আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তা এবং দেশজুড়ে মব সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী, সহসভাপতি সিনিয়র অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সাগরিকা ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাম চন্দ্র দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ এবং আইন ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন।
আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সভাপতির বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তা এবং সারাদেশে আগুন সন্ত্রাসের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনা দেশের আইনের শাসনের জন্য বড় হুমকি।
তিনি বলেন, এ পরিস্থিতিতে রাষ্ট্র নির্বিকার থাকতে পারে না। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনা দেশে বিরাজমান নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে। এতে সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
তিনি অবিলম্বে ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়ন ও কার্যকর করতে জাতীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
বিচারব্যবস্থার ওপর আস্থা হারানোর শঙ্কা
সমাবেশে অন্য বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তা এবং সারাদেশে মব সন্ত্রাস ও আগুন সন্ত্রাস অব্যাহত থাকলে সাধারণ মানুষ আইনের শাসন ও বিচারব্যবস্থার ওপর আস্থা হারাবে। এতে দেশ ক্রমেই দীর্ঘস্থায়ী সংকটের দিকে ধাবিত হতে পারে।
বক্তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কালের আলো/এএইচ/এমএসআইপি















-20261121140412.jpg)
-20261119145050.jpg)



