Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫১ এএম

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এসপিএম, বছরে সাশ্রয় ৮০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫১ এএম

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এসপিএম, বছরে সাশ্রয় ৮০০ কোটি টাকা

দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বা ভাসমান জেটি। সব প্রস্তুতি ঠিক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকল্পটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে বঙ্গোপসাগরে নোঙর করা বড় জাহাজ বা মাদার ভেসেল থেকে সরাসরি পাইপলাইনের সাহায্যে জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে। এতে প্রচলিত পদ্ধতিতে ছোট লাইটার জাহাজ ব্যবহার করে তেল খালাসের প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, এসপিএম চালু হলে জ্বালানি তেল খালাসে সময় কমার পাশাপাশি পরিবহন ব্যয় ও তেল স্থানান্তরের সময় সিস্টেম লস কমবে। সব মিলিয়ে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। বর্তমানে বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তর করে চট্টগ্রামে পৌঁছাতে যেখানে ১১ থেকে ১২ দিন সময় লাগে, নতুন ব্যবস্থায় তা ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সম্পন্ন করা যাবে।

বিপিসি সূত্রে জানা গেছে, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এসপিএম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে।

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসপিএম চালুর লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থাপনাটি পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে জ্বালানি তেল পরিবহনে সময় ও ব্যয় দুটোই উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

মাদার ভেসেল থেকে সরাসরি পাইপলাইনে আসবে তেল
বর্তমানে বাংলাদেশে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলবাহী বড় জাহাজ সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেলের সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত নাব্যতা না থাকায় বড় জাহাজগুলোকে বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কিংবা কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে অবস্থান করতে হয়।

সেখান থেকে বড় জাহাজের তেল ছোট লাইটার ট্যাংকারে স্থানান্তর করা হয়। পরে এসব ট্যাংকারের মাধ্যমে তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির জেটি কিংবা সংরক্ষণাগারে নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ১১ থেকে ১২ দিন। এতে জাহাজের অপেক্ষার সময় বাড়ে, অতিরিক্ত পরিবহন ব্যয় হয় এবং তেল স্থানান্তরের সময় কিছু পরিমাণ তেল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

এসপিএম চালু হলে এই দীর্ঘ প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। বঙ্গোপসাগরে স্থাপিত ভাসমান মুরিং বা বয়ার মাধ্যমে বড় জাহাজ থেকে সরাসরি সমুদ্রের তলদেশে স্থাপন করা পাইপলাইনে তেল পাঠানো হবে। সেখান থেকে তেল পৌঁছাবে মহেশখালীর সংরক্ষণাগারে। পরে অপরিশোধিত তেল পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হবে।

অন্যদিকে পরিশোধিত ডিজেল মহেশখালীর সংরক্ষণাগার থেকে পাইপলাইনের মাধ্যমে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাঠানো হবে। বিপিসির কর্মকর্তাদের মতে, নতুন ব্যবস্থায় তেল খালাসের সময় ১১-১২ দিন থেকে কমে ৪৮-৭২ ঘণ্টায় নেমে আসবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে, লাইটার ট্যাংকারের ব্যবহার সীমিত হবে এবং জ্বালানি তেল পরিবহনে অপচয় ও ব্যয় কমবে।

৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত প্রকল্প
দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় ২০১৮ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। বিপিসির পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করে ইস্টার্ন রিফাইনারি পিএলসি। ২০২৪ সালের মার্চে এর নির্মাণ ও কমিশনিং কার্যক্রম শেষ হয়।

প্রকল্পের আওতায় মহেশখালীর পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে একটি ভাসমান মুরিং স্থাপনা বা বয়া নির্মাণ করা হয়েছে। বড় জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল খালাসের জন্য এ স্থাপনাটি ব্যবহার করা হবে।

এ ছাড়া মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত সমুদ্রের তলদেশ ও স্থলভাগ মিলিয়ে ১১০ কিলোমিটার দীর্ঘ পথে দুটি সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাইপলাইন দুটির মোট দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। এর মধ্যে একটি দিয়ে অপরিশোধিত ক্রুড অয়েল এবং অন্যটি দিয়ে পরিশোধিত ডিজেল পরিবহন করা হবে।

প্রতিটি পাইপলাইনে প্রতি ঘণ্টায় ৯০০ ঘনমিটার তেল পাম্প করার সক্ষমতা রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনটির বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। ফলে ভবিষ্যতে দেশের জ্বালানি তেল আমদানি ও পরিশোধন কার্যক্রমে এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মহেশখালীতে সংরক্ষণ করা যাবে ২ লাখ টন তেল
এসপিএম প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মহেশখালীর পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম। সেখানে মোট দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল এবং ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষণ করা যাবে। এ জন্য সেখানে ছয়টি বড় সংরক্ষণ ট্যাংক এবং প্রয়োজনীয় পাম্পিং ও সহায়ক অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় মাদার ভেসেল থেকে পাইপলাইনের মাধ্যমে আসা অপরিশোধিত তেল প্রথমে মহেশখালীর সংরক্ষণাগারে রাখা হবে। পরে প্রয়োজন অনুযায়ী তা চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে পাঠানো হবে। অন্যদিকে ডিজেল সরাসরি সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানির ডিপোতে সরবরাহ করা হবে।

এতে আমদানি করা জ্বালানি তেল দ্রুত খালাস, সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে জ্বালানি তেলের মজুত ব্যবস্থাপনায়ও বাড়তি সুবিধা তৈরি হবে। পরবর্তী সময়ে পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ফতুল্লা ও নারায়ণগঞ্জ পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি পরিবহনব্যবস্থা আরও কার্যকর হবে।

পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান
এসপিএম প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য গত ৫ নভেম্বর ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করেছে বিপিসি। ঢাকায় বিপিসির লিয়াজোঁ কার্যালয়ে পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি এসপিএমের বয়া, পাইপলাইন এবং সংশ্লিষ্ট স্থাপনার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। কার্যক্রম চলাকালে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থাও করবে।

পাঁচ বছরের চুক্তির মেয়াদে প্রতিষ্ঠানটি বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। এর মাধ্যমে স্থানীয় জনবলকে এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে। চুক্তির মেয়াদ শেষ হলে বিপিসি নিজেই স্থাপনাটির পরিচালনার দায়িত্ব নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তায় কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষ
গভীর সমুদ্রে স্থাপিত এসপিএমের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে প্রকল্পটির বাহ্যিক নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিপিসি।

প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটা এবং প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রকল্পটির নকশা তৈরি করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে স্থাপনাটির কার্যক্রম সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সমুদ্রের তলদেশে স্থাপিত পাইপলাইন এবং ভাসমান বয়ার নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন হবে।

পূর্ণ সক্ষমতায় ব্যবহার নিয়ে রয়েছে চ্যালেঞ্জ
এসপিএম প্রকল্পের অপরিশোধিত তেল পরিবহনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন হলেও শুরুতেই এই সক্ষমতার পুরোটা ব্যবহার করা সম্ভব হবে না। এর প্রধান কারণ, বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বিদ্যমান ইউনিটে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করা যায়।

ফলে এসপিএমের মাধ্যমে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহনের সুযোগ থাকলেও তা পরিশোধনের সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরপিএলসি-২ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, এসপিএম থেকে পূর্ণ সুবিধা পেতে ইআরপিএলসি-২ চালু হওয়া প্রয়োজন। দ্বিতীয় ইউনিট চালুর সময়সীমা ২০৩০ সালের মধ্যে নির্ধারিত রয়েছে। তবে এর আগে এসপিএম যাতে কম ব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সে জন্য বিকল্প ব্যবহারের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। তিনি জানান, স্থাপনাটির বিকল্প ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। কীভাবে এসপিএমের সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে কাজ করছে বিপিসি।

জ্বালানি খাতে কমবে আমদানিনির্ভর পরিবহনের ব্যয়
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসপিএম চালু হলে দেশের জ্বালানি তেল আমদানি ও পরিবহনব্যবস্থায় দীর্ঘদিনের সীমাবদ্ধতা অনেকটাই কাটবে। বিশেষ করে বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তরের জটিলতা কমে আসবে। একই সঙ্গে তেল খালাসে সময় কমার কারণে জাহাজের অপেক্ষমাণ ব্যয়ও হ্রাস পাবে।

বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা দেশের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধা তৈরি করতে পারে। তবে এই সাশ্রয়ের পূর্ণ সুফল পেতে এসপিএমের নিয়মিত কার্যক্রম, রক্ষণাবেক্ষণ এবং পাইপলাইন ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সব মিলিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এসপিএমের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে দেশের জ্বালানি পরিবহনে নতুন অধ্যায় যুক্ত হবে। আর ইআরপিএলসি-২ চালু হলে এই প্রকল্পের পূর্ণ সক্ষমতা ব্যবহারের সুযোগ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা ও পরিবহন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কালের আলো/এসএ/এমএএএন

 

Link copied!