ধানের ন্যায্যমূল্য না পাওয়া, আগাম বন্যা, অতিবৃষ্টি ও ইঁদুরের উপদ্রবে কয়েক মৌসুম ধরে লোকসানের মুখে পড়ছেন হবিগঞ্জের বোরো চাষিরা। আগের ক্ষতি কাটিয়ে উঠতে না পেরে চলতি মৌসুমে অনেক কৃষকই নতুন করে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন। বিশেষ করে জেলার ভাটি অঞ্চলের বিস্তীর্ণ জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে বানিয়াচং উপজেলার স্বজনশ্রী এলাকায় দেখা গেছে, অনেক বোরো জমি এখনো চাষাবাদের উপযোগী করা হয়নি। জমিতে পড়ে আছে আগের ফসলের অবশিষ্টাংশ ও নানা ধরনের আবর্জনা। কোথাও কোথাও জমি কচুরিপানায় ঢেকে গেছে। এসব পরিষ্কার করে জমি প্রস্তুত করতে কৃষকদের বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে।
জমি প্রস্তুত করতেই বাড়তি খরচ
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক কেয়ার বা ২৮ শতক জমির কচুরিপানা পরিষ্কার করতে চারজন শ্রমিকের পেছনে প্রায় দুই হাজার টাকা ব্যয় হয়। এরপর বীজ, সার, কীটনাশক, সেচ, জমি চাষ, আগাছা পরিষ্কার ও ধান কাটার খরচ তো রয়েছেই। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষক এবার চাষাবাদ নিয়ে দ্বিধায় রয়েছেন।
কৃষক নব কুমার গোপ জানান, চলতি মৌসুমে তিনি আট কেয়ার জমি বর্গা নিয়েছেন। এর মধ্যে সাড়ে চার কেয়ার জমির কচুরিপানা পরিষ্কার করতে পেরেছেন। বাকি জমিতে এবার আবাদ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
গত মৌসুমের ক্ষতির অভিজ্ঞতা তুলে ধরে নব কুমার বলেন, আগাম টাকা দিয়ে আড়াই কেয়ার জমি বর্গা নিয়েছিলেন তিনি। কিন্তু গত বছর ওই জমি থেকে মাত্র ২৫ মণ ধান পেয়েছেন। ইঁদুরের উপদ্রবে বাকি ফসল নষ্ট হয়ে যায়। অথচ এর আগের বছর একই জমি থেকে ৭৫ মণ ধান উৎপাদন করেছিলেন।
ধান উৎপাদনে খরচ ৬২০ টাকা, বিক্রি ৫০০ টাকায়
নব কুমারের হিসাব অনুযায়ী, এক কেয়ার জমিতে ধান উৎপাদনে বীজ, কীটনাশক, সার, সেচ, জমি চাষ, আগাছা পরিষ্কার ও ধান কাটাসহ মোট খরচ হয় প্রায় ১২ হাজার ৪০০ টাকা। ওই জমিতে গড়ে ২০ মণ ধান উৎপাদিত হলে প্রতি মণের উৎপাদন খরচ দাঁড়ায় ৬২০ টাকা।
অন্যদিকে গত বোরো মৌসুমে প্রতি মণ ধান বিক্রি করতে হয়েছে ৫০০ টাকায়। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান বিক্রি করতে হয়েছে আরও কম দামে। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হয়েছে কৃষকদের।
কৃষকদের অভিযোগ, এনজিও, মহাজন কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশি জমিতে বোরো আবাদ করা মাঝারি শ্রেণির কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফসলহানি ও বাজারে কম দাম পাওয়ায় অনেকের ঋণের বোঝা এখনো কমেনি। এ অবস্থায় নতুন করে ঋণ নিয়ে চাষাবাদে নামতে চাইছেন না তাঁরা।
বোরো উৎপাদন কমলে প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতিতে
হবিগঞ্জের ভাটি অঞ্চলের কৃষকদের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন বোরো ধান। এই ফসলের ওপর নির্ভর করেই তাঁদের সারা বছরের সংসার খরচ, ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমের চাষাবাদের প্রস্তুতি চলে। ফলে বোরো উৎপাদন ব্যাহত হলে শুধু কৃষকের আয় নয়, সামগ্রিক গ্রামীণ অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাতেও পড়তে পারে।
তবে কৃষকদের মধ্যে বোরো আবাদে অনাগ্রহ তৈরি হয়েছে—এমন তথ্য স্বীকার করেননি বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, কৃষকদের আগ্রহ কমেছে, এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। ধানের বাজারমূল্য কিংবা জমি বর্গা নেওয়া ও দেওয়ার বিষয়টি কৃষি বিভাগের নিয়ন্ত্রণে নয়। বর্গাদারদের মধ্যে দেনা-পাওনা নিয়ে সমস্যা থাকতে পারে। মৌসুম পুরোদমে শুরু হলে স্বাভাবিকভাবেই চাষাবাদ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, কোনো জমি অনাবাদি থাকবে না।
গত মৌসুমে ১ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে আবাদ
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মৌসুমে হবিগঞ্জের নয়টি উপজেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয় বানিয়াচং উপজেলায়। সেখানে ৩৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছিল।
তবে অতিবৃষ্টিতে জেলায় ২৮১ হেক্টর বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত জমির পুরোটাই ছিল বানিয়াচং উপজেলায়। এদিকে গত মৌসুমে কৃষক পর্যায় থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৮ হাজার ৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জেলা খাদ্য বিভাগ। এর মধ্যে ৮ হাজার ২১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরা।
প্রণোদনা না পাওয়ায় প্রস্তুতিতেও অনিশ্চয়তা
চলতি মৌসুমে এখনো বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। বীজতলা তৈরির কাজ শুরু হলেও কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়নি। কৃষকদের দাবি, অন্যান্য বছর এ সময়ে পাঁচ কেজি বীজ ও ২০ কেজি সার বিনা মূল্যে দেওয়া হতো। এবার এসব সহায়তা না পাওয়ায় তাঁদের চাষাবাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে।
কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচ বৃদ্ধি, ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং সরকারি প্রণোদনার অভাবে এবার অনেকেই বোরো চাষ থেকে সরে দাঁড়াতে পারেন। সময়মতো কৃষকদের সহায়তা এবং উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে হবিগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের বোরো জমি অনাবাদি থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
