ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে চিত্রা নদী থেকে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার তত্তিপুর, মাগুরা ও পাঁচকাহুনিয়াসহ কয়েকটি এলাকায় নদীতীর ঘেঁষে এক্সক্যাভেটর দিয়ে গভীর রাত পর্যন্ত মাটি তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে ডাম্প ট্রাক ও ট্রাক্টরে করে এসব মাটি নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটা ও অন্য স্থানে। এ ঘটনায় নদীর পরিবেশ ও তীরবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
রাত নামলেই নদীতে বসে মাটি কাটার যন্ত্র
স্থানীয়দের অভিযোগ, দিনের আলো কমে আসার সঙ্গে সঙ্গেই চিত্রা নদীর বিভিন্ন স্থানে বসানো হচ্ছে বড় আকারের এক্সক্যাভেটর বা ভেকু। এরপর গভীর রাত পর্যন্ত নদীর তীরবর্তী এলাকা থেকে মাটি কাটা চলে। উত্তোলিত মাটি ডাম্প ট্রাক ও ট্রাক্টরে করে সরিয়ে নেওয়া হয় স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে।
এলাকাবাসী জানান, ভারী যানবাহনের চলাচল ও মাটি পরিবহনের কারণে রাতের ঘুম ব্যাহত হচ্ছে তাঁদের। গভীর রাতে ট্রাক ও ট্রাক্টরের বিকট শব্দে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর প্রতিকার মেলেনি।
প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ
মালিয়াট ইউনিয়নের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় নদী থেকে মাটি উত্তোলন ও বিক্রির কার্যক্রম চলছে। তাঁদের অভিযোগ, জামাল বিশ্বাস নামের এক ব্যক্তি স্থানীয় একটি ইটভাটায় দুই শতাধিক ট্রাক্টর মাটি বিক্রি করেছেন।
এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী কয়েকজন সম্ভাব্য প্রার্থীসহ স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন তাঁরা। এ প্রসঙ্গে হোসেন মুন্সী, আবদুল মজিদ, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান, জাকির হোসেন এবং এক নারী ইউপি সদস্যের ছেলে নাজমুলের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের কয়েকজন তা অস্বীকার করেছেন।
অভিযোগ অস্বীকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের
মাটি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সী। তিনি জানান, শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকায় এ ধরনের ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
অপর সম্ভাব্য প্রার্থী আবদুল মজিদও অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কখনো মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে একটি পক্ষ তাঁর সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
জনবল সংকটের কথা জানাল প্রশাসন
চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
তিনি বলেন, রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি জেনেছেন। তবে পর্যাপ্ত জনবল না থাকায় রাতের বেলায় সরাসরি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। বিষয়টি জেলা সমন্বয় সভায় পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। দিনের বেলায় কেউ মাটি কাটলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নদী রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
চিত্রা নদী থেকে রাতের আঁধারে মাটি উত্তোলনের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের আশঙ্কা, এভাবে নির্বিচারে মাটি কাটা অব্যাহত থাকলে নদীর তীর ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ভারী যানবাহনের চলাচলে স্থানীয় সড়ক ও জনজীবনেও প্রভাব পড়ছে।
স্থানীয়দের দাবি, শুধু অভিযোগ গ্রহণ বা নির্দেশনা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে রাতের বেলায় মাটি উত্তোলন বন্ধে কার্যকর নজরদারি ও অভিযান চালাতে হবে। একই সঙ্গে কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
কালের আলো/এএএন/এমএসআইপি
