Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:১৬ পিএম

দ্রুতগতির জীবনে প্রশান্তির খোঁজ ‘নোনাম্যাক্সিংয়ে’

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:১৬ পিএম

দ্রুতগতির জীবনে প্রশান্তির খোঁজ ‘নোনাম্যাক্সিংয়ে’

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে তুলে ধরা, ক্যারিয়ারে সবার চেয়ে এগিয়ে থাকা, আরও বেশি সাফল্য অর্জন—আধুনিক জীবনে যেন প্রতিনিয়ত এমন এক প্রতিযোগিতার মধ্যে থাকতে হচ্ছে মানুষকে। কাজের চাপ, সময়ের অভাব আর ডিজিটাল দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাচ্ছে পরিবারকে সময় দেওয়া কিংবা নিজের পছন্দের কাজ করার সুযোগ। এই বাস্তবতায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক জীবনধারা—‘নোনাম্যাক্সিং’।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণেরা বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এই জীবনধারার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এর মূল দর্শন হলো দাদি-নানিদের সময়কার মতো ধীরস্থিরভাবে জীবনযাপন করা। যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে ছুটে চলার বদলে পরিবার, সম্পর্ক, শখ এবং নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই প্রবণতা এখন জীবনযাপনের নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নোনাম্যাক্সিং আসলে কী?
‘নোনাম্যাক্সিং’ মূলত এমন একটি জীবনধারা, যেখানে পুরোনো দিনের ধীরগতির জীবনযাপনের ইতিবাচক দিকগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। দাদি-নানিদের মতো সময় নিয়ে রান্না করা, পরিবারের সঙ্গে বসে খাওয়া, গল্প করা, বই পড়া, সেলাই কিংবা বাগান করার মতো কাজ এতে গুরুত্ব পায়।

এই জীবনধারায় সব সময় উৎপাদনশীল থাকতে হবে কিংবা অন্যদের চেয়ে ভালো কিছু অর্জন করতে হবে—এমন কোনো চাপ নেই। বরং দৈনন্দিন কাজের বাইরে নিজের জন্য সময় বের করা এবং ছোট ছোট মুহূর্ত উপভোগ করাই এর মূল লক্ষ্য।

আগের প্রজন্মের মানুষেরা অবসর সময়ে সেলাই, উল বোনা, কুরুশকাঁটার কাজ, পিঠা তৈরি কিংবা বই পড়ার মতো কাজে সময় কাটাতেন। বর্তমানের তরুণেরা সেই অভ্যাসগুলোর প্রতি নতুন করে আগ্রহী হচ্ছেন। তবে এর অর্থ আধুনিক জীবন পুরোপুরি ছেড়ে অতীতে ফিরে যাওয়া নয়; বরং পুরোনো দিনের ধীরস্থির মানসিকতা থেকে অনুপ্রেরণা নেওয়া।

কোথা থেকে এলো নোনাম্যাক্সিং নামটি?
‘নোনাম্যাক্সিং’ শব্দটির জনপ্রিয়তার পেছনে রয়েছে এয়ারবিএনবিতে পরিচিতি পাওয়া ‘নোনাস হ্যান্ডমেড পাস্তা উইথ গ্র্যান্ডমা’ নামের একটি অভিজ্ঞতা। ইতালিতে এ আয়োজনের মাধ্যমে ভ্রমণকারীরা স্থানীয় দাদি-নানিদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। তাঁদের কাছ থেকে হাতে পাস্তা তৈরি শেখা, ঐতিহ্যবাহী খাবার রান্না করা এবং একসঙ্গে বসে খাওয়ার অভিজ্ঞতা নিতে পারেন।

এই আয়োজনের মূল আকর্ষণ শুধু রান্না শেখা নয়, বরং স্থানীয় বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটানো এবং তাঁদের জীবনযাপনের ধরন কাছ থেকে দেখা। ধীরে ধীরে দাদি-নানিদের মতো জীবন উপভোগ করার এই ধারণার নাম হয়ে যায় ‘নোনাম্যাক্সিং’।

কেমন হয় নোনাম্যাক্সিং জীবনধারা?
এই জীবনধারায় ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় রাখা হয়। রান্নার জন্য তৈরি খাবারের পরিবর্তে সময় নিয়ে নিজের হাতে খাবার তৈরি করা, পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে খাওয়া কিংবা বিকেলে হাঁটতে বের হওয়া এর অংশ।

অবসর সময় কাটানোর ক্ষেত্রেও এখানে রয়েছে ভিন্নতা। মুঠোফোনে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের জীবন অনুসরণ করার বদলে সৃজনশীল কাজে মনোযোগ দেওয়া হয়। কেউ বই পড়েন, কেউ বাগান করেন, কেউ সেলাই কিংবা হাতের কাজ শেখেন।

