হলিউড তারকা উইল স্মিথের ছেলে জাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন আইকন মিশেল লামির প্রেম ও বাগদানের খবর ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ২৮ বছর বয়সী জাডেনের সঙ্গে ৫৪ বছরের বড় মিশেল লামির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা। কেউ কেউ বিষয়টিকে অসম বয়সী প্রেমের ঘটনা হিসেবে দেখলেও, এর পেছনের সত্য সামনে আসার পর জানা গেছে, পুরো গল্পটিই ভুয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকারদের অনুসন্ধানে উঠে এসেছে, জাডেন স্মিথ ও মিশেল লামির প্রেম কিংবা বাগদানের কোনো বাস্তব ভিত্তি নেই। এবিসি ১০ নিউজের ফ্যাক্ট-চেক প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্তরঙ্গ ছবি ও ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অথবা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করা হয়েছে। অর্থাৎ ভাইরাল হওয়া দৃশ্যগুলোকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হলেও সেগুলোর সত্যতা নেই।
যেভাবে ছড়াল প্রেম ও বাগদানের গুঞ্জন
ঘটনার সূত্রপাত গত ৯ নভেম্বর। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে দাবি করা হয়, জাডেন স্মিথ আশীর্বাদ নিতে মিশেল লামির বাড়িতে গিয়েছিলেন। শুরুতে বিষয়টি মা-ছেলের মতো স্নেহপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়। কিন্তু পরদিন থেকেই কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট থেকে তাদের প্রেমের সম্পর্ক ও বাগদানের দাবি ছড়াতে থাকে।
এরপর জাডেন ও মিশেলকে একসঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে—এমন কিছু ছবি এবং চুম্বনের দৃশ্যসংবলিত কৃত্রিম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ঘটনাটিকে সত্য বলে ধরে নেন। তবে ফ্যাক্ট-চেকের মাধ্যমে সেগুলোর কৃত্রিম হওয়ার বিষয়টি সামনে আসে।
কে এই মিশেল লামি?
ফ্যাশন দুনিয়ায় মিশেল লামি অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী একটি নাম। ব্যতিক্রমী পোশাক, সোনার দাঁত, কালো রঙ করা আঙুল এবং অদ্ভুত নকশার গয়নার জন্য তিনি বিশেষভাবে আলোচিত। ফ্যাশন জগতে পরিচিতি পাওয়ার আগে ফ্রান্সে আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি।
মিশেল লামি বিখ্যাত মার্কিন ফ্যাশন ডিজাইনার রিক ওয়েন্সের স্ত্রী। ফ্যাশন জগতের নিজস্ব স্বতন্ত্র উপস্থিতি ও ব্যক্তিত্বের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি।
সব মিলিয়ে জাডেন স্মিথ ও মিশেল লামির প্রেম কিংবা বাগদানের খবরের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর পেছনে এআই প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া অ্যাকাউন্টের ভূমিকার তথ্য সামনে এসেছে। ফলে আলোচিত এই প্রেমের গল্প বাস্তব কোনো সম্পর্কের ঘটনা নয়; এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর গুজব।
কালের আলো/এসএ/জেএন
