এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে রানের পাহাড় গড়ার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দল। ম্যাচে কোনো উইকেট না হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ, জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের বড় সংগ্রহ
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার হোসেন ও সালমান।
দুজনের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে নির্ধারিত ২০ ওভারে বিনা উইকেটে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে তিনি মারেন সাতটি চার ও একটি ছক্কা।
অন্যদিকে, সমান ৬৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তাঁর ইনিংসে ছিল চারটি চার। দুই ওপেনারের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এ ছাড়া অতিরিক্ত থেকে যোগ হয় আরও ৩১ রান।
ব্যাট হাতে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা
২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় তারা।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।
বাংলাদেশের বোলিংয়েও ছিল নিয়ন্ত্রণ
বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। অন্য বোলাররাও রান আটকে রেখে শ্রীলঙ্কার ব্যাটারদের বড় জুটি গড়ার সুযোগ দেননি। ব্যাটিংয়ে দুই ওপেনারের দুর্দান্ত পারফরম্যান্স এবং বোলারদের নিয়ন্ত্রিত নৈপুণ্যে শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
কালের আলো/এসকে/এমএসআইপি
