Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:২০ পিএম

টেস্টে বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি, লিটনের হাত ধরে ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:২০ পিএম

টেস্টে বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি, লিটনের হাত ধরে ইতিহাস

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল এক ঐতিহাসিক সেঞ্চুরি দিয়ে। ২০০০ সালের ১১ নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় দিনে শতক তুলে নিয়েছিলেন আমিনুল ইসলাম। ৭০ রান নিয়ে দিন শুরু করে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দেশের প্রথম টেস্ট ম্যাচেই শতক করে ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই বিরল কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আমিনুলের সেই ঐতিহাসিক সেঞ্চুরির ঠিক ১৮ বছর পর, ২০১৮ সালের ১১ নভেম্বর বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যোগ হয় আরেকটি মাইলফলক। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে শতক তুলে নিয়ে দেশের পক্ষে ৫০তম টেস্ট সেঞ্চুরিটি করেন মুমিনুল হক। এরপর আরও আট বছর পেরিয়ে এবার বাংলাদেশের টেস্ট সেঞ্চুরির সংখ্যা পৌঁছাল তিন অঙ্কে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে লিটন দাসের ব্যাট থেকে এসেছে দেশের শততম টেস্ট সেঞ্চুরি।

নবম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি
টেস্ট ক্রিকেটে নবম দেশ হিসেবে শততম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। ১৬৫তম টেস্টে এসে এই অর্জন ধরা দিয়েছে লিটন দাসের হাত ধরে। ১৯২৮ সালে প্রথম দেশ হিসেবে টেস্টে সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করেছিল ইংল্যান্ড। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাটসি হেনড্রেনের ব্যাট থেকে এসেছিল ইংলিশদের শততম সেঞ্চুরি। সেটি ছিল ইংল্যান্ডের ১৬২তম টেস্ট।

এরপর একে একে এই কীর্তি গড়ে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

তবে সবার আগে শততম সেঞ্চুরি পেলেও সবচেয়ে কম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৯১ টেস্টে শততম সেঞ্চুরি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১২৬ ম্যাচে এই অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে সবচেয়ে বেশি ১৮৩ টেস্ট খেলতে হয়েছে নিউজিল্যান্ডকে। দেশটির শততম সেঞ্চুরিটি এসেছিল কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলির ব্যাট থেকে। বাকি দেশগুলোর মতো বিশেষজ্ঞ ব্যাটসম্যানের কাছ থেকে আসেনি কিউইদের এই মাইলফলক।

বাংলাদেশের সেঞ্চুরির গতি বেড়েছে
বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ৫০টি সেঞ্চুরি পেতে লেগেছিল ১১০টি ম্যাচ। তবে পরের ৫০টি সেঞ্চুরি এসেছে মাত্র ৫৫ ম্যাচে। অর্থাৎ সময়ের সঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের শতক করার হার বেড়েছে।

এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা সর্বোচ্চ ৯টি করে সেঞ্চুরি করেছেন তিনবার। প্রথমবার ২০১৪ সালে, এরপর ২০২৫ সালে এবং সর্বশেষ ২০২৬ সালে। দক্ষিণ আফ্রিকা সফরে আরও একটি সেঞ্চুরি পেলে এক বছরে সর্বোচ্চ শতকের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।

দশকভিত্তিক পরিসংখ্যানেও বাংলাদেশের এই অগ্রগতির চিত্র স্পষ্ট। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬১ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা করেছিলেন ১৫টি সেঞ্চুরি। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৬ ম্যাচে এসেছে ৪২টি শতক। আর ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪৮ ম্যাচে সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩টিতে।

২৯ জন সেঞ্চুরিয়ানের তালিকায় লিটন
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৬৫টি টেস্টে খেলেছেন ১১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২৯ জন ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন। আমিনুল ইসলামকে দিয়ে শুরু হওয়া এই তালিকায় সর্বশেষ সংযোজন লিটন দাস। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের ২৯ জন সেঞ্চুরিয়ানের মধ্যে ১৫ জনেরই রয়েছে একটি করে টেস্ট শতক।

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। ১০৮ ম্যাচে ১৯৮ ইনিংস খেলে তাঁর সেঞ্চুরি ১৪টি। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের শতক ১৩টি, যা এসেছে ৮৩ ম্যাচের ১৫৩ ইনিংসে। ৭০ ম্যাচে ১৩৪ ইনিংস খেলে ১০টি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ৪৮ ম্যাচে ৮৯ ইনিংসে ৯টি শতক নিয়ে তালিকার চতুর্থ স্থানে নাজমুল হোসেন। আর ৬০ ম্যাচে ১০৪ ইনিংসে ৮টি সেঞ্চুরি করেছেন লিটন দাস।

অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার কীর্তি রয়েছে বাংলাদেশের চার ক্রিকেটারের—আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, আবুল হাসান ও জাকির হাসান। ব্যাটিং পজিশনের হিসাবেও রয়েছে উল্লেখযোগ্য তথ্য। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরি এসেছে তিন নম্বরে ব্যাট করতে নামা খেলোয়াড়দের কাছ থেকে। পাঁচ নম্বর ব্যাটসম্যানদের কাছ থেকে এসেছে ১৬টি শতক। তবে ১১ নম্বরে ব্যাট করা কোনো ক্রিকেটার এখনো বাংলাদেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করতে পারেননি।

বিশ্ব টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির হিসাব
সব মিলিয়ে লিটন দাসের শতকটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪ হাজার ৬৫৫তম সেঞ্চুরি। সবচেয়ে বেশি ১ হাজার ১০০টি টেস্ট খেলা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা করেছেন সর্বোচ্চ ৯৪৬টি সেঞ্চুরি। ৯১০টি শতক নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের চেয়ে ২১৩টি টেস্ট কম খেলেও সেঞ্চুরির সংখ্যায় কাছাকাছি রয়েছে দলটি।

ভারতের ব্যাটসম্যানদের সেঞ্চুরি ৫৭৫টি, যা দেশটির অবস্থানকে রেখেছে তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দেশের সেঞ্চুরির সংখ্যা তাদের খেলা টেস্টের সংখ্যাকে ছাড়িয়ে যায়নি। উদাহরণ হিসেবে, ৯১ ম্যাচে শততম সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া ওয়েস্ট ইন্ডিজের মোট সেঞ্চুরি ৫৯৮ টেস্টে ৫১৩টি।

আমিনুল ইসলামের ঐতিহাসিক অভিষেক সেঞ্চুরি থেকে লিটন দাসের শততম শতক—বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই যাত্রা এক দীর্ঘ অগ্রগতির গল্প। প্রথম ৫০টি সেঞ্চুরির পরের ৫০টি তুলনামূলক কম ম্যাচে অর্জন করাই বলে দিচ্ছে, টেস্টে বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য সময়ের সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!