দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। তবে সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার ক্ষেত্রে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণকে প্রধান শর্ত হিসেবে দেখছে জোটটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
নৈরাজ্য মোকাবিলায় রাজপথে থাকবে ১১ দল
মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন স্থানে বিগত ফ্যাসিবাদী পরাজিত শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। জনমনে আতঙ্ক তৈরি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় আবারও দেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে ১১ দল বৈঠকে বসেছে জানিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তিকে রুখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করে এসব অপশক্তির মোকাবিলা করা হবে।
জুলাই বিপ্লবের ঐক্যকে রক্ষাকবচ বললেন মামুনুল
জুলাই বিপ্লবের সময় রাজপথে গড়ে ওঠা ঐক্যকে বাংলাদেশের রক্ষাকবচ উল্লেখ করে মামুনুল হক বলেন, এই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এ ঐক্যের প্রধান ভিত্তি ছিল।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তা কার্যকর না করাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। এ কারণে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের ওপর ১১ দল গুরুত্ব দিচ্ছে।
সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান
মামুনুল হক বলেন, নৈরাজ্যের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনো দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে বলে যারা মনে করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ১১ দল।
বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান তিনি। তাঁর ভাষ্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বাংলাদেশি নাগরিকরা প্রাণ হারিয়েছেন। অনেক জায়গায় মানুষের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে।
তিনি সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ঐক্যের প্রধান শর্ত গণভোটের রায় বাস্তবায়ন
সরকারের ঐক্যের আহ্বান প্রসঙ্গে মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রয়োজনীয়তা সরকারও অনুভব করছে এবং স্বীকার করছে। তবে এ ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করা।
তিনি বলেন, গণভোটের রায় কার্যকর করা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ সরকারকে নতুন করে আমলে নিতে হবে। গণরায় উপেক্ষার মনোভাব থেকে সরে এসে জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
১১ দলীয় জোটের সাত দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন, সাত দফা থেকে তাঁরা কোনোভাবেই সরে যাননি। তবে বর্তমান জরুরি পরিস্থিতিতে দেশের পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি ঘোষণা
১১ দলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মামুনুল হক জানান, নীতিগতভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে জোটের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ও দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে তাঁরা মনে করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও সচেতন, সজাগ ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
আগের আওয়ামী লীগ সরকারের সময়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করতে গিয়ে মামুনুল হক বলেন, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না। সরকারের মনোভাব মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের কার্যক্রমে প্রতিফলিত হয়। বর্তমান সরকার বিরোধী মত দমনে আগের সরকারের মতো কঠোর অবস্থানে না যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভিন্নতা দেখা যেতে পারে। তবে পরিস্থিতি মূল্যায়নে আরও সময় প্রয়োজন।
বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে এলডিপির প্রেসিডেন্ট ডা. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির প্রতিনিধি নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলামীর আমির আবদুল কাইয়ুম সুবহানী এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ বিভিন্ন দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারাও বৈঠকে অংশ নেন।
কালের আলো/এএএন/এমএসআইপি
