ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে ইউরোপে পৌঁছানোর পরই শেষ হচ্ছে না বাংলাদেশিদের অনিশ্চিত যাত্রা। বরং অনেকের জন্য শুরু হচ্ছে আরও কঠিন অধ্যায়। আশ্রয়ের আবেদন করে দীর্ঘ অপেক্ষা, আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা, আইনি লড়াই এবং শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি। এর মধ্যেই ইউরোপের অভিবাসননীতিতে আসছে নতুন কঠোরতা। আশ্রয় আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের ইউরোপের বাইরে পাঠাতে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় প্রত্যাবাসন কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে পাঁচ ইউরোপীয় দেশ। ফলে অনিয়মিত পথে ইউরোপে গিয়ে আশ্রয় চাওয়া বাংলাদেশিদের সামনে তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা।
- আশ্রয়প্রার্থীর উৎস দেশ হিসেবে দ্বিতীয় বাংলাদেশ
- ৩৭ হাজার আবেদনে স্বীকৃতি মাত্র ৩ শতাংশ
- প্রত্যাখ্যাতদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা পাঁচ ইউরোপীয় দেশের
আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, ইউরোপের আশ্রয়প্রার্থীদের উৎস দেশ হিসেবে আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ‘আন্তর্জাতিক অভিবাসন প্রতিবেদন ২০২৬’ অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় ওইসিডিভুক্ত দেশগুলোতে আশ্রয়প্রার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল বাংলাদেশ। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন ছিল প্রায় ৩৭ হাজার। কিন্তু প্রথম পর্যায়ের সিদ্ধান্তে আন্তর্জাতিক সুরক্ষার স্বীকৃতি পেয়েছেন মাত্র ৩ শতাংশ আবেদনকারী। অর্থাৎ বিপুলসংখ্যক বাংলাদেশি ইউরোপে আশ্রয় চাইলেও তাঁদের আবেদনের সামান্য অংশই প্রাথমিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে।
এই বাস্তবতার মধ্যেই গত ১৬ নভেম্বর নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও অস্ট্রিয়া রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে। আগামী বছর থেকে এটি কার্যকরের লক্ষ্য রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যেসব প্রাপ্তবয়স্ক অভিবাসীর আশ্রয় আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয়েছে, আইনি প্রতিকারের সুযোগ শেষ হয়েছে এবং নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না, তাঁদের রুয়ান্ডায় পাঠানো হতে পারে।
অর্থাৎ ইউরোপে পৌঁছানোর পর আশ্রয় আবেদন করলেই সেখানে থাকার নিশ্চয়তা মিলবে না। আবেদন প্রত্যাখ্যাত হলে এবং আইনি লড়াইয়ে টিকে থাকতে না পারলে নিজ দেশে প্রত্যাবর্তন কিংবা তৃতীয় কোনো দেশে স্থানান্তরের ঝুঁকি তৈরি হতে পারে। তবে রুয়ান্ডা পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে। এটি সব অনিয়মিত অভিবাসীর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।
আবেদনের পাহাড়, স্বীকৃতি মিলছে সামান্য
গত বৃহস্পতিবার প্রকাশিত ওইসিডির ৫০তম বার্ষিকী সংস্করণের প্রতিবেদনে ইউরোপের আশ্রয়প্রার্থী পরিস্থিতির পরিবর্তন তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে সিরীয় নাগরিকেরা ইউরোপীয় ওইসিডি দেশগুলোতে প্রায় ১ লাখ ৪৪ হাজার আশ্রয় আবেদন করেছিলেন। ২০২৫ সালে তা ৭১ শতাংশ কমে প্রায় ৪১ হাজারে নেমে আসে। অন্যদিকে বাংলাদেশিদের আবেদন উচ্চ পর্যায়ে থাকায় আফগানিস্তানের পরই উঠে আসে বাংলাদেশের নাম।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত ২০২৫ সালের প্রতিবেদনেও বাংলাদেশিদের আবেদনের বিষয়টি উঠে আসে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই বছর বাংলাদেশিদের প্রায় ৩৭ হাজার আশ্রয় আবেদন জমা পড়ে। প্রথম পর্যায়ের সিদ্ধান্তে মাত্র ৩ শতাংশ আবেদনকারী আন্তর্জাতিক সুরক্ষার স্বীকৃতি পান।
বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ উৎস দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন ব্যবস্থায় বাংলাদেশিদের আবেদন সাধারণত দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে কোনো আবেদনকারী ব্যক্তিগতভাবে নিপীড়ন বা নিরাপত্তাঝুঁকির বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারলে তাঁর আবেদন আলাদাভাবে বিবেচনার সুযোগ রয়েছে।
ইতালিতে বাংলাদেশিদের আধিক্য, গ্রিসে দ্রুত বাড়ছে আবেদন
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৪ সালে দেশটিতে ৩২ হাজার ৮৬৫ জন বাংলাদেশি আশ্রয় চেয়েছিলেন। ২০২৫ সালে তা ১৬ দশমিক ৪ শতাংশ কমে ২৭ হাজার ৪৮০ জনে দাঁড়ায়। সংখ্যা কমলেও ইতালিতে নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে।
গ্রিসে পরিস্থিতি আরও দ্রুত পরিবর্তিত হচ্ছে। ২০২৩ সালে দেশটিতে বাংলাদেশি আশ্রয়প্রার্থী ছিলেন ৩৪০ জন। ২০২৪ সালে তা বেড়ে হয় ৭৭০। ২০২৫ সালে এক বছরে ২৬৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪০ জনে। এ ছাড়া ফ্রান্স ও যুক্তরাজ্যেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি আশ্রয়ের আবেদন করছেন।
ওইসিডির বিশ্লেষণে বলা হয়েছে, এশিয়া ও মধ্যপ্রাচ্যের অভিবাসীদের ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে গ্রিস ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ইতালিতে অনিয়মিতভাবে প্রবেশের পর প্রশাসনিকভাবে অবস্থান নিয়মিত করার প্রচেষ্টার সঙ্গেও আশ্রয় আবেদনের প্রবণতার সম্পর্ক রয়েছে।
রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা কতটা বাস্তব?
