Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৪৯ পিএম

নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৪৯ পিএম

নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে বিএনপি

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব তৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপিও মাঠে থাকবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রিজভী। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

নাশকতা প্রতিহত করতে প্রশাসনকে সহযোগিতা করবে বিএনপি
রিজভী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সব কর্মকাণ্ড অবৈধ। দল হিসেবে বিএনপি তাদের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। কেউ যাতে বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে, সে বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন।

তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

বোমাবাজি, গাড়িতে আগুন ও পোশাকশিল্পে অস্থিরতার অভিযোগ
রিজভীর ভাষ্য, কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, কোথাও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এমনকি পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তাদের মালিকানাধীন কিছু পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলেও জানান তিনি।

ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে গণতন্ত্র এগিয়ে নিতে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভূমিকা রাখবে। নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি এসব ষড়যন্ত্র নস্যাৎ করেছে, ভবিষ্যতেও সব বাধা পেরিয়ে দল এগিয়ে যাবে।

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটি জীবন দিয়ে কাজ করবে। কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনও জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয় জানান।

সমাধিস্থলে নেতাকর্মীদের উপস্থিতি
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শেরেবাংলা নগরের সমাধিস্থল ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!