Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:৫১ পিএম

নলখাগড়া থেকে মহাকাশ, কলমের বিস্ময়কর যাত্রা

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:৫১ পিএম

নলখাগড়া থেকে মহাকাশ, কলমের বিস্ময়কর যাত্রা

হঠাৎ পড়তে বসে দেখলেন, হাতের কলমটির কালি শেষ। ঘরে খুঁজেও আরেকটি কলম পাওয়া গেল না। নতুন কলম কিনতে বাইরে গিয়ে দেখলেন, সব দোকান বন্ধ। তখনই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে—আজকের মতো কলম না থাকলে প্রাচীনকালের মানুষ কীভাবে লিখত? লেখার জন্য কি তাদেরও এমন সমস্যায় পড়তে হতো?

আজ আমরা যে প্লাস্টিকের বলপয়েন্ট কলম, ফাউন্টেন পেন কিংবা নানা ধরনের আধুনিক কলম ব্যবহার করি, সেগুলো একদিনে তৈরি হয়নি। হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের প্রয়োজন, বুদ্ধি ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বদলেছে লেখার উপকরণ। একসময় গাছের ডাল, নলখাগড়া ও পাখির পালক দিয়ে লেখা হতো। পরে এসেছে ধাতব নিব, কালি সংরক্ষণের ব্যবস্থা এবং আধুনিক বলপয়েন্ট কলম।

লেখার প্রয়োজন থেকেই কলমের সূচনা


প্রাচীনকালে মানুষ তথ্য আদান-প্রদান করত মূলত মুখে মুখে। গল্প, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় তথ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এভাবেই পৌঁছে যেত। কিন্তু মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে সব তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে। কৃষিকাজ, বাণিজ্য, খাদ্য সংরক্ষণ, সম্পদের হিসাব এবং লেনদেনের বিবরণ লিখে রাখার প্রয়োজন দেখা দেয়।

এই প্রয়োজন থেকেই মানুষ বিভিন্ন প্রতীক ও চিহ্ন ব্যবহার করে নিজের ভাব প্রকাশ করতে শুরু করে। ধীরে ধীরে গড়ে ওঠে লিখিত ভাষা। প্রাচীন লেখার অন্যতম একটি পদ্ধতি ছিল কিউনিফর্ম। প্রায় পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ায়, বর্তমান ইরাক অঞ্চলে, সুমেরীয়রা এই পদ্ধতিতে লিখত। শস্যের হিসাব, শ্রমিকদের মজুরি ও বাণিজ্যিক লেনদেনের তথ্য সংরক্ষণে লেখার ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রিড পেন: নলখাগড়ার তৈরি প্রথম দিকের কলম


ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব প্রায় ৩২০০ সালের দিকে প্রাচীন মিসরে নলখাগড়া দিয়ে লেখার উপকরণ তৈরি করা হতো। এগুলো পরিচিত ছিল রিড পেন নামে। নলখাগড়া বা কঞ্চির এক প্রান্ত তির্যকভাবে কেটে সরু ও ধারালো করা হতো। সেই অংশ দিয়ে কালি লাগিয়ে লেখা হতো।

তখনকার কালি তৈরি হতো বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে। কালো রঙের মাটি, আঠা ও গাছের রস ব্যবহার করে কালি বানানো হতো। লেখার জন্য ব্যবহৃত হতো প্যাপিরাস। সাইপেরাস প্যাপিরাস নামের একধরনের উদ্ভিদ থেকে তৈরি করা হতো এই লেখার উপকরণ। দেখতে অনেকটা পাতলা কাগজের মতো হওয়ায় এতে লেখা ও ছবি আঁকা সহজ ছিল।

কুইল পেন: পাখির পালকে লেখা


রিড পেনের পর লেখার ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয় কুইল পেন। খ্রিষ্টীয় ষষ্ঠ শতকের আগপর্যন্ত রিড পেনের ব্যবহার থাকলেও পরে পাখির পালক দিয়ে তৈরি কলমের প্রচলন বাড়তে থাকে।

