Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:২৪ পিএম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:২৪ পিএম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও একবার বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার—শ্রেষ্ঠ পরিচালক’ অর্জন করেছেন তিনি। নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’র জন্য এই সম্মাননা পেয়েছেন নির্মাতা।

গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই ‘সাঁকোটা দুলছে’ সিনেমার পরিচালনার জন্য ইশতিয়াক আহমেদ জিহাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ এই পুরস্কার।

তিন নারীর জীবনসংগ্রাম নিয়ে সিনেমা
৮০ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।

সিনেমায় পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের মধ্যে নারীদের জীবনযাপনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। প্রচলিত সামাজিক কাঠামোর নানা বাধা এবং সেই বাধা অতিক্রম করে নিজেদের মতো করে বাঁচার আকাঙ্ক্ষা চলচ্চিত্রটির অন্যতম প্রধান বিষয়। নির্মাতা এসব বাস্তবতাকে স্বতন্ত্র ও কাব্যিক চলচ্চিত্রভাষায় পর্দায় উপস্থাপন করেছেন।

বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনা
‘সাঁকোটা দুলছে’ নির্মিত হয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘মনপাচিত্র’ এবং জার্মানির ‘মোগাদর ফিল্ম’-এর যৌথ প্রযোজনায়। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে। সহপ্রযোজক ফজলে হাসান শিশির এবং পরামর্শক প্রযোজক হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট। ছবিটির চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক।

চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ আরও অনেকে।

বিশ্বজুড়ে উৎসব ও পুরস্কারে প্রশংসিত
চলতি বছর চীনের ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করে ‘সাঁকোটা দুলছে’। এরপর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা পাওয়ার পাশাপাশি ছবিটি ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

এর মধ্যে রয়েছে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গোল্ডেন গোবলেট পুরস্কার—শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, রাশিয়ার ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবের গোল্ডেন ক্রেন পুরস্কার—শ্রেষ্ঠ চিত্রগ্রহণ এবং আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার—শ্রেষ্ঠ পরিচালক।

পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবেও জায়গা করে নিয়েছে সিনেমাটি। মিসরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহে নির্বাচিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। পোল্যান্ডের ৩৪তম এনার্গাক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুটি প্রতিযোগিতা বিভাগেও রয়েছে ছবিটি।

এ ছাড়া বেলারুশের ৩২তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্তাপাদ’-এর ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। ইন্দোনেশিয়ার ২১তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান পার্সপেক্টিভস’ বিভাগেও প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে এটি।

সিল্ক রোড চলচ্চিত্র উৎসবের গুরুত্ব
২০১২ সালে প্রতিষ্ঠিত সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিবছর আয়ারল্যান্ডে আয়োজন করা হয়। ঐতিহাসিক সিল্ক রোডের সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ঐতিহ্যকে ধারণ করে এই উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যোগাযোগ, যৌথ প্রযোজনা এবং সৃজনশীল সহযোগিতার সুযোগ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।

উৎসবটির আগের আসরগুলোতে অংশ নিয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র নির্মাতা বেলা তার, আবেল ফেরারা ও ক্লেয়ার দনিস। এ ছাড়া চিত্রগ্রাহক ভিত্তোরিও স্তোরারো ও মাহমুদ কালারির মতো চলচ্চিত্র ব্যক্তিত্বও উৎসবটিতে যুক্ত ছিলেন।

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। ডাবলিনের এই সম্মাননা তার নির্মাণযাত্রায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতিকেও আরও দৃশ্যমান করল।

কালের আলো/এসএ/টিসি

Link copied!