটি দেশের প্রাধান্য রয়েছে। সার্ভারের অবস্থানের ভিত্তিতে ২০২৬ সালের নভেম্বরের তথ্য অনুযায়ী, বিশ্বের ৩৩ দশমিক ২ শতাংশ ওয়েবসাইট যুক্তরাষ্ট্রে হোস্ট করা হয়েছে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে হোস্ট করা ওয়েবসাইটের হার ১৬ দশমিক ১ শতাংশ।
২০১৪ সালে প্রথম ১০০ কোটি ওয়েবসাইটের মাইলফলক
ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যা প্রথম ১০০ কোটির মাইলফলক অতিক্রম করে ২০১৪ সালের সেপ্টেম্বরে। তবে এ সংখ্যা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ছিল না। পরবর্তী দেড় বছরে ওয়েবসাইটের সংখ্যা আবারও ১০০ কোটির নিচে নেমে আসে। পরে ২০১৬ সালের মার্চে তা পুনরায় ১০০ কোটি ছাড়িয়ে যায়।
২০২৬ সালের জানুয়ারির হিসাব অনুযায়ী, বিশ্বে মোট ওয়েবসাইটের সংখ্যা ছিল ১৩৭ কোটি ৬৯ লাখ ৫২ হাজার ৩৯০টি। এর মধ্যে সক্রিয় ছিল ২০ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৫৭৩টি, যা মোট ওয়েবসাইটের ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ।
ওয়েবসাইটের ভাষায় ইংরেজির আধিপত্য
বিশ্বে হাজার হাজার ভাষা প্রচলিত থাকলেও ওয়েবসাইটের ভাষার ক্ষেত্রে ইংরেজির আধিপত্য এখনো স্পষ্ট। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৯ দশমিক ৫ শতাংশ ওয়েবসাইট ইংরেজি ভাষায় প্রকাশিত। দ্বিতীয় অবস্থানে থাকা স্প্যানিশ ভাষার ওয়েবসাইটের হার ৬ শতাংশ।
এ ছাড়া জার্মান ভাষায় ৫ দশমিক ৯ শতাংশ, জাপানি ভাষায় ৪ দশমিক ৯ শতাংশ এবং ফরাসি ভাষায় ৪ দশমিক ৬ শতাংশ ওয়েবসাইট রয়েছে। বিশ্বে সাত হাজারের বেশি ভাষা প্রচলিত থাকলেও ইন্টারনেটে ২০০টিরও কম ভাষার উল্লেখযোগ্য ডিজিটাল উপস্থিতি রয়েছে।
ওয়েবসাইট তৈরিতে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস
ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম হিসেবেও ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা উল্লেখযোগ্য। ৯ নভেম্বরের হিসাব অনুযায়ী, বিশ্বের ৩৯ দশমিক ৪ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করা হয়েছে। ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
সব মিলিয়ে ওয়েবসাইটের সংখ্যা দ্রুত বাড়লেও এর বড় অংশ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষা ও যুক্তরাষ্ট্রের হোস্টিং আধিপত্য দেখাচ্ছে, বিশ্বজুড়ে ইন্টারনেটের বিস্তার ঘটলেও এর ডিজিটাল কাঠামো ও ভাষাগত বৈচিত্র্যে এখনো বড় ধরনের অসমতা রয়েছে। সূত্র: সাইটফি
কালের আলো/এসএ/জেএন