ইউরোপের পাঁচ দেশের পরিকল্পনাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনার কারণ হলো, আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের ইউরোপের বাইরে রাখার নতুন ব্যবস্থা তৈরি করা। রুয়ান্ডায় প্রস্তাবিত কেন্দ্রের প্রাথমিক ধারণক্ষমতা প্রায় ১০০ জন। সেখানে পাঠানো ব্যক্তিরা কয়েক সপ্তাহ ভাষা ও অন্যান্য দক্ষতার প্রশিক্ষণ পেতে পারেন। এরপর তাঁদের রুয়ান্ডার সমাজ ও শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা অথবা নিজ দেশে ফেরার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এই উদ্যোগের অনেক বিষয় এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ করে স্থানান্তরিত ব্যক্তিদের আইনি সুরক্ষা, আবাসন, মানবাধিকার নিশ্চিত করা এবং রুয়ান্ডা থেকে তাঁদের অন্য দেশে ফেরত পাঠানোর ঝুঁকি নিয়ে প্রশ্ন রয়েছে। ইউরোপীয় মানবাধিকার আইনের বাধ্যবাধকতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এর আগে যুক্তরাজ্যও আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু ২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন ও পরবর্তী সময়ে নিজ দেশে নিপীড়নের ঝুঁকিতে ফেরত পাঠানোর আশঙ্কায় সেই পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করে। পরে প্রকল্পটি বাতিল করা হয়।
তাই নতুন উদ্যোগ ঘোষণা হলেও আগামী বছর থেকেই বিপুলসংখ্যক বাংলাদেশিকে রুয়ান্ডায় পাঠানো শুরু হবে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে ইউরোপের অভিবাসননীতি যে আরও কঠোর হচ্ছে, তার একটি স্পষ্ট ইঙ্গিত এই পরিকল্পনা।
অনিয়মিত পথে যাওয়ার পেছনে কী কারণ?
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীরের মতে, ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় চাওয়ার প্রবণতার পেছনে দুটি বড় কারণ রয়েছে। একদিকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসননীতি কঠোর হচ্ছে, অন্যদিকে বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ অনেকের জন্য সীমিত হয়ে পড়ছে।
তাঁর মতে, উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা কিংবা আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ না থাকায় অনেকে বিপুল অর্থ ব্যয় করে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পৌঁছালেই আশ্রয় পাওয়ার নিশ্চয়তা নেই। বরং অধিকাংশ আবেদনই প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিতে থাকে।
আসিফ মুনীরের ভাষ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ থেকে আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েছে। কেউ কেউ নিরাপত্তাহীনতা ও নিপীড়নের আশঙ্কার কথা তুলে ধরছেন। তবে প্রতিটি আবেদনের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিস্থিতি ও প্রমাণের ওপর। তাঁর মতে, দক্ষ কর্মী তৈরি, ভাষা শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, ভুয়া এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে শ্রম অভিবাসন চুক্তি বাড়ানো জরুরি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের (সিএমএস) সমন্বয়ক ড. সেলিম রেজা বলেন, গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে ইউরোপে অনিয়মিত পথে প্রবেশকারী ও মানবপাচারের মাধ্যমে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের উপস্থিতি উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সংগঠন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সরকারকে সতর্ক করে আসছে। কিন্তু কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ
ইউরোপের কঠোর অভিবাসননীতি বাংলাদেশের জন্য নতুন করে সতর্কবার্তা হয়ে এসেছে। বিশেষ করে যাঁরা দালাল বা মানবপাচারকারীদের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। কারণ বিদেশে পৌঁছানোর পর আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে দীর্ঘ আইনি প্রক্রিয়া, আটক, প্রত্যাবাসন কিংবা তৃতীয় দেশে স্থানান্তরের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে এর সমাধান বিদেশগামী মানুষের আকাঙ্ক্ষা বন্ধ করা নয়। বরং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি, ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে শ্রম অভিবাসন চুক্তি সম্প্রসারণ করা জরুরি।
সবচেয়ে বড় প্রয়োজন মানবপাচার ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। বিদেশে যাওয়ার নামে মানুষের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে ঝুঁকিপূর্ণ পথে পাঠানো দালালচক্রকে নিয়ন্ত্রণ করতে না পারলে এই সংকটের স্থায়ী সমাধান কঠিন।
ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের উচ্চ সংখ্যা একদিকে যেমন উদ্বেগের, অন্যদিকে তা দেশের অভিবাসন ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রয়োজনীয়তাও সামনে এনেছে। অনিশ্চিত আশ্রয়, প্রত্যাখ্যান ও প্রত্যাবাসনের ঝুঁকির পরিবর্তে নিরাপদ যাত্রা, দক্ষতা এবং বৈধ কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে পারলেই এই চ্যালেঞ্জকে দেশের জন্য সম্ভাবনায় রূপ দেওয়া সম্ভব।
কালের আলো/এমএসআইপি/এমকে















-20261121140412.jpg)
-20261119145050.jpg)



