Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বরগুনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৪৩ এএম

উপকূলে হঠাৎ জেঁকে বসেছে শীত

বরগুনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৪৩ এএম

উপকূলে হঠাৎ জেঁকে বসেছে শীত

কার্তিকের শেষ সপ্তাহে হঠাৎ করেই শীতের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। বরগুনা, পটুয়াখালীসহ উপকূলজুড়ে গত তিন-চার দিন ধরে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল বাতাসে জনজীবনে বেড়েছে শীতের ভোগান্তি। বিশেষ করে নিম্নআয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক, কৃষক ও জেলেদের পড়তে হচ্ছে বেশি সমস্যায়।

উপকূলীয় এলাকার বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট ও নদীপথ। এতে কমে আসছে দৃষ্টিসীমা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

কুয়াশায় নদীপথে বাড়ছে ভোগান্তি
মাছ ধরার নৌকার মাঝিরা জানান, ভোরের দিকে নদীতে ঘন কুয়াশা থাকায় নৌযান চলাচলে সমস্যা হচ্ছে। নদীর ওপর কুয়াশার চাদর পড়ে যাওয়ায় দূরের কিছু দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও উত্তরের ঠাণ্ডা বাতাসের কারণে গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে বরগুনার বেতাগী পৌর শহরে শীতের প্রভাব বাড়ছে। ভোরে জীবিকার তাগিদে কাজে বের হওয়া রিকশাচালক, দিনমজুর, কৃষিজীবী ও জেলেরা ঠাণ্ডায় কাঁপছেন। কাজের প্রয়োজনে সকালেই বাইরে যেতে হচ্ছে তাঁদের, কিন্তু শীতের কারণে স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে।

গরম চায়ের চাহিদা বাড়ছে, স্বাস্থ্যঝুঁকিতে শিশু-বৃদ্ধরা
শীতের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। ফুটপাতের খাবারের দোকানগুলোতে বেড়েছে গরম চা ও কফির চাহিদা। অন্যদিকে শিশু ও বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

তাপমাত্রা আরও কমতে পারে
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপকূলীয় অঞ্চলে উত্তর দিক থেকে শুষ্ক ও ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমেছে। শনিবার বরিশালে রাতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।

শীতের আগমনে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও ভোরের শিশিরে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীতে নাব্যতা কমে যাওয়ায় নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ আমারুল্লাহ বলেন, শিশুদের ঠাণ্ডাজাতীয় খাবার খেতে দেওয়া যাবে না। কেউ হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!