দীর্ঘদিনের অপেক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে থাইল্যান্ডের ব্যাংককে পর্দা উঠেছে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র প্রথম আসরের। ১১টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই সংগীত প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতেছে ফিলিপাইন। অন্যদিকে ব্যতিক্রমী বিটবক্সিং পরিবেশনা দিয়ে আলোচনায় এলেও প্রতিযোগিতা শেষ করতে হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল ‘বিটমোস্ফিয়ার’কে ১১তম স্থানে থেকে।
ব্যাংককের ওয়ান ব্যাংকক অ্যারেনায় অনুষ্ঠিত এই আয়োজনের শুরু থেকেই আলোচনায় ছিলেন ফিলিপাইনের ১৯ বছর বয়সী প্রতিযোগী কারমেল। তাঁর পরিবেশনা শেষ পর্যন্ত বিচারক ও দর্শকদের মন জয় করে নেয়।
প্রথম আসরেই ফিলিপাইনের শিরোপা জয়
নারীর ক্ষমতায়ন নিয়ে গাওয়া ‘সোবরা-সোবরা’ গান এবং আকর্ষণীয় র্যাপ পরিবেশনার মাধ্যমে প্রতিযোগিতায় নজর কাড়েন কারমেল। জুরি বোর্ডের ভোটে ৯৩ এবং দর্শকদের ভোটে ১১৮ পয়েন্ট পান তিনি। সব মিলিয়ে ২১১ পয়েন্ট নিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হন এই তরুণ শিল্পী।
প্রতিযোগিতায় ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে আয়োজক দেশ থাইল্যান্ড। আর ১৬৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ভিয়েতনাম।
বাংলাদেশের হয়ে ব্যতিক্রমী বিটবক্সিং
এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে জনপ্রিয় বিটবক্সিং দল ‘বিটমোস্ফিয়ার’। প্রচলিত বাদ্যযন্ত্র কিংবা মিউজিকের পরিবর্তে কেবল কণ্ঠের সাহায্যে ড্রাম ও বেসলাইনের মতো শব্দ তৈরি করে মঞ্চে পরিবেশনা করে দলটি।
তাদের ব্যতিক্রমী পরিবেশনা দর্শকদের সামনে বাংলাদেশের সংগীতের ভিন্নধর্মী একটি দিক তুলে ধরে। তবে বিচারক ও দর্শকদের ভোট মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩৫ পয়েন্টে। ফলে ১১টি দেশের মধ্যে সবার শেষে থেকে প্রতিযোগিতা শেষ করে দলটি।
তারকাদের পরিবেশনা ও মজার ঘটনা
প্রতিযোগিতার মূল লড়াইয়ের পাশাপাশি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে মঞ্চে পারফর্ম করেন ২০২৬ সালের ইউরোভিশন বিজয়ী বুলগেরিয়ার সংগীতশিল্পী দারা এবং থাইল্যান্ডের জনপ্রিয় তারকা জেফ সাতুর।
তবে জমকালো আয়োজনের মধ্যেও ঘটেছে একটি অপ্রত্যাশিত ঘটনা। কারিগরি ত্রুটির কারণে লাওসের প্রতিযোগী থিনলারের গান ভুলবশত দুবার বাজানো হয়।
আগামী আসর ঘিরে প্রত্যাশা
প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের সংগীত ও পরিবেশনা এক মঞ্চে তুলে ধরা হয়েছে। আয়োজনটি নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগামী বছর থেকে প্রতিযোগিতাটির নাম ‘এশিয়া ভিশন’ করার দাবিও তুলেছেন অনেকে।
প্রথম আসরের মধ্য দিয়ে এশিয়ার সংগীতশিল্পীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন একটি প্রতিযোগিতার মঞ্চ তৈরি হলো। এবার শিরোপা জিতেছে ফিলিপাইন, আর বাংলাদেশের বিটবক্সিং দল বিটমোস্ফিয়ার অভিজ্ঞতা অর্জন করেছে এই নতুন মঞ্চে।
কালের আলো/এসএ/ইএকে
