Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:৫৮ পিএম

শিশুকে নিয়ে রিকশায় চলাচলে সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:৫৮ পিএম

শিশুকে নিয়ে রিকশায় চলাচলে সতর্কতা

রাজধানীর বনশ্রীতে সকালের ব্যস্ত সড়ক। ছেলেকে নিয়ে স্কুলের সামনে রিকশা থেকে নামলেন সোনিয়া আক্তার। নেমেই সন্তানের হাত ধরে দ্রুত ফুটপাতে নিয়ে গেলেন। বারবার পেছনে তাকাচ্ছিলেন, পাছে কোনো রিকশা এসে ধাক্কা দেয়। শিশুকে নিয়ে রাস্তায় চলাচলের সময় এমন উদ্বেগ এখন অনেক অভিভাবকেরই। বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ায় এই দুশ্চিন্তা আরও বেড়েছে।

সোনিয়া আক্তার জানান, সন্তানকে নিয়ে রিকশায় চলাচলের সময় পুরো পথই সতর্ক থাকতে হয়। তাঁর ভাষায়, শিশুরা রিকশায় বসে আশপাশের যানবাহন দেখতে গিয়ে একদিকে ঝুঁকে পড়ে কিংবা কৌতূহলবশত হাত বাইরে বের করে দেয়। তাই তিনি ছেলেকে সব সময় আগলে রাখেন এবং চালককে ধীরে চালানোর অনুরোধ করেন।

শিশু নিয়ে কোন রিকশায় চলবেন
শুধু অভিভাবকের সতর্কতাই নয়, শিশুকে নিয়ে কী ধরনের রিকশায় চলাচল করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। পায়ে টানা রিকশা এখন খুব একটা চোখে পড়ে না। অন্যদিকে যন্ত্রচালিত রিকশার রয়েছে বিভিন্ন ধরন।

ঢাকার ওয়ারী ট্রাফিক জোনের সহকারী ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (এটিএসআই) মো. আনওয়ারুল ইসলাম বলেন, চিকন চাকার অটোরিকশা তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ। এসব রিকশার গতি বেশি থাকে। হঠাৎ জোরে ব্রেক করলে ভারসাম্য হারিয়ে উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশুদের নিয়ে চলাচলের সময় এ ধরনের রিকশা এড়িয়ে চলা উচিত।

অন্যদিকে মোটা চাকার অটোরিকশা তুলনামূলক ধীরগতিতে চলে এবং এগুলোর ভারসাম্যও কিছুটা ভালো থাকে। তাই শিশুদের নিয়ে যাতায়াতের সময় চিকন চাকার পরিবর্তে মোটা চাকার অটোরিকশা ব্যবহারের পরামর্শ দেন তিনি।

শিশুকে একা বসতে দেবেন না
ছোট শিশুকে যন্ত্রচালিত ভ্যান বা রিকশায় একা বসিয়ে রাখা উচিত নয়। অভিভাবককে শিশুর পাশে বসে এক হাতে তাকে নিরাপদে ধরে রাখতে হবে। শিশুকে আসনের একেবারে কোনায় বসানোও ঠিক নয়। ঝাঁকুনি বা হঠাৎ ব্রেকের সময় সেখান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

হাত-পা রাখুন রিকশার ভেতরে
চলন্ত রিকশায় শিশুরা কৌতূহলবশত হাত, পা কিংবা মাথা বাইরে বের করতে পারে। এতে পাশ দিয়ে যাওয়া গাড়ি, মোটরসাইকেল বা অন্য রিকশার সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। তাই শুরু থেকেই শিশুকে হাত-পা রিকশার ভেতরে রাখার অভ্যাস করাতে হবে।

ঝাঁকুনি ও হঠাৎ ব্রেকের বিষয়ে সতর্ক থাকুন
রিকশা চলার সময় শিশুকে হাত দিয়ে ধরে রাখতে হবে। বিশেষ করে রাস্তার গর্ত, গতিরোধক কিংবা মোড়ে চালক হঠাৎ ব্রেক করলে শিশু সামনের দিকে ছিটকে পড়তে পারে। শিশুকে আসনের ওপর দাঁড়ানো, লাফানো কিংবা এক পাশ থেকে অন্য পাশে ঝুঁকে পড়তে দেওয়া যাবে না।

