Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

মৌলভীবাজার সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৩৫ এএম

ভোটের আগে অধিকার আদায়ের লিখিত প্রতিশ্রুতি

মৌলভীবাজার সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৩৫ এএম

ভোটের আগে অধিকার আদায়ের লিখিত প্রতিশ্রুতি

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সারা দেশে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চাইতে চা বাগানের শ্রমিকদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। তবে শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকার বাস্তবায়নে এখনো কোনো প্যানেল লিখিত নির্বাচনি ইশতেহার প্রকাশ করেনি। এতে ভোটের আগে প্রার্থীদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা।

শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনে জয়ী হলে তাঁদের জন্য কী কী উদ্যোগ নেওয়া হবে, তা স্পষ্টভাবে ইশতেহারে তুলে ধরবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত কোনো প্যানেল ইশতেহার প্রকাশ না করায় তাঁরা লিখিত প্রতিশ্রুতি দাবি করছেন। তাঁদের মতে, নির্বাচনের পর নেতাদের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম ভিত্তি হতে পারে এই ইশতেহার।

ইশতেহার প্রকাশের আশ্বাস দুই প্যানেলের
এবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে তাঁরা আলোচনা করছেন। প্রচারণার সময়ও তুলনামূলক কম। তারপরও দ্রুত সময়ের মধ্যে ইশতেহার প্রকাশের চেষ্টা করবেন তাঁরা।

অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানান, তাঁরাও দ্রুত ইশতেহার প্রকাশের পরিকল্পনা করছেন। তবে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না, যা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে না পারা লজ্জাজনক বলে মনে করেন তিনি। এ কারণে চা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ইশতেহার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

১৮৭ টাকার মজুরিতে সংসার চালানো কঠিন
চা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। স্থায়ী চা শ্রমিক বৃটিশ ঘাটোয়াল বলেন, চা শ্রমিকরা শুধু চা উৎপাদনেই ভূমিকা রাখেন না, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও তাঁদের অবদান রয়েছে। অথচ যুগের পর যুগ তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি।

তিনি বলেন, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে দুই বেলা ডাল-ভাতের ব্যবস্থা করাও কঠিন। কিছুদিন আগে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ এবং ৫ শতাংশ গেজেট বাতিলের দাবিতে চা শ্রমিকরা জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলন চলার মধ্যেই ইউনিয়নের নির্বাচনের ঘোষণা আসে। এখন রাজপথের আন্দোলনের পাশাপাশি ইউনিয়নের নির্বাচনকেও অধিকার আদায়ের মঞ্চ হিসেবে কাজে লাগাতে চান তাঁরা।

ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসা নিয়ে ক্ষোভ
স্থায়ী নারী চা শ্রমিক দুখিয়া রবিদাশ বলেন, চা শ্রমিকরা শুধু মজুরি বৈষম্যের শিকার নন, মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। এখনো তাঁদের ভূমির মালিকানা নিশ্চিত হয়নি। শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থাও অত্যন্ত নাজুক। সিলেটের কোনো চা বাগানেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, অনেক চা বাগানে হাসপাতাল থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা, প্রশিক্ষিত নার্স কিংবা মিডওয়াইফ নেই। বছরের পর বছর কাজ করেও অনেক অস্থায়ী শ্রমিক স্থায়ী হতে পারছেন না। ওজনে কম দেওয়া থেকে শুরু করে নানা অনিয়মের শিকার হচ্ছেন শ্রমিকরা।

দুখিয়া রবিদাশ আরও বলেন, চা বাগানের বিভিন্ন সেকশনে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও শৌচাগার না থাকায় বিশেষ করে নারী শ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়। শ্রম আইনের বিভিন্ন ধারাও তাঁদের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে রয়েছে। এ ছাড়া চা বাগানের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প ও মসলা চাষসহ বিভিন্ন প্রকল্প চালুর উদ্যোগকে চা শিল্পের জন্য বিপজ্জনক বলে মনে করেন তিনি।