সাধারণত রাজহাঁসসহ বড় পাখির ডানার পালক দিয়ে কুইল পেন তৈরি করা হতো। পালকের এক প্রান্ত কেটে নিবের মতো করে নেওয়া হতো। এর সাহায্যে পার্চমেন্ট বা প্রাণীর চামড়ায় লেখা যেত। সূক্ষ্ম ডগার কারণে ছোট অক্ষর লেখা এবং নকশা আঁকাও তুলনামূলক সহজ ছিল।

ইংরেজি ‘পেন’ শব্দটির উৎপত্তি লাতিন ‘পেন্না’ শব্দ থেকে। এর অর্থ পাখির পালক। কুইল পেনের সঙ্গে শব্দটির এই ইতিহাসও জড়িয়ে আছে।

স্টিল নিব: কলমে ধাতুর ব্যবহার


সময়ের সঙ্গে মানুষের প্রযুক্তিগত দক্ষতা বাড়তে থাকে। বিশেষ করে শিল্পবিপ্লবের সময় বিভিন্ন যন্ত্রের সাহায্যে বিপুল পরিমাণে পণ্য তৈরি করা সম্ভব হয়। এর প্রভাব পড়ে কলম তৈরিতেও। পাখির পালকের পরিবর্তে ধাতব নিব তৈরির প্রচলন শুরু হয়।

জন মিচেল ইস্পাতের নিব ব্যাপকভাবে তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। পরে ১৮২৫ সালে তাঁর ভাই উইলিয়াম মিচেল ইংল্যান্ডের বার্মিংহামে ইস্পাতের নিব তৈরির ব্যবসা শুরু করেন। ধাতব নিব ছিল পালকের কলমের তুলনায় বেশি টেকসই। পাশাপাশি কম খরচে দ্রুত তৈরি করা সম্ভব হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়ে।

তবে এই কলম ব্যবহারের একটি অসুবিধা ছিল। প্রতিবার লেখার সময় নিবকে কালির দোয়াতে ডুবিয়ে নিতে হতো। সুন্দর হাতের লেখা, ক্যালিগ্রাফি ও ছবি আঁকার কাজে এ ধরনের কলম বেশ জনপ্রিয় ছিল।

ফাউন্টেন পেন: কলমের ভেতরেই কালি


কলমের ইতিহাসে বড় পরিবর্তন আসে ফাউন্টেন পেনের আবিষ্কারে। ১৮২৭ সালে রোমানিয়ার উদ্ভাবক পেট্রাচে পোয়েনারু এমন একটি কলম তৈরি করেন, যার ভেতরেই কালি রাখা যেত। তিনি এটিকে নিজের কালি বহন করতে পারে এমন বহনযোগ্য কলম হিসেবে বর্ণনা করেছিলেন।

তবে শুরুর দিকের ফাউন্টেন পেনে কালি চুইয়ে পড়ার সমস্যা ছিল। পরবর্তী সময়ে এই সমস্যা সমাধানে বিভিন্ন উন্নয়ন করা হয়। ১৮৮৪ সালে লুইস এডসন ওয়াটারম্যান আধুনিক কার্যকর ফাউন্টেন পেন তৈরি করেন এবং এর পেটেন্ট নেন।

ফাউন্টেন পেনের সবচেয়ে বড় সুবিধা হলো, এতে আলাদা কালির দোয়াতে বারবার নিব ডোবানোর প্রয়োজন হয় না। কলমের ভেতরে থাকা কালি নিবের মাধ্যমে কাগজে পৌঁছে যায়। কিছু উন্নত মানের ফাউন্টেন পেনে সোনার নিবও ব্যবহার করা হয়, যা লেখাকে আরও মসৃণ করে।

বলপয়েন্ট কলম: লেখার জগতে নতুন বিপ্লব


বিশ শতকে এসে কলমের ব্যবহার আরও সহজ হয়ে ওঠে। ফাউন্টেন পেনের পাশাপাশি জনপ্রিয়তা পেতে শুরু করে বলপয়েন্ট কলম। ১৯৩০-এর দশকে হাঙ্গেরীয় সাংবাদিক লাসজলো বিরো সাধারণ কালির নানা অসুবিধা লক্ষ করেন। সাধারণ কালি শুকাতে সময় নিত এবং অনেক সময় কাগজে দাগ ছড়িয়ে পড়ত। এ সমস্যা সমাধানের জন্য তিনি দ্রুত শুকিয়ে যায় এমন কালির কলম তৈরির চেষ্টা করেন।

পরে একজন আমেরিকান উদ্ভাবকের সহায়তায় তিনি বলপয়েন্ট কলম তৈরি করেন। এই কলমের নিবে থাকে ছোট একটি বল। কাগজের ওপর কলম চালালে বলটি ঘুরতে থাকে এবং তার মাধ্যমে কালি কাগজে ছড়িয়ে পড়ে। ফলে তুলনামূলক দ্রুত লেখা যায় এবং কালি ছড়িয়ে পড়ার ঝামেলাও কমে।

সহজ ব্যবহার, কম দাম ও সহজলভ্যতার কারণে বলপয়েন্ট কলম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে শিক্ষার্থী থেকে শুরু করে পেশাজীবী—প্রায় সব শ্রেণির মানুষের দৈনন্দিন জীবনে এই কলমের ব্যবহার রয়েছে।

মহাকাশেও লেখা যায় যে কলমে


কলমের ইতিহাস শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। মহাকাশে লেখার জন্যও বিশেষ ধরনের কলম তৈরি করা হয়েছে। সাধারণ কলম মহাকাশের শূন্য অভিকর্ষ পরিবেশে ঠিকভাবে কাজ করতে পারে না। এই সমস্যা সমাধানে ১৯৬০-এর দশকে পল ফিশার তৈরি করেন ফিশার স্পেস পেন।

এই কলমের বিশেষ নকশার কারণে মহাকাশের মতো পরিবেশেও লেখা সম্ভব। শুধু তা-ই নয়, পানির নিচে এবং প্রচণ্ড ঠান্ডা বা গরম পরিবেশেও এটি ব্যবহার করা যায়। নির্দিষ্ট তাপমাত্রার সীমার মধ্যে কলমটি কাজ করতে পারে বলে বিভিন্ন প্রতিকূল পরিবেশে এটি কার্যকর।

দামি ও বিশাল কলমের অদ্ভুত গল্প
কলম কখনো কখনো শুধু লেখার উপকরণ নয়, হয়ে ওঠে শিল্পকর্ম ও সংগ্রহের বস্তু। এমনই একটি ব্যয়বহুল কলম হলো ‘ফুলগর নকটারনাস’। ইতালির টিবাল্ডি কোম্পানির তৈরি এই কলমে হীরা ও মূল্যবান রত্ন ব্যবহার করা হয়েছে। ২০২০ সালে এটি প্রায় ৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে, পৃথিবীর সবচেয়ে বড় কলম তৈরির কৃতিত্ব রয়েছে ভারতের আচার্য মাকুনুরি শ্রীনিবাসের। ২০১১ সালে তিনি প্রায় ১৮ ফুট লম্বা ও ৩৭ কেজি ওজনের একটি বিশাল কলম তৈরি করেন। ২৪ এপ্রিল সেটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

হাজার বছরের বিবর্তনে আজকের কলম
একসময় মানুষ নলখাগড়া বা পাখির পালক দিয়ে লিখত। এরপর এসেছে ধাতব নিব, ফাউন্টেন পেন এবং বলপয়েন্ট কলম। প্রযুক্তির উন্নতির সঙ্গে কলম হয়েছে আরও সহজ, টেকসই ও ব্যবহারবান্ধব। এখন ডিজিটাল যুগে কিবোর্ড, টাচস্ক্রিন ও স্টাইলাসের ব্যবহার বাড়লেও হাতে কলম নিয়ে লেখার গুরুত্ব এখনো কমেনি।

মানুষের চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতা সংরক্ষণের যে প্রয়োজন থেকে লেখার যাত্রা শুরু হয়েছিল, কলমের দীর্ঘ ইতিহাস সেই প্রয়োজনেরই এক বিস্ময়কর উদাহরণ।

কালের আলো/এসএ/জেএন

Link copied!