এ ছাড়া সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ, পরিবারের সদস্যদের সময় দেওয়া এবং সম্পর্কের যত্ন নেওয়াকে গুরুত্ব দেওয়া হয়। ভ্রমণেও ছবি তোলা বা সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেওয়ার চেয়ে জায়গাটিকে অনুভব করা এবং সেখানকার মানুষের সঙ্গে সময় কাটানোকে প্রাধান্য দেওয়া হয়।

অর্থাৎ, নোনাম্যাক্সিং মানে প্রযুক্তি কিংবা আধুনিক জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। বরং প্রয়োজনের বাইরে ডিজিটাল ব্যস্ততা কমিয়ে বাস্তব জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করা।

বিশ্বজুড়ে তরুণদের আগ্রহ বাড়ছে
নোনাম্যাক্সিং এখন আর কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের একটি আলোচিত শব্দ নয়। ভ্রমণ ও অবসর কাটানোর ক্ষেত্রেও এর প্রভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণে যাওয়া জেন-জি পর্যটকদের ৭৬ শতাংশের মধ্যে নোনাম্যাক্সিংয়ের প্রবণতা দেখা গেছে।

তাঁরা ভ্রমণের সময় ব্যস্ত সূচি অনুসরণ না করে ধীরস্থিরভাবে সময় কাটাতে আগ্রহী হচ্ছেন। জাপানে ভ্রমণে যাওয়া অনেক তরুণ স্থানীয় বয়স্ক মানুষদের গাইড হিসেবেও বেছে নিচ্ছেন। এর মাধ্যমে তাঁরা শুধু দর্শনীয় স্থান দেখছেন না, বরং স্থানীয় সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কেও জানার সুযোগ পাচ্ছেন।

স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
নোনাম্যাক্সিংয়ের বেশ কিছু অভ্যাস শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক হতে পারে। নিউ জার্সির পুষ্টিবিদ এরিন প্যালিনস্কি-ওয়েডের মতে, বাড়িতে তৈরি খাবার সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। নিজের হাতে খাবার তৈরি এবং মনোযোগ দিয়ে খাওয়ার অভ্যাস ‘মাইন্ডফুল ইটিং’ বা সচেতনভাবে খাবার গ্রহণের চর্চাকেও উৎসাহিত করে।

পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাওয়ার মধ্যেও রয়েছে মানসিক প্রশান্তির সুযোগ। এতে মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ বাড়ে।

তবে নোনাম্যাক্সিং অনুসরণ করতে গিয়ে নতুন করে কোনো চাপ তৈরি করা উচিত নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে হবে কিংবা নির্দিষ্ট নিয়ম মেনেই জীবন কাটাতে হবে—এমন ধারণা এই জীবনধারার মূল উদ্দেশ্যের সঙ্গে যায় না। বরং নিজের সুবিধা অনুযায়ী পুরোনো দিনের ভালো অভ্যাসগুলো ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হচ্ছে।

মানসিক প্রশান্তি কি সত্যিই মিলবে?
ক্যালিফোর্নিয়ার মনোবিদ লরি সিঙ্গারের মতে, ডিজিটাল স্ক্রিন থেকে কিছুটা দূরে থেকে বাস্তব জীবনের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের জীবন, সাফল্য কিংবা অর্জনের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা অনেক সময় আত্মমর্যাদাবোধে নেতিবাচক প্রভাব ফেলে।

অন্যদিকে, সেলাই, বাগান করা, রান্না কিংবা বই পড়ার মতো কাজে মনোযোগ দিলে চিন্তার চাপ থেকে কিছুটা বিরতি পাওয়া যায়। হাতে-কলমে সৃজনশীল কাজ করার মধ্য দিয়ে মনোযোগ ধরে রাখা এবং দুশ্চিন্তা কমানোর সুযোগ তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, জীবনের গতি কিছুটা কমিয়ে নিজের পছন্দের কাজে সময় দেওয়া মানসিক প্রশান্তি খুঁজে পেতে সহায়ক হতে পারে। তবে সবার জীবনযাত্রা ও প্রয়োজন এক নয়। তাই অন্যের অনুকরণে নয়, নিজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে এই অভ্যাসগুলো গ্রহণ করাই গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে নোনাম্যাক্সিংয়ের জনপ্রিয়তা আধুনিক জীবনের একটি পরিবর্তিত চাহিদার ইঙ্গিত দিচ্ছে। যেখানে সাফল্য, প্রতিযোগিতা ও ডিজিটাল উপস্থিতির পাশাপাশি মানুষ সম্পর্ক, অবসর এবং ব্যক্তিগত আনন্দকেও গুরুত্ব দিতে চাইছে। হয়তো এই কারণেই নতুন প্রজন্মের কাছে দাদি-নানিদের ধীরস্থির জীবনযাপনের অভ্যাস আবার আকর্ষণীয় হয়ে উঠছে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!