Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৫:০১ পিএম

বিরোধী দলগুলোর ঐক্য আওয়ামী লীগের কৌশলগত সুযোগ কমিয়েছে: শফিকুল

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৫:০১ পিএম

বিরোধী দলগুলোর ঐক্য আওয়ামী লীগের কৌশলগত সুযোগ কমিয়েছে: শফিকুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তাঁর দাবি, ওই কৌশলের ফলে আওয়ামী লীগ নিজেরাই সহিংসতার মাধ্যমে রাজনৈতিকভাবে চাপে পড়েছে।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম ব্যবস্থা না নেওয়ার কারণ নিয়ে অনেকে প্রশ্ন করেন। এটি সালাহউদ্দিন আহমদের বড় রাজনৈতিক কৌশল ছিল। শুরুতে এ কৌশল অনেকের মধ্যে বিস্ময় তৈরি করলেও পরিকল্পনা অনুযায়ী তা কার্যকর হয়েছে বলে তিনি মনে করেন।

সহিংসতার দায় আওয়ামী লীগের ওপর চাপান

শফিকুল আলম তাঁর স্ট্যাটাসে দাবি করেন, আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যসহ বিভিন্ন ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছেন, থানায় অগ্নিসংযোগ করেছেন এবং বাসযাত্রীদের রাজনৈতিক পরিচয় যাচাই করেছেন। এসব ঘটনার দৃশ্য ভয়াবহ ছিল উল্লেখ করে তিনি বলেন, অনেকে এতে সরকারের দুর্বলতা দেখলেও বাস্তবে আওয়ামী লীগ নিজেরাই একটি ফাঁদে পা দিয়েছে।

তিনি আরও লেখেন, পাঁচজনের মৃত্যু, বাসে অগ্নিসংযোগ এবং ককটেল ও পেট্রোল বোমা হামলার পরও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি। বরং সহিংসতার মাধ্যমে নিজেদের রাজনৈতিক পরিবেশ তৈরির প্রচেষ্টা নিজেরাই নষ্ট করেছে বলে তাঁর দাবি।

তাঁর ভাষ্য অনুযায়ী, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে তেমন বিস্তৃত হতে পারেনি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনীর বড় অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীরা অন্য জেলাগুলোতে পালিয়ে যান বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

বিরোধী দলগুলোর ঐক্যের প্রসঙ্গ

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, এটি ছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্যোগ, যার জন্য আওয়ামী লীগ ও তাদের বিদেশি সমর্থকেরা প্রস্তুত ছিল না।

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর আমির দ্রুত এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর পরদিন জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

শফিকুল আলমের মতে, এই রাজনৈতিক ঐক্য আওয়ামী লীগের সামনে কৌশলগত সুযোগ সীমিত করেছে। এখন দলটির সামনে সহিংসতা বাড়ানো অথবা রাজনৈতিক গুরুত্ব হারানোর ঝুঁকির মুখে পড়া—এ দুটি পথ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, সহিংসতা বাড়ালে আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে জনরোষ বা গণপ্রতিশোধের আশঙ্কাও তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয় মন্তব্য করে তিনি বলেন, সংঘাত বাড়ানোর কৌশল দলটির জন্য টেকসই হবে না। পলাতক নেতৃত্ব বিষয়টি যত দ্রুত উপলব্ধি করবে, মাঠপর্যায়ের কর্মীদের জন্য ততই মঙ্গল হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের সময়সীমা নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর ধারণা, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে দলটির হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরা, ভারত সরকারের অবস্থান এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক নিয়েও স্ট্যাটাসে নানা পূর্বাভাস দেন তিনি।

শফিকুল আলমের মতে, ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক যোগাযোগে পরিবর্তন আসতে পারে। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সম্ভাব্য সফরের কথাও উল্লেখ করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!