দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় হাট-বাজারে পণ্যটির দামে বড় ধরনের ধস নেমেছে। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সংকটকালীন সময়ে পেঁয়াজের দাম বেশি থাকে। কিন্তু এবার পুরনো পেঁয়াজের অতিরিক্ত সরবরাহ এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার আগমুহূর্তে দরপতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
গত বছর যে পেঁয়াজ প্রতি মণ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছিল, এবার তা নেমে এসেছে মাত্র ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। ফলে দীর্ঘদিন ধরে পেঁয়াজ সংরক্ষণ করে ভালো দাম পাওয়ার আশায় থাকা কৃষকদের অনেকেই এখন উৎপাদন ও সংরক্ষণ খরচ তুলতে পারছেন না।
মণপ্রতি দাম কমেছে কয়েক হাজার টাকা
গত ৮ নভেম্বর জেলার প্রধান পেঁয়াজের হাট সুজানগর এবং ৯ নভেম্বর সদর উপজেলার হাজিরহাট ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে এ দরপতনের চিত্র পাওয়া গেছে।
সাঁথিয়ার বনগ্রাম থেকে চার মণ পেঁয়াজ নিয়ে হাটে এসেছিলেন কৃষক জাকির হোসেন। তিনি বলেন, চার মণ পেঁয়াজ ১ হাজার ৫০ টাকা মণ দরে বিক্রি করেছেন। অথচ এই পেঁয়াজ সংরক্ষণ করতে তাঁর খরচ হয়েছিল ৮ হাজার টাকা। নিরুপায় হয়ে বিক্রি করতে হচ্ছে, কিন্তু পেঁয়াজের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না।
সুজানগরের দুর্গাপুর গ্রামের কৃষক আইনাল মন্ডল বলেন, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে ওঠানামা করছে। এতে কৃষকেরা তাঁদের পরিশ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
সংরক্ষণ খরচেই বাড়ছে লোকসান
কৃষকদের অভিযোগ, ভালো দাম পাওয়ার আশায় চড়া সুদে ঋণ নিয়ে তাঁরা দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করেছেন। উৎপাদন ব্যয়ের পাশাপাশি প্রায় ছয় মাসের সংরক্ষণ খরচ বহন করতে হয়েছে। এ সময়ে পেঁয়াজ শুকিয়ে ওজনও কমেছে। ফলে প্রতি মণে মোট খরচ আরও বেড়েছে।
কিন্তু বিক্রির সময় সেই খরচের এক-তৃতীয়াংশ দামও পাওয়া যাচ্ছে না। এতে ঋণের টাকা পরিশোধ এবং পরবর্তী মৌসুমের জন্য পুঁজি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
কৃষক সিদ্দিকুর রহমান নতুন পেঁয়াজ বাজারে আসা নিয়ে আরও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, আর এক থেকে দেড় মাসের মধ্যে নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করবে। অথচ এখনো পুরনো পেঁয়াজের মজুত শেষ হয়নি।
তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ পুরনো পেঁয়াজ মজুত রয়েছে, তা দিয়ে আরও তিন থেকে চার মাসের চাহিদা মেটানো সম্ভব। এ অবস্থায় নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে আসতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে কৃষকেরা তাঁদের পুঁজি হারিয়ে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বেন।
চাহিদার চেয়ে উৎপাদন বেশি
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে প্রায় ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে জেলার নিজস্ব চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হয়েছে প্রায় চার লাখ মেট্রিক টন।
গত সেপ্টেম্বরের শুরুতে কৃষকদের ঘরে এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগারে প্রায় এক লাখ টন পেঁয়াজ মজুত ছিল। অতিরিক্ত উৎপাদন ও বাজারে পুরনো পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দাম কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রপ্তানির নতুন বাজার খোঁজার পরামর্শ
কৃষি কর্মকর্তাদের মতে, চাহিদার তুলনায় বেশি উৎপাদন হওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে পেঁয়াজকে রপ্তানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পেঁয়াজ রপ্তানির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া জরুরি। কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে হবে।
কৃষকদের আশঙ্কা, দ্রুত বাজার পরিস্থিতির উন্নতি না হলে নতুন পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে দাম আরও কমতে পারে। এতে সংরক্ষণ করে রাখা পুরনো পেঁয়াজ বিক্রি করে লোকসান সামলানোও কঠিন হয়ে পড়বে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