অতিরিক্ত যাত্রী তুলবেন না
একটি রিকশায় আসনের তুলনায় বেশি যাত্রী উঠলে ভারসাম্য নষ্ট হতে পারে। শিশুর সঙ্গে অতিরিক্ত যাত্রী থাকলে বসার জায়গা সংকুচিত হয় এবং শিশুর পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই রিকশায় যতজনের নিরাপদে বসার জায়গা রয়েছে, তার বেশি যাত্রী নিয়ে ওঠা উচিত নয়।

রিকশার অবস্থা দেখে নিন
রিকশায় ওঠার আগে আসন, চাকা, পাদানি ও ব্রেকের অবস্থা দেখে নেওয়া ভালো। আসন নড়বড়ে হলে কিংবা ব্রেক ঠিকমতো কাজ না করলে সেই রিকশায় না ওঠাই নিরাপদ। রিকশায় ওঠার পর চালককে ধীরে ও সতর্কভাবে চালানোর অনুরোধ করতে পারেন।

নিরাপদ পথ বেছে নিন
ঢাকার অনেক সড়কে রিকশা চলাচলের সময় উল্টো পথে যাওয়া, যানবাহনের ফাঁক গলে দ্রুত চলা কিংবা ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দেখা যায়। এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শিশুদের নিয়ে চলাচলের সময় সম্ভব হলে ব্যস্ত মোড় ও ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলা উচিত। বৃষ্টি বা পিচ্ছিল রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

আনওয়ারুল ইসলাম বলেন, প্রতিদিন সড়কে চলাচলের সময় নানা ধরনের অনিয়ম ও অসতর্কতা চোখে পড়ে। অনেক চালক দ্রুত গন্তব্যে পৌঁছাতে গিয়ে উল্টো পথে রিকশা চালান কিংবা যানবাহনের ফাঁক দিয়ে চলাচল করেন। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কোনো দুর্ঘটনা ঘটলে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চালক ও যাত্রী—উভয়কেই ট্রাফিক আইন মেনে চলতে হবে।

ওঠা ও নামার সময় বাড়তি সতর্কতা
অনেক সময় চালকেরা রাস্তার মাঝখানেই রিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করান। এতে পেছন থেকে আসা অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। তাই রিকশা নিরাপদ পাশে থামিয়ে শিশুকে ওঠাতে ও নামাতে হবে। রিকশা পুরোপুরি থামার পর শিশুকে নামাতে হবে। এরপর তার হাত ধরে ফুটপাত বা নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। রিকশা থেকে নেমেই শিশুকে রাস্তার দিকে দৌড়াতে দেওয়া যাবে না।

মুঠোফোনে নয়, নজর রাখুন শিশুর দিকে
রিকশায় বসে অভিভাবকের মুঠোফোনে ব্যস্ত থাকা উচিত নয়। শিশুর ঘুমিয়ে পড়া, হঠাৎ নড়াচড়া কিংবা আসন থেকে পিছলে যাওয়ার মতো বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শিশুর সঙ্গে কথা বলে তাকে বোঝাতে হবে, চলন্ত অবস্থায় হাত-পা বাইরে বের করা, দাঁড়ানো কিংবা একদিকে ঝুঁকে পড়া কেন বিপজ্জনক।

শিশুর কাছে রিকশায় চড়া হয়তো প্রতিদিনের সাধারণ যাতায়াত। কিন্তু এই ছোট্ট যাত্রায় সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অভিভাবকের সচেতনতা, চালকের দায়িত্বশীলতা এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস শিশুর যাত্রাকে নিরাপদ করতে পারে। গন্তব্যে দ্রুত পৌঁছানোর চেয়ে শিশুকে নিরাপদে পৌঁছে দেওয়াই সবচেয়ে জরুরি।

কালের আলো/এসএ/এসএআর

Link copied!