রাজধানীর শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে। প্রাথমিকভাবে ১২টি মাঠ নির্মাণের পর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি পর্যালোচনা করে অন্য এলাকাতেও একই ধরনের মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিন ধরনের ফুটসাল মাঠ নির্মাণ
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, মাঠের আকার ও সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন শ্রেণির ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। টাইপ-এ শ্রেণির মাঠে খেলার জায়গার পাশাপাশি দর্শকদের বসার জন্য গ্যালারি থাকবে। টাইপ-বি শ্রেণির মাঠে গ্যালারি না থাকলেও শৌচাগার ব্লক থাকবে। আর টাইপ-সি শ্রেণির মাঠে শুধু খেলার জায়গা থাকবে।
প্রস্তাবিত ১২টি মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি শ্রেণির। টাইপ-এ শ্রেণির মাঠ নির্মাণ করা হবে মিরপুরের সেকশন-১২-এর কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠ (লাল মাঠ), বাড্ডার খেলার মাঠ, পলাশিয়ার খেলার মাঠ, বারিধারা পার্ক, বনানীর ব্লক-সি পার্ক, মোহাম্মদপুরের শ্যামলী পার্ক এবং রায়েরবাজারের বৈশাখী খেলার মাঠে।
অন্যদিকে টাইপ-বি শ্রেণির চারটি মাঠ নির্মাণের প্রস্তাব করা হয়েছে বড়বেরাইদ, গোবিন্দপুর এবং দক্ষিণখানের দুটি খেলার মাঠে। এ ছাড়া পল্লবীর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্বের জহুরুল হক খেলার মাঠে টাইপ-সি শ্রেণির একটি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কালশী উড়াল সড়কের নিচেও মাঠ
মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায়ও একটি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা করছে ডিএনসিসি। তবে এ মাঠটি সংস্থার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ফুটসাল মূলত ফুটবলের ছোট পরিসরের সংস্করণ। সাধারণত নির্দিষ্ট সীমানায় ঘেরা ছোট মাঠে দুই দলের পাঁচজন করে খেলোয়াড় অংশ নেন। কৃত্রিম ঘাস বা বিশেষ ধরনের মেঝেতে এ খেলা অনুষ্ঠিত হয়। তুলনামূলক কম জায়গায় খেলার সুযোগ থাকায় ঘনবসতিপূর্ণ শহরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার পরিবেশ তৈরিতে ফুটসাল মাঠ কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিটি ওয়ার্ডে মাঠ নির্মাণের পরিকল্পনা
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী, যেসব জায়গা খালি রয়েছে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই লক্ষ্যেই সিটি করপোরেশনের বিদ্যমান মাঠগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পরিকল্পনা ছিল প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ফুটসাল মাঠ নির্মাণের। তবে প্রথম পর্যায়ে ১২টি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মাঠের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যথাযথভাবে মাঠগুলোর দেখভাল ও সংস্কার করছেন কি না, তা বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে অন্য ওয়ার্ডগুলোতেও মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সবার জন্য উন্মুক্ত রাখার পরামর্শ
নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় ফুটসাল ও ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অনেক এলাকায় বেসরকারি উদ্যোগে অর্থের বিনিময়ে কৃত্রিম মাঠে ফুটবল খেলার সুযোগ তৈরি হয়েছে।
তাঁর মতে, নাগরিকদের করের টাকায় নির্মিত মাঠে ধনী-দরিদ্র সবার খেলাধুলার সুযোগ থাকা উচিত। ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ ইতিবাচক হলেও এগুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়, তা নিশ্চিত করতে হবে। অর্থের অভাবে কোনো নাগরিক যেন মাঠে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর সিটির বিভিন্ন এলাকায় মোট ৭৬টি মাঠ ও পার্ক রয়েছে। এগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানা ও তত্ত্বাবধানে রয়েছে ৩৭টি। বাকি মাঠ ও পার্ক বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন।
কালের আলো/এসএ/জেএন
