বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার আপত্তিকর বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। গ্রেপ্তারের ক্ষেত্রে আইননির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত এ সিদ্ধান্ত নেন। একই সঙ্গে অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।
সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা করা হয়। পরে দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের পর তাঁকে দিল্লি থেকে সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে আদালতে।
যেভাবে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে
গত ১৫ নভেম্বর সকাল ১০টা ১১ মিনিটের দিকে দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানা এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিমানে করে তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানায় বান্দ্রা পুলিশ।
তবে দিল্লি থেকে মুম্বাইয়ে আনার আগে অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করা হয়নি কেন, তা জানতে চান ম্যাজিস্ট্রেট। ভারতের আইন অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে কোনো অভিযুক্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে সেই প্রক্রিয়া কেন মানা হয়নি, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ।
গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন আইনজীবীদের
আদালতে আরিয়ানের আইনজীবী আমান শাহী, প্রশান্ত ত্রিবেদী ও আদিত্য জৈন গ্রেপ্তারের বৈধতা নিয়ে আপত্তি জানান। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে পুলিশ বাধ্যতামূলক নোটিশ দেয়নি এবং আটকের কারণও জানায়নি। অভিযোগকারীর প্রভাবশালী অবস্থানের কারণে পুলিশ তাড়াহুড়ো করে তাঁকে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তাঁরা।
আইনজীবীদের ভাষ্য, আরিয়ান কোনো অপরাধ করেননি এবং তাঁর বিরুদ্ধে প্রয়োগ করা আইনি ধারাগুলোও যথাযথ নয়। তবে এসব দাবি নিয়ে আদালতের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
আইনি সুরক্ষা অনুসরণে পুলিশের ব্যর্থতা
গ্রেপ্তারের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) বিধান অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেট। আদালত জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সর্বোচ্চ সাজা সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ধরনের ক্ষেত্রে বিএনএসএসের ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, কাউকে গ্রেপ্তার করা কেন প্রয়োজন, তদন্তকারী কর্মকর্তাকে তার কারণ লিখিতভাবে উল্লেখ করতে হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শুধু তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার করে আটকে রাখা যায় না। এ ক্ষেত্রে আইনে নির্ধারিত সুরক্ষাব্যবস্থা ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। ম্যাজিস্ট্রেট বলেন, ‘আরও তদন্তের প্রয়োজনীয়তা একাই আইননির্ধারিত সুরক্ষাব্যবস্থা অনুসরণ না করে কাউকে গ্রেপ্তার ও আটকে রাখার যৌক্তিকতা হতে পারে না।’
হেফাজতের আবেদন খারিজ, তদন্ত চলবে
গ্রেপ্তারের ক্ষেত্রে একাধিক আইনি ত্রুটি পাওয়ায় পুলিশের তিন দিনের হেফাজতের আবেদন নাকচ করেন আদালত। একই সঙ্গে আরিয়ানকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের এ আদেশের অর্থ মামলা থেকে অভিযুক্তের অব্যাহতি নয়। সোনাক্ষী সিনহার অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
কালের আলো/এসএ/ইএকে
