ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে তাঁরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বন্ধ ৫০ কারখানা
চলমান শ্রমিক আন্দোলনের প্রভাবে রোববারও গাজীপুরের বিভিন্ন এলাকায় ৫০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, জেলার অন্যান্য এলাকায় কোনো সমস্যা নেই। কারখানাগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। যেসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোও দ্রুত চালু হবে বলে আশা করা হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি














-20261121140412.jpg)
-20261119145050.jpg)