আপসহীন নেতৃত্ব চান শ্রমিকরা
চা শ্রমিক মহিমা উরাং বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অতীতে আপসকামী, সুবিধাবাদী ও মালিকপক্ষের স্বার্থের প্রতিনিধিত্বকারী নেতাদের কারণে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁর অভিযোগ।

তাঁর মতে, এবারের নির্বাচনে আপসহীন ও লড়াকু নেতৃত্ব বেছে নিতে না পারলে আবারও চা শ্রমিকদের স্বার্থ বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রার্থীদের শুধু ভোট চাইলেই হবে না, শ্রমিকদের অধিকার আদায়ে তাঁদের অবস্থান ও পরিকল্পনাও স্পষ্ট করতে হবে।

ইশতেহারে যেসব দাবি রাখতে চান শ্রমিকরা
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, নির্বাচনি ইশতেহারে চা শ্রমিকদের মৌলিক অধিকার ও দীর্ঘদিনের দাবিগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এসব দাবির মধ্যে রয়েছে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং পূর্ণাঙ্গ রেশন চালু, ভূমির আইনি অধিকার নিশ্চিত করা ও চা বাগানের জমিতে চা শিল্পবিরোধী প্রকল্প বন্ধ করা।

তিনি বলেন, ঐতিহাসিক ২০ মে ‘মুল্লুক চলো’ আন্দোলনে শহিদ চা শ্রমিকদের স্মরণে সিলেট ভ্যালিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও রয়েছে।

এ ছাড়া অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, চা বাগানের প্রতিটি সেকশনে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা এবং কীটনাশক প্রয়োগকারী শ্রমিকদের মাস্ক, গ্লাভসসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের (পিএফ) অর্থ দ্রুত পরিশোধ, আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে পেনশনের টাকা প্রদান এবং সিলেটে ভ্যালি অফিস স্থাপনের দাবিও রয়েছে। পাশাপাশি প্রতি তিন মাসে শ্রমিকদের আর্থিক হিসাব জানাতে ওয়েবসাইট চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।

প্রতিটি বাগানে বিদ্যালয় ও চিকিৎসক নিয়োগের দাবি
শিক্ষার বিষয়ে সঞ্জয় দাস বলেন, প্রতিটি ভ্যালির প্রতিটি চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি শিক্ষিত চা শ্রমিকের সন্তানদের যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে বাগানের বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা রাখতে হবে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি চা বাগানে এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং প্রতিটি ভ্যালিতে চা শ্রমিকদের জন্য ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সিলেটে শ্রম আদালত স্থাপন, শ্রম আইনের চা শ্রমিকদের স্বার্থবিরোধী ধারা বাতিল, সব চুক্তি বাংলায় সম্পাদন এবং কোম্পানির মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশ নিশ্চিত করা। একই সঙ্গে চা শ্রমিকদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং খেলাধুলার জন্য মাঠ ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

ইশতেহার না থাকলে জবাবদিহি কঠিন
শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত বলেন, নির্বাচনি ইশতেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রার্থী বা প্যানেল ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেবে, নির্বাচিত হওয়ার পর সেগুলোর ভিত্তিতেই তাঁদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। একই সঙ্গে শ্রমিকরাও প্রতিশ্রুতির ভিত্তিতে প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, ইশতেহারের গুরুত্ব শুধু রাজনৈতিক দলের নির্বাচনে সীমাবদ্ধ নয়; শ্রমিক সংগঠনের নির্বাচনেও এর প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিটি প্যানেলের লিখিত ইশতেহার প্রকাশ করা উচিত। এতে নির্বাচনের আগে শ্রমিকদের দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাদের জবাবদিহি নিশ্চিত করা যাবে।

তপন দত্তের মতে, ইশতেহার প্রকাশ না করলে ভবিষ্যতে প্রতিশ্রুতি নিয়ে জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তাই নির্বাচনের আগেই সব প্যানেলের লিখিত ইশতেহার প্রকাশ করা প্রয়োজন। এতে শ্রমিকরা প্রার্থীদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি যাচাই করতে পারবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!