Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

লক্ষ্মীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫৬ এএম

লক্ষ্মীপুরের রামগতি

বয়ারচরের ২০ হাজার পরিবার গৃহহীন হওয়ার শঙ্কায়

লক্ষ্মীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫৬ এএম

বয়ারচরের ২০ হাজার পরিবার গৃহহীন হওয়ার শঙ্কায়

বর্ষা শেষ হলেও থামছে না মেঘনা ও ভুলুয়া নদীর ভাঙন। শুকনো মৌসুমেও নদীর রুদ্ররূপে ক্রমেই সংকুচিত হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর। দুই দশকে চরটির প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, বসতঘর, দোকানপাট ও সড়ক। নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন চরের ২০ থেকে ২২ হাজার পরিবারের মানুষ।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা না হলে আগামী বর্ষার আগেই বয়ারচরের অবশিষ্ট অংশের বড় একটি এলাকা নদীগর্ভে চলে যেতে পারে। তাঁদের অভিযোগ, প্রশাসনিক সীমানা নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে উন্নয়ন ও নাগরিক সেবায় অবহেলিত রয়েছে এই জনপদ।

তিন দিক ঘিরে রেখেছে দুই নদী
বয়ারচরের তিন দিক ঘিরে রয়েছে মেঘনা ও ভুলুয়া নদী। দুই দিকে মেঘনা এবং অন্যদিকে ভুলুয়া। নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি অঞ্চলের সীমান্তবর্তী এই চর একসময় ছিল নদী ও বনজঙ্গলে ঘেরা দুর্গম এলাকা। এখন নদীভাঙনে চরটির অস্তিত্বই হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত দুই দশকে বয়ারচরের নদীতীরবর্তী প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। একের পর এক বসতভিটা, কৃষিজমি, দোকানপাট ও যোগাযোগের সড়ক হারিয়েছেন বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে তাঁদের অভিযোগ, দাবি জানানো হলেও স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন উদ্যোগ দেখা যায়নি।

যেভাবে গড়ে উঠেছিল বয়ারচরের জনপদ
শুক্রবার (১৩ নভেম্বর) বয়ারচরে জনবসতি গড়ে ওঠার ইতিহাস জানতে চরের অন্তত ১০ জন প্রবীণের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তাঁদের ভাষ্য, ১৯৫০-এর দশকের শেষদিকে নোয়াখালীর হাতিয়ার মূল ভূখণ্ড ও লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন অংশ মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। পরে ১৯৭০ সালের দিকে ওই এলাকায় নতুন করে চর জেগে ওঠে। এর নাম দেওয়া হয় বয়ারচর।

আশির দশক থেকে মেঘনার ভাঙনে সর্বস্ব হারানো হাজার হাজার পরিবার সেখানে বসতি গড়তে শুরু করে। শুরুতে দুর্গম ও বনজঙ্গলে ঘেরা চরটিতে মানুষের শ্রমে ধীরে ধীরে কৃষিকাজ ও জনবসতি গড়ে ওঠে।

২০০২ সালের দিকে ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট’ বা সিডিএসপি-২ প্রকল্পের আওতায় বয়ারচরের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নের প্রস্তুতি শুরু হয়। ২০০৫ সাল থেকে সেখানে পুরোদমে দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতে থাকে।

স্থানীয়দের দাবি, একসময় প্রায় তিন লাখ মানুষের বসবাসে মুখর ছিল চরটি। নদীভাঙনে জনবসতি কমে গেলেও এখনো লক্ষাধিক মানুষ সেখানে বসবাস করছেন। তবে হাতিয়া ও রামগতির মধ্যকার প্রশাসনিক সীমানা নিয়ে বিরোধের কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

গত বর্ষায় ভেঙেছে বেড়িবাঁধ, বিলীন শতাধিক ঘর
গত বর্ষা মৌসুমে রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে যায়। স্লুইসগেট এলাকার বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যায় দুই শতাধিক ঘরবাড়ি। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তবে স্থানীয়দের আশঙ্কা, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন নিয়ন্ত্রণ করা গেলেও স্থায়ী ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাঁদের মতে, এভাবে ভাঙন অব্যাহত থাকলে আগামী বর্ষা শুরুর আগেই বয়ারচরের অবশিষ্ট জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়বে।

একাধিকবার নদীভাঙনের শিকার নারী-পুরুষেরা জানান, ফসলি জমি ও বসতঘর হারিয়ে তাঁরা এখন নিঃস্ব হওয়ার পথে। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে চরের অবশিষ্ট জমি, মানুষের জানমাল এবং কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি স্থাপনাও নদীতে বিলীন হয়ে যেতে পারে।

সীমানা বিরোধে থমকে আছে নাগরিক সেবা
স্থানীয়দের অভিযোগ, হাতিয়া ও রামগতির মধ্যে প্রশাসনিক সীমানা নিয়ে বিরোধের অজুহাতে দুই উপজেলার কেউই বয়ারচরের উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব যথাযথভাবে নিচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে চরটি।

খোঁজ নিয়ে জানা গেছে, রামগতি সদরের সঙ্গে বয়ারচরের সড়ক যোগাযোগ থাকলেও দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে উত্তাল নদীপথই হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা। কাঁচা সড়ক, পুল ও কালভার্টের অবস্থাও নাজুক। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সময় চরটির বাসিন্দারা আরও বেশি ঝুঁকিতে পড়েন।

এ ছাড়া জলদস্যু, অবৈধ দখলদার ও ডাকাতদলের দৌরাত্ম্যে সাধারণ মানুষ সারা বছর নিরাপত্তাহীনতায় থাকেন বলে অভিযোগ রয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও নারী নির্যাতনের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বারবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব পরিবার
স্থানীয় বাসিন্দা রোকসানা আক্তার জানান, মেঘনা নদীর ভাঙনে তাঁদের পরিবার একে একে তিনবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি জমি ও বসতঘর হারিয়ে এখন কোনোরকমে একটি টিনের ঘর তুলে বসবাস করছেন তাঁরা। আবারও ভাঙন শুরু হওয়ায় নতুন করে সব হারানোর আতঙ্কে রয়েছেন।

আব্দুল কাদের নামের আরেক বাসিন্দা বলেন, বয়ারচরের মানুষের শেষ সম্বলটুকুও নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে তাঁদের দাবি, বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে টেকসই বাঁধ নির্মাণ করা হোক।

রাশেদুল ইসলাম আজিজ বলেন, এখন জনপ্রতিনিধিদের ভোটের প্রয়োজন নেই বলে হয়তো তাঁরা মানুষের খোঁজ নিচ্ছেন না। কিন্তু নির্বাচনের সময় আবার প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইতে আসবেন। নেতাদের কথায় বিশ্বাস করে ভোট দিয়ে বয়ারচরের মানুষ বারবার প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফরিদ বলেন, আদালতের রায়ে বয়ারচর রামগতি উপজেলার অংশ হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে কার্যকর উদ্যোগ দেখা যায় না। নদীভাঙনে দিশাহারা মানুষ এখন দ্রুত চরটি রক্ষায় ব্যবস্থা চান।

চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম খলিল দিদার বলেন, এভাবে চলতে থাকলে অবহেলিত বয়ারচর অল্প সময়ের মধ্যে দেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। চরের ২০ থেকে ২২ হাজার পরিবারের ভিটেমাটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, মেঘনার ব্যাপক ভাঙনের মুখে পড়েছে বয়ারচর। ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘সবুজপাতা’ নামের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, বয়ারচর রক্ষায় প্রস্তাবিত প্রকল্পে ৯২০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের অপেক্ষায় থাকতে থাকতে আরও কতটুকু জমি নদীগর্ভে হারিয়ে যাবে, সেই শঙ্কায় দিন কাটছে বয়ারচরের বাসিন্দাদের। তাঁদের দাবি, শুধু প্রকল্প প্রস্তাব নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করে বসতভিটা ও জনপদের অস্তিত্ব রক্ষা করতে হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!