পেছনের ডান পায়ে গভীর ক্ষত। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছে না বন্য স্ত্রী হাতিটি। ক্ষতস্থান থেকে বের হচ্ছে পুঁজ, চামড়া উঠে গিয়ে ধরেছে পচন। এমন অসুস্থ অবস্থায়ও সঙ্গীকে একা ফেলে যায়নি একটি পুরুষ হাতি। স্ত্রী হাতিটি যখনই চলার চেষ্টা করছে, কাছাকাছি থাকছে সে। কষ্টে থেমে গেলে পাশে এসে দাঁড়াচ্ছে। কয়েক দিন ধরে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় দেখা যাচ্ছে হাতি দুটির এমন দৃশ্য।
আহত হাতিটির প্রতি পুরুষ হাতিটির এই সঙ্গ স্থানীয় মানুষের মধ্যে সহানুভূতি তৈরি করেছে। একই সঙ্গে গুরুতর আহত স্ত্রী হাতিটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বন বিভাগ জানিয়েছে, ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল হাতিটির চিকিৎসা দিতে ঘটনাস্থলে যাবে।
কয়েক দিন ধরে একই এলাকায় বিচরণ
সোমবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় হাতি দুটিকে দেখা যায়। এর আগের কয়েক দিন ধরে জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকাতেও তাদের বিচরণ করতে দেখা গেছে।
স্থানীয়দের ভাষ্য, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে যাওয়ায় সেখানে পচন ধরেছে। আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। হাঁটার চেষ্টা করলেও বারবার থেমে যেতে হচ্ছে তাকে।
সঙ্গীর পাশে পুরুষ হাতি
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী হাতিটি যখনই সামনে এগোনোর চেষ্টা করে, পুরুষ হাতিটিও তার কাছাকাছি থাকে। চলার সময় সঙ্গীকে অনুসরণ করে এবং স্ত্রী হাতিটির কষ্ট হলে পাশে এসে দাঁড়ায়। কয়েক দিন ধরে হাতি দুটিকে একসঙ্গে ঘুরতে দেখা গেলেও আহত স্ত্রী হাতিটিকে পুরুষ হাতিটি ছেড়ে চলে গেছে—এমন দৃশ্য কেউ দেখেননি।
বন্য প্রাণীর এমন দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। তবে আবেগের পাশাপাশি আহত হাতিটির চিকিৎসা নিয়ে তাঁদের উদ্বেগও বাড়ছে। ক্ষত আরও গুরুতর হওয়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
লোকালয়ে হাতির বিচরণ, ফসলের ক্ষতির অভিযোগ
বাহারছড়া এলাকায় খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। কখনো একা, কখনো জোড়ায় কিংবা দলবদ্ধভাবে বিভিন্ন এলাকায় বিচরণ করে তারা। এ সময় সুপারি বাগানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। হাতির আক্রমণে মানুষের আহত হওয়ার ঘটনাও ঘটে।
তবে এবার আহত হাতিটির অবস্থা স্থানীয়দের বিশেষভাবে ভাবিয়ে তুলেছে। তাঁদের মতে, হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় দ্রুত চিকিৎসা দেওয়া জরুরি। একই সঙ্গে চিকিৎসার সময় যেন হাতি দুটি আতঙ্কিত বা উত্তেজিত না হয়, সে বিষয়েও সতর্কতা প্রয়োজন।
চিকিৎসায় যাচ্ছে সাফারি পার্কের দল
বন বিভাগের শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি বলেন, হাতিটির চিকিৎসার জন্য ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করবে। পাশাপাশি আহত হাতিটির কাছে গিয়ে বিরক্ত করা বা আক্রমণের চেষ্টা না করতে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
আহত হাতিটির চিকিৎসা শুরু হলে তার শারীরিক অবস্থার উন্নতি হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। আর চিকিৎসার পুরো সময়ে সঙ্গী পুরুষ হাতিটি তার পাশে থাকতে পারবে কি না, সেটিও এখন তাঁদের কৌতূহলের বিষয়।
কালের আলো/এসকে/এমএসআইপি
