Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:১৫ পিএম

শরীরে মরণব্যাধি, টেরই পাচ্ছেন না ৫৪ লাখ!

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:১৫ পিএম

শরীরে মরণব্যাধি, টেরই পাচ্ছেন না ৫৪ লাখ!

শরীরে নীরবে বাড়ছে রক্তে শর্করা। অথচ আক্রান্ত ব্যক্তি জানেনই না, তাঁর শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। বাইরে থেকে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করলেও ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ। অন্য কোনো রোগের পরীক্ষা করতে গিয়ে হঠাৎ ধরা পড়ছে ডায়াবেটিস। অনেকের ক্ষেত্রে তত দিনে জটিলতা ছড়িয়ে পড়েছে কিডনি, চোখ কিংবা হৃদযন্ত্রে। চিকিৎসা শুরু হচ্ছে অনেক দেরিতে। ফলে বাড়ছে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি, অনিশ্চিত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাপন।

  • দেশে ডায়াবেটিসের ভয়াবহ বিস্তার 
  • রোগ শনাক্ত হচ্ছে কিডনি, চোখ ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর 
  • ২০৫০ সালে আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে ২ কোটি ৩০ লাখ

বাংলাদেশে ডায়াবেটিসের এমন নীরব বিস্তার এখন উদ্বেগজনক পর্যায়ে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তাঁদের মধ্যে ৫৪ লাখ ২৬ হাজার, অর্থাৎ ৩৯ দশমিক ১ শতাংশ মানুষ জানেন না যে তাঁদের ডায়াবেটিস হয়েছে। সংখ্যার হিসাবে প্রতি ১০ জন আক্রান্তের মধ্যে প্রায় চারজনই রয়েছেন অন্ধকারে।

শুধু আন্তর্জাতিক পরিসংখ্যানেই নয়, জাতীয় পর্যায়ের জরিপেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ-২০২২ অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে জানতেন না। অর্থাৎ রোগ শরীরে থাকলেও তা শনাক্ত হচ্ছে না বিপুলসংখ্যক মানুষের।

দুই দশকে রোগী বেড়েছে কয়েক গুণ
দেশে ডায়াবেটিসের বিস্তার যে কত দ্রুত বাড়ছে, তা স্পষ্ট আইডিএফের পরিসংখ্যানে। ২০০০ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৪ লাখে। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ১ কোটি ৩৯ লাখে। আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম।

সবচেয়ে উদ্বেগের বিষয়, আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। আইডিএফের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালে দেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিস রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এতে চিকিৎসা, ওষুধ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যয় বাড়ার পাশাপাশি জাতীয় স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়বে বাড়তি চাপ।

রোগ ধরা পড়ে জটিলতা দেখা দেওয়ার পর
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, প্রাথমিক পর্যায়ে অধিকাংশ রোগীর শরীরে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে আক্রান্ত ব্যক্তি নিজেকে সুস্থ মনে করে স্বাভাবিক জীবনযাপন করেন। নিয়মিত পরীক্ষা না করানোর কারণে বছরের পর বছর রোগটি অশনাক্ত থেকে যায়। একপর্যায়ে কিডনি, চোখ, স্নায়ু কিংবা হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যান তাঁরা। তখন ডায়াবেটিসের পাশাপাশি অন্যান্য জটিলতার চিকিৎসাও শুরু করতে হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আক্রান্ত এবং অনাক্রান্ত—উভয় শ্রেণির মানুষেরই এ রোগ সম্পর্কে জানা প্রয়োজন। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডায়াবেটিস সম্পর্কে যথাযথ ধারণা থাকলে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া সহজ হয়।

বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম প্রধান অসংক্রামক জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এর প্রভাব ক্রমেই বাড়ছে। বাংলাদেশেও বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হলেও তাঁদের বড় অংশ রোগ সম্পর্কে অবগত নন। প্রাথমিক অবস্থায় লক্ষণ প্রকাশ না পাওয়ায় রোগ শনাক্ত হতে দেরি হচ্ছে। অনেকেই চিকিৎসকের কাছে আসছেন শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ার পর।

তিনি জানান, তাঁদের পরিসংখ্যানে রোগ শনাক্তের সময় ৫৩ শতাংশ রোগীর অন্তত একটি জটিলতা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশের স্নায়ু, কিডনি ও চোখের সমস্যা রয়েছে। প্রায় ১০ শতাংশ রোগীর রয়েছে হৃদরোগ কিংবা বড় রক্তনালির জটিলতা। এ অবস্থায় রোগ শনাক্তের জন্য জটিলতা দেখা দেওয়ার অপেক্ষা করা উচিত নয়। দ্রুত পরীক্ষা ও চিকিৎসা শুরু করা জরুরি।

অনিয়ন্ত্রিত জীবনযাপন বাড়াচ্ছে ঝুঁকি
ডায়াবেটিসের বিস্তারের পেছনে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত ফাস্টফুড, চর্বি ও ক্যালরিসমৃদ্ধ খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, নিয়মিত ব্যায়াম না করা এবং অতিরিক্ত ওজন এ রোগের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি পারিবারিক ইতিহাসসহ বিভিন্ন কারণেও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, জীবনযাপনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ডায়াবেটিস প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। নিয়মিত হাঁটা, শরীরচর্চা, সুষম খাবার গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে যাঁদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাঁদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

গর্ভকালীন ডায়াবেটিসেও বাড়ে ভবিষ্যৎ ঝুঁকি
নারীদের ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিস বাড়তি উদ্বেগের কারণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। একইভাবে তাঁদের সন্তানেরও পরবর্তী জীবনে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়তে পারে। গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে ঝুঁকি আরও বাড়ে। তাই বিশেষজ্ঞরা পরিকল্পিত গর্ভধারণ, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে শর্করা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছেন। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিলে মা ও সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

নিয়ন্ত্রণে অবহেলা, পরিণতি হতে পারে ভয়াবহ
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিউর, অন্ধত্ব ও স্নায়ুর জটিলতা দেখা দিতে পারে। এমনকি গুরুতর অবস্থায় পা বা শরীরের অন্য অঙ্গচ্ছেদের প্রয়োজনও হতে পারে। এসব জটিলতা শুধু রোগীর জীবনমানই কমায় না, পরিবারকেও দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পরিচর্যার চাপের মধ্যে ফেলে।

তবে চিকিৎসকদের মতে, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সঠিক ব্যবস্থাপনায় এর জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। এতে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপনও সম্ভব।

উপসর্গের অপেক্ষা নয়, প্রয়োজন নিয়মিত পরীক্ষা
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস শনাক্ত করতে অসুস্থ হওয়ার অপেক্ষা করা বিপজ্জনক। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা উচিত। অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস কিংবা অন্যান্য ঝুঁকির কারণ থাকলে আরও সচেতন হওয়া প্রয়োজন। ডায়াবেটিস শনাক্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।

দেশে যখন ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দেড় কোটির কাছাকাছি, তখন ৫৪ লাখের বেশি মানুষের রোগ সম্পর্কে অজ্ঞ থাকা জনস্বাস্থ্যের জন্য বড় সতর্কবার্তা। রোগটি যতটা নীরবে শরীরে ক্ষতি করে, ততটাই নীরবতা ভাঙা জরুরি সচেতনতার ক্ষেত্রে। কারণ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি হলো সময়মতো শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও নিয়ন্ত্রিত জীবনযাপন।

কালের আলো/আরআই/এমকে 

Link copied